চাই গণতন্ত্রের পূর্ণ বিকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিগত শতাব্দীতে দুই দফায় সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দেশসমূহে পশ্চিমা ধাঁচের গণতান্ত্রিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার উদ্যোগ বর্তমান সময়ের একটি বহুল আলোচিত বিষয়। দীর্ঘকাল ইউরোপীয় ঔপনিবেশিক শক্তির নিগড়ে আবদ্ধ থাকার পর ১৯৪০-এর দশক থেকে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার বহুসংখ্যক দেশ স্বাধীনতা অর্জন করে নিজস্ব সরকারকে ক্ষমতায় অধিষ্ঠিত করে। একইভাবে ১৯৮০-র শেষ ভাগে সোভিয়েত সাম্রাজ্যের পতন ও স্নায়ুযুদ্ধের অবসানের পর সোভিয়েত ইউনিয়নভুক্ত ও পূর্ব ইউরোপের সব দেশে পাশ্চাত্য গণতন্ত্র প্রতিষ্ঠার পক্ষে তাদের অঙ্গীকার ব্যক্ত করে। এই দুটি ঘটনাপ্রবাহ ভিন্ন ভিন্ন সময়ে সংঘটিত হলেও এদের মধ্যে একটি যোগসূত্র লক্ষ করা যায়। সেটা হলো নির্বাচনকে গণতন্ত্রের সর্বোত্তম প্রাতিষ্ঠানিক আধার হিসেবে স্বীকার করা।
নির্বাচনের কলরোলে তৃতীয় বিশ্ব উচ্চকিত হওয়ার আগে রাষ্ট্রীয় ক্ষমতা লাভের অন্যতম পন্থা ছিল সন্ত্রাস। সশস্ত্র সংগ্রাম কিংবা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের অসংখ্য নজির দেখা যাবে ইতিহাসের পাতায় পাতায়। রাজনৈতিক সন্ত্রাস ক্ষমতার লড়াইয়ের একটি দুঃখজনক ও বর্বরোচিত পন্থা। এই পন্থা যেকোনো জাতির জন্য যেমন একটি অভিশাপ, তেমনি সুশাসন প্রতিষ্ঠার পথেও বিরাট বাধা। নির্বাচনের অপরিহার্যতা এখন কট্টর স্বৈরাচারী থেকে শুরু করে উদার গণতন্ত্রী সবার কাছেই একটি সর্বজনস্বীকৃত বাস্তবতা, যা উপেক্ষা করে আন্তর্জাতিক পরিমণ্ডলে বিচরণ সম্ভব নয়। নির্বাচনের জয়গান এখন ধনী-দরিদ্র সব বিশ্বেই উচ্চকিত। তবে তৃতীয় বিশ্বের সিংহভাগ রাজনীতিকই নিজেদের দলীয় স্বার্থে নির্বাচনী গণতন্ত্রকেই পরিণত গণতন্ত্র হিসেবে তুলে ধরার চেষ্টা করে, যদিও নির্বাচনী গণতন্ত্র পরিণত গণতন্ত্রের অনেক উপাদানের মধ্যে অন্যতম প্রধান উপাদান মাত্র। নির্বাচনের মূল উপলক্ষ হচ্ছে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের কাঙ্ক্ষিত সরকার প্রতিষ্ঠা করা, পর্যায়ক্রমে অনুবর্তী কার্যক্রম গ্রহণ করে দেশকে পরিণত গণতন্ত্রের অভীষ্ঠ লক্ষ্যে পৌঁছে দেওয়া।
গণতন্ত্রকামী দেশ তখনই পরিণত গণতন্ত্রের রূপ পরিগ্রহ করবে, যখন অন্যান্য বিষয়ের মধ্যে নিম্নলিখিত উপাদানসমূহ নিশ্চিত হবে:
* নাগরিকদের অধিকার সংরক্ষণের লক্ষ্যে দৃঢ় ভিত্তির ওপর আইনের শাসন প্রতিষ্ঠা।
* একটি দক্ষ নির্বাচনীপ্রক্রিয়া উদ্ভাবন, যা সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে পারে।
* সব পর্যায়ে রাজনৈতিক দলসমূহ যেন তাদের কর্মকাণ্ড পরিচালনা করতে সক্ষম হয়, সে জন্য একটি রাজনৈতিক পরিমণ্ডল সৃষ্টি করা।
* সরকারের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার জন্য রাষ্ট্রের মৌলিক প্রতিষ্ঠানসমূহের উৎকর্ষ বিধান।
* রাজনৈতিক সরকারের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে দায়িত্ববান আমলাতান্ত্রিক ব্যবস্থার প্রবর্তন।
* প্রাতিষ্ঠানিকীকৃত একটি আর্থিক ব্যবস্থার পরিপোষণ।
ওপরে বর্ণিত প্রতিটি উপাদানই বহুবিধ পূর্বশর্তের বেড়াজালে আবদ্ধ এবং এগুলো অর্জনে যুগ যুগ সময় পেরিয়ে যেতে পারে।
ঔপনিবেশিক দেশসমূহের কাছ থেকে ক্ষমতা গ্রহণকালে সদ্য স্বাধীনতাপ্রাপ্ত অনেক দেশই সুশাসন প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, যেমন, বিচারিক আদালত, বেসামরিক প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, শিক্ষাপ্রতিষ্ঠান ও গণমাধ্যম উত্তরাধিকারসূত্রে পায়। এসব প্রতিষ্ঠানকে আরও উন্নত করে সামনে এগিয়ে যাওয়াই ছিল সদ্য স্বাধীনতাপ্রাপ্ত জাতির আকাঙ্ক্ষা। দুর্ভাগ্যক্রমে বহু রাজনৈতিক নেতা এটা অনুধাবন করতে চাইলেন না যে গণতন্ত্র বিকাশের জন্য নির্বাচনের পাশাপাশি প্রয়োজন শক্তিশালী প্রতিষ্ঠানের উন্নয়ন। একটি সক্ষম বিরোধী দলের কার্যকর ভূমিকা রাখার সুযোগ প্রদান ও গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় বিষয়ে সমঝোতায় উপনীত হওয়ার মানসিকতা একান্ত প্রয়োজন। সে পথে না গিয়ে নির্বাচনী গণতন্ত্রকে তারা তাদের ক্ষমতা কুক্ষিগত করার হাতিয়ার হিসেবে ব্যবহারে তৎপর হলো। এসব প্রতিষ্ঠানের শক্তি বৃদ্ধি নয়, বরং এগুলোকে অধিকারে রাখার জন্য কৌশলে প্রভাবিত করা এবং নগ্ন দলীয়করণের মাধ্যমে এদের নিরঙ্কুশ আনুগত্য অর্জনই প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর অভিন্ন লক্ষ্যে পরিণত হয়। ফলে তৃতীয় বিশ্বের এসব দেশে নির্বাচন হয় ঠিকই, কিন্তু গণতন্ত্রের দেখা পাওয়া যায় না।
রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহ দলীয়করণের পাশাপাশি ক্ষমতা দীর্ঘায়িত করার আরেকটি কৌশল হিসেবে রাজনৈতিক দলসমূহ ক্ষমতাসীন থাকাকালীন একটি কায়েমি স্বার্থবাদী মহল সৃষ্টি করে। রাষ্ট্রীয় সম্পদ দলীয় লোকদের মধ্যে কোনো বিধিবিধানের তোয়াক্কা না করে বণ্টন করা হয়, যারা অন্ধের মতো দলীয় সরকার কোনো দৃশ্যমান কৃতিত্ব অর্জনে ব্যর্থ হলেও প্রতি নির্বাচনেই তাদের অনুকূলেই ভোট দেয়। এমন পরিস্থিতিতে ভালো কাজ করে জনগণের হৃদয় জয় করে নির্বাচনী বৈতরণী পার হওয়ার কোনো উদ্বেগ কিংবা আকাঙ্ক্ষা কোনো দলেরই থাকে না।
দীর্ঘ সময় ধরে লালিত নানা অনাচার ও অপসংস্কৃতিতে অভ্যস্ত কোনো সরকার সত্যিকারভাবে কোনো ভালো কাজ করতে চাইলেও তা করার ঝুঁকি কম নয়। দীর্ঘকাল যাবৎ ভালো কাজ না করেও ক্ষমতা ধরে রাখার কলাকৌশলে অভ্যস্ত দলের পক্ষে সহসাই পথ পরিবর্তন সহজ নয়। সর্বোচ্চ পর্যায়ে এমন সিদ্ধান্ত হলেও দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা অনুগত বাহিনী তাদের সুবিধা হারানোর ভয়ে এমন উদ্যোগে সমর্থন নাও দিতে পারে। তা ছাড়া রাষ্ট্র পরিচালনায় প্রভাবশালী বিভিন্ন প্রতিষ্ঠানের কাঠামোগত জটিলতার কারণে দ্রুত পরিবর্তন সম্ভব নয়।
কয়েক যুগ ধরে রাজনীতিতে সৃষ্ট অপসংস্কৃতির কারণে যোগ্যতা, সততা ও দক্ষতা সংসদের প্রার্থী বাছাইয়ের প্রধান মানদণ্ড হিসেবে প্রতিষ্ঠিত হতে ব্যর্থ হয়েছে। নির্বাচনে জয়ী দল সব রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা কুক্ষিগত করার ফলে পরাজিত দলের অনুগামীদের নিম্নতম পর্যায় পর্যন্ত রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হতে হয়। গণতন্ত্রকে নির্বাচনী গণতন্ত্রের মধ্যে সীমাবদ্ধ করে বিজয়ী দলকে অপরিমেয় ক্ষমতা প্রয়োগের অধিকারই নিশ্চিত করা হয়েছে। এই সীমাহীন ক্ষমতার অপব্যবহার করে কোনো কোনো দেশে বিরোধী দলকে সম্পূর্ণ নিষ্ক্রিয় ও পর্যায়ক্রমে নিশ্চিহ্ন করারও চেষ্টা চালানো হয়। এই পরিস্থিতিতে ভালো কাজ করে নির্বাচনে জয়ের আশা যেমন ভ্রান্তিপূর্ণ, তেমনি সৎ ও যোগ্য প্রার্থীদের মনোনয়ন দিয়ে কাঙ্ক্ষিত ফল অর্জনও সম্ভব নয়। নির্বাচনে জয়ের জন্য সৎ ও যোগ্য প্রার্থী নয়; বিত্তবান ও সন্ত্রাসী লোকের প্রয়োজন, যারা সন্ত্রাসের আশ্রয় নিয়ে নির্বাচনী বৈতরণি পার হতে পারে। এমতাবস্থায় সৎ ও যোগ্য প্রার্থীরা নির্বাচনী প্রক্রিয়া থেকে সরে দাঁড়ান।
তৃতীয় বিশ্বের অনেক দেশেই ক্ষমতা দখলের লড়াই এখন আর নিয়মতান্ত্রিক শুদ্ধাচার অনুযায়ী অনুষ্ঠিত হয় না। এমনকি ভোটে কারচুপি করেও নয়। ছবিসহ ভোটার তালিকা, ভোটার আইডি কার্ড, ইলেকট্রনিক ভোটিং, নির্বাচনের কাজের মনিটরিং ইত্যাদি প্রযুক্তির ব্যবহার ভোটকেন্দ্রে অতীতের মতো অনাচার ও দুষ্কর্মে লিপ্ত হওয়ার সুযোগ অনেকটাই সীমিত করে দিয়েছে। বর্তমান সময়ে নির্বাচনে যেকোনোভাবে জয়ের অন্যতম প্রধান পন্থা হিসেবে বহু যুগের পরীক্ষিত সন্ত্রাস নবরূপে আবির্ভূত হয়েছে। আগে এটির প্রয়োগে কোনো রাখঢাক ছিল না। প্রকাশ্যে সন্ত্রাসের আশ্রয় নিয়ে ক্ষমতা দখল স্বাভাবিক ব্যাপার ছিল। গণতন্ত্রে সন্ত্রাসের কোনো স্থান নেই এবং সন্ত্রাসকে উপজীব্য করে নির্বাচনে বিজয় দেশে ও বিদেশে গ্রহণযোগ্য হয় না বিধায় এখন অত্যন্ত সূক্ষ্মভাবে ও সুপরিকল্পিত উপায়ে এটি কার্যকর করা হয়। এটা করা হয় দুই পর্যায়ে। প্রথমত, দুর্বল জনগোষ্ঠীকে ভোটদান থেকে বিরত রাখার জন্য নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করা হয়। ক্ষমতাসীন দল এই কাজে লিপ্ত হলে প্রশাসনযন্ত্রও এদের ভীতি দূর করে সাহস জোগানোতে কোনো ভূমিকা রাখতে পারে না। দ্বিতীয়ত, সামগ্রিকভাবে নির্বাচনের আগে নানা ধরনের বিচ্ছিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে এমন একটা ভীতিকর পরিবেশ সৃষ্টি করা হয় যে সাধারণ নাগরিকেরা, বিশেষ করে মহিলা, সংখ্যালঘু সম্প্রদায় ও দরিদ্র জনগোষ্ঠীর ভোটাররা আর ভোট প্রদানে সাহসী হন না। তৃতীয় বিশ্বের এসব দেশে নির্বাচনে অংশগ্রহণের অন্যতম প্রধান শর্ত হলো, নির্বাচন-পূর্ব, নির্বাচনকালীন ও নির্বাচন-পরবর্তী সময়ের শারীরিক, গোষ্ঠীগত, সামাজিক ও আর্থিক নিরাপত্তার নিশ্চয়তা।
লন্ডন থেকে প্রকাশিত সাময়িকী দি ইকোনমিস্ট-এর ইকোনমিক ইনটেলিজেন্স ইউনিট প্রতি দুই বছর অন্তর গণতন্ত্রের বৈশ্বিক সূচক বা গ্লোবাল ইনডেক্স অব ডেমোক্রেসি প্রকাশ করে। বিশ্বের ১৬৫টি স্বাধীন দেশ ও দুটি বিশেষ অঞ্চলে গণতন্ত্রের অবস্থান সম্পর্কে পাঁচটি মানদণ্ডের ভিত্তিতে তাও বিশ্লেষণ করে তাদের অভিমত ব্যক্ত করে। ২০১২ সালে প্রকাশিত তাদের সর্বশেষ প্রতিবেদন থেকে প্রতীয়মান হয় যে মাত্র ১৫ শতাংশ দেশ পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে; অর্ধেক দেশে কোনো না কোনো ধরনের গণতন্ত্রে চর্চা বিদ্যমান আর বাকি এক-তৃতীয়াংশ দেশ স্বৈরাচারের অধীনে পরিচালিত হচ্ছে। তবে গণতন্ত্রের অগ্রযাত্রা সাম্প্রতিক কালে কিছুটা মন্থরগতি হলেও অদূর ভবিষ্যতে এর গতিময়তা সম্পর্কে রিপোর্টে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
বাংলাদেশে দশম জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক পর্যায়ে একটা বিরাট অচলাবস্থার সৃষ্টি হয়েছে। ওই নির্বাচনের সূত্রে গঠিত সরকার দেশ পরিচালনা করছে এবং দেশের অর্থনীতিও এগিয়ে যাচ্ছে। নির্বাচন-পূর্ব সহিংসতা অবসানের পর দেশে শান্তি ফিরে এসেছে এবং জনসাধারণ স্বাভাবিক জীবন নির্বাহ করতে সক্ষম হয়েছে। কিন্তু এত সবের পরও রাজনৈতিক সমস্যার সন্তোষজনক সমাধান হয়নি। দেশে গণতন্ত্রের পূর্ণ বিকাশের লক্ষ্যে এ কাজটি আর উপেক্ষা করা সংগত হবে না।
নির্বাচনী গণতন্ত্র যদি পরিণত গণতন্ত্রে উত্তরণের প্রথম সোপান হয়, তবে এর সাফল্যের সবচেয়ে বড় দাবি হবে সব দলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। সব দল অংশগ্রহণ করলে দেশের রাজনীতি সচল হয় এবং বিভিন্ন দলের মনিটরিং যথার্থ হলে নির্বাচন অধিকতর সুষ্ঠু ও সুন্দর হয়। নির্বাচন বর্জনের রাজনীতি কারও জন্য মঙ্গলকর হয় না। এ ধরনের বর্জন পর্যালোচনা করে দেখা গেছে যে যারা নির্বাচন বর্জন করে, শেষমেশ তারাই ক্ষতিগ্রস্ত হয়। বর্জন করে নয়, নির্বাচনে অংশগ্রহণ করে পরাজিত হলেও কোনো বড় দলই শূন্য হাতে ফিরে আসে না। যে কয়জন প্রার্থী জয়যুক্ত হন, তাঁরাই সরকারের ওপর ভবিষ্যতে চাপ সৃষ্টির জন্য কার্যকর ভূমিকা রাখতে পারেন। বর্জন করে সরকারকে সম্পূর্ণ চাপমুক্ত রেখে শুধু তাদের ইচ্ছামতো কাজ করারই সুযোগ করে দেওয়া হয়। এতে গণতন্ত্রের অন্তর্নিহিত শক্তির বিকাশ বাধাগ্রস্ত হয়।
বাংলাদেশে গণতন্ত্র বিকাশের পথে আরেকটি বাধা বিরোধী দলের অব্যাহত সংসদের অধিবেশন বর্জন। রাজনৈতিক নেতাদের এ কথা বিস্মৃত হওয়া সংগত নয় যে দেশ বিভিন্ন আইনের বিধান অনুযায়ী পরিচালিত হয়। অনেক আইন আছে, যেগুলো নির্বাচন ও সংসদ-সংশ্লিষ্ট। এসব আইন প্রণয়ন কিংবা সংশোধনকালে সব দলের উপস্থিতি বাঞ্ছনীয়। আইন প্রণয়নের বিভিন্ন পর্যায়ে তারা তাদের মতামত রেখে এগোলো যথাযথ করার পদক্ষেপ গ্রহণ করতে পারে। যারাই বিরোধী দলে থাকে, তাদের একটা বাঁধা অভিযোগ: সংখ্যাগরিষ্ঠতার জোরে সরকারি দল সব পাস করিয়ে নেয়। তাদের কথা বলারই সুযোগ দেওয়া হয় না, হলেও তাদের কথা আমলে নেওয়া হয় না। বিভাজিত রাজনীতির কারণে বড় দুই দলই তাদের অবস্থানে অনড় থাকে। তাদের এই আপসহীন মানসিকতা পরিত্যাগ করে সমঝোতার রাজনীতিতে আস্থা তৈরি করতে হবে।
প্রতিষ্ঠানের উচ্চতর পদে নিয়োগদান অতীব গুরুত্বপূর্ণ। বিরোধী দলের সংসদ বর্জনের ফলে এসব আইন কিংবা বিধিবিধান প্রণয়ন কিংবা সংশোধনকালে এগুলো একতরফাভাবে সরকারি দল কর্তৃক প্রণীত হয়। পরে এসবের মধ্যে অনেক দুর্বলতা ও পরস্পরবিরোধিতা তুলে ধরলেও তার কোনো প্রতিকার হয় না। একইভাবে গুরুত্বপূর্ণ সাংবিধানিক কিংবা বিধিবদ্ধ সংস্থায় নিয়োগকালে এসব প্রার্থীর অতীত রেকর্ড জনসমক্ষে আলোচিত হয় না। ফলে অনেক সময়ই বিভিন্ন দলের কট্টর সমর্থক এসব পদে সমাসীন হন। নির্বাচনে পরাজিত হওয়ার পর ওসব দল দলীয়করণের প্রশ্ন তুলে নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে। অথচ এর আগে ওসব ব্যক্তি কর্তৃক কৃত বিভিন্ন প্রোগ্রামে তাঁরা অংশগ্রহণ করেন এবং তাঁদের সম্পর্কে কোনো আপত্তি উত্থাপন করেন না। গুরুত্বপূর্ণ পদে নিয়োগের ক্ষেত্রে তখনই গণতন্ত্রের স্বার্থ রক্ষা করা হবে, যখন নিয়োগ বিবেচনার আগে কিংবা অব্যবহিত পরে তাঁদের সম্পর্কে কোনো আপত্তি থাকলে তা তথ্যের ভিত্তিতে তুলে ধরা হবে এবং প্রয়োজনে একটা আন্দোলন গড়ে তোলা হবে। ভারতে একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে একজন আইএএস (ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস) কর্মকর্তার নিয়োগের পর তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে আপত্তি করলে মনমোহন সিং সরকার তাঁর নিয়োগ বাতিলে বাধ্য হয়। আমাদের দেশে বর্তমানে এ সমস্যা প্রকট আকার ধারণ করেছে এবং তা অঙ্কুরেই বিনাশ করা বাঞ্ছনীয়।
এই ক্ষুদ্র পরিসরে আমি রাজনীতিতে সংলাপের গুরুত্বের কথা তুলে ধরে আমার বক্তব্য শেষ করতে চাই। সেই ব্রিটিশ আমল থেকে শুরু করে বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামের আগ পর্যন্ত সংলাপই সব সময় জটিল রাজনৈতিক সমস্যা সমাধানের সবচেয়ে উত্তম পন্থা হিসেবে বিবেচিত হয়েছে: রাজনৈতিক সংগ্রাম নয়। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এই যুক্তির যথার্থতা নিয়ে কারও দ্বিমত থাকার কথা নয়।
ড. এ টি এম শামসুল হুদা: সাবেক প্রধান নির্বাচন কমিশনার