চাই ক্যালকুলেটর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ উপকরণ ক্যালকুলেটর, বিশেষ করে যারা বাণিজ্য ও বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করে। ঢাকার নীলক্ষেত বইয়ের বাজারে ক্যালকুলেটর কিনতে এসেছেন ঢাকা কলেজের রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সজল। তিনি বলেন, ‘কিছুদিন আগে ক্যালকুলেটর নষ্ট হয়ে গেছে। ক্যালকুলেটর শিক্ষার্থীদের যে কতটা জরুরি, তা নষ্ট হওয়ার পর বুঝতে পেরেছি। নতুন একটি ক্যালকুলেটর কেনা ছাড়া এক দিনও চলা যাচ্ছে না।’রকম ও দরদামবাজার ঘুরে দেখা গেছে, বিভিন্ন কোম্পানি ও মানের ক্যালকুলেটর আছে। ঢাকার স্টেডিয়াম মার্কেটের ক্যালকুলেটর বিক্রেতা রহিম শেখ বলেন, ‘ক্রেতাদের চাহিদা একেক রকম। তাই আমরা ক্রেতাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন দামের ও মানের ক্যালকুলেটর রাখি দোকানে।’ দুই রকম ক্যালকুলেটর পাওয়া যায়। সাধারণ ও সায়েন্টিফিক ক্যালকুলেটর। সাধারণ কাজের জন্য যেমন ছোট অঙ্ক, দোকানের সাধারণ হিসাব ইত্যাদির জন্য সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করা হয়। সায়েন্টিফিক ক্যালকুলেটর বিজ্ঞানের বড় সমস্যা সমাধান করার জন্য ব্যবহার করা হয়। সায়েন্টিফিক ক্যালকুলেটরের মধ্যে ক্যাসিও ব্র্যান্ডের চাহিদা সবচেয়ে বেশি। সায়েন্টিফিক ক্যাসিও ক্যালকুলেটরের দাম ৫০০ থেকে দেড় হাজার টাকার মধ্যে। ক্যাসিও, সিটিজেন, ওমেগা, ওসাকাসহ বিভিন্ন কোম্পানির নানা মডেলের ক্যালকুলেটর বাজারে পাওয়া যায়। বাজার ও মডেলের ওপর ভিত্তির করে দামের ভিন্নতা লক্ষ করা যায় সাধারণ ক্যালকুলেটরের। দাম ৫০ থেকে শুরু করে ৮০০ টাকার মধ্যে।কোথায় পাবেনপ্রায় প্রতিটি মার্কেটেই ক্যালকুলেটর পাওয়া যায়। রাজধানীর নিউমার্কেট, বাংলাবাজার, নীলক্ষেত, চকবাজারসহ সব এলাকায় পাওয়া যায়। এ ছাড়া প্রতিটি শহরে স্কুল-কলেজের সামনে বইয়ের দোকানগুলোতে পাওয়া যায়।মনে রাখুন কেনার সময় দেখেশুনে ভালো মানের ক্যালকুলেটর কিনুন। ক্যালকুলেটরের ডিসপ্লেতে জোরে চাপ দেবেন না। এতে ডিসপ্লে ভেঙে যেতে পারে। ক্যালকুলেটরের ব্যাটারি শেষ হয়ে গেলে যত তাড়াতাড়ি সম্ভব পরিবর্তন করে ফেলতে হবে। শেষ হওয়া ব্যাটারি বেশি দিন ক্যালকুলেটরের মধ্যে থাকলে ব্যাটারি গলে পুরো যন্ত্রই নষ্ট হয়ে যেতে পারে। সায়েন্টিফিক ক্যালকুলেটর সব সময় ঢেকে রাখা উচিত। নইলে ধুলো-বালু ঢুকে ক্যালকুলেটর তাড়াতাড়ি নষ্ট হতে পারে। এ ছাড়া অনেক সময় স্ক্রিনের ওপর দাগ পড়ে যায়। অকারণে ক্যালকুলেটর চালু রাখা ঠিক নয়। কাজ শেষ হলে ক্যালকুলেটর বন্ধ করে রাখা উচিত। ক্যালকুলেটরে টু ওয়ে পাওয়ার থাকে। কিছু কিছু ক্যালকুলেটরে ব্যাটারি শেষ হয়ে গেলে সৌরশক্তিতে তা চলতে পারে। অনেক সময় ক্যালকুলেটর ব্যবহার করার সময় এর বিভিন্ন বোতামে চাপ দিলে অন্য লেখা দেখা যায়। এ রকম হলে ক্যালকুলেটর ব্যবহার করার আগে রিসেট করে নিন। সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা কিছুটা কঠিন। সায়েন্টিফিক ক্যালকুলেটর কেনার সময় একটি নিদের্শিকা দেওয়া হয়। ব্যবহার করতে অসুবিধা হলে নিদের্শিকা দেখে নিতে পারেন। ক্যালকুলেটর কখনো প্যান্টের পেছনের পকেটে রাখবেন না। প্যান্টের পেছনের পকেটে রাখলে চাপ লেগে ফেটে যেতে পারে। অন্য কোনো ধাতব পদার্থের সঙ্গে ক্যালকুলেটর রাখবেন না। ক্যালকুলেটর অনেক দিন ব্যবহার না করলে অনেক সময় চালু হতে কিছুটা সময় নেয়। এ জন্য অনেকেই মেরামতকারীর কাছে নিয়ে যায়। মেরামতকারীর কাছে না নিয়ে কিছু সময় সূর্যের আলোয় রাখলে ভালোভাবে ব্যবহার করা যেতে পারে।