চাই ঝকঝকে রান্নাঘর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুস্বাস্থ্য নিশ্চিত করে নিরাপদ খাবার। খাবারের নিরাপত্তা নিশ্চিত করে একটি পরিষ্কার, জীবাণুমুক্ত রসুই বা রান্নাঘর। তাই রান্নাঘর পরিষ্কার রাখার কথা মাথায় রাখতে হবে প্রতিদিন। এ জন্য রান্নাঘরের প্রতিটি অংশ আলাদা করে পরিষ্কার করা চাই। কীভাবে, তা-ই জানালেন গার্হস্থ্য অর্থনীতি কলেজের গৃহায়ণ ও গৃহব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক রিনাত ফৌজিয়া ও রন্ধনশিল্পী ফাতিমা আজিজ।চুলারান্নাঘরের মূল কাজ হয় চুলায়, তাই চুলায় ময়লা হয় সবচেয়ে বেশি। আমাদের দেশে এখন চুলা বলতে গ্যাসের চুলাই বোঝে সবাই। প্রায়ই দেখা যায়, চুলায় তেল, ডাল, ভাতের মাড় পড়ে। এ কারণে চুলার চারপাশ চিটচিটে হয়ে থাকে। এই তেল-চিটচিটে ভাবই রান্নাঘরে তেলাপোকা হওয়ার প্রধান কারণ। আবার দেখা যায়, গ্যাসের আগুন ঘন নীল হওয়ার বদলে হলদে বা লালচে হয়ে জ্বলছে। গ্যাসের সঙ্গে অন্য কোনো বর্জ্য পদার্থ মিশলে এ রকম হয়। এমন হলেই গ্যাসের আগুনে কালি হয়, দেয়ালে ও সিলিংয়ে ঝুল জমে। এর আরেকটি কারণ হলো রান্না থেকে উৎপন্ন ধোঁয়া ও বাষ্প। তাই আগুনের রং পরিবর্তন হলেই চুলা পরিষ্কার করা চাই। সরু তার দিয়ে গ্যাসের চুলার গোল ঝাঁজরিটি পরিষ্কার করে নিতে হবে। গরম পানিতে সেদ্ধ করে নিলেও পরিষ্কার হয়। ধোঁয়া ও বাষ্প এড়াতে কিচেন হুড ব্যবহার করুন। নিদেনপক্ষে এগজস্ট ফ্যান লাগিয়ে নিন। আর প্রতিদিন রান্না শেষ করে চুলা সাবান-পানি দিয়ে মুছে রাখুন।চিমনিধোঁয়া, বাষ্প ও রান্নার গন্ধ বের করে দিতে চিমনি ব্যবহার করা হয়। কিচেন হুড মূলত চিমনিরই একটি অংশ। সরাসরি চিমনি পরিষ্কার করতে না পারলেও কিচেন হুড পরিষ্কার করতে পারেন। কিচেন হুড দুই রকম হয়—ফিল্টারসহ ও ফিল্টার ছাড়া। ফিল্টার পরিষ্কার করতে বিশেষজ্ঞের সাহায্য নিন। আর বাইরের অংশ প্রতিদিন সাবান-পানি দিয়ে মুছে নিন।দেয়াল ও মেঝেতেল-মসলার ছিটে পড়ে প্রায়ই আমাদের দেয়ালে দাগ পড়ে। দেয়ালে কিছু পরিবর্তন আনতে পারলে এ সমস্যার অনেকটাই সমাধান সম্ভব। রান্নাঘরের দেয়ালে সিনথেটিক পেইন্ট ব্যবহার করুন। কারণ, তেল ছোপ পড়লে সাবান-পানিতেই মুছে ফেলা যাবে, দেয়ালেরও ক্ষতি হবে না। অথবা রাঁধুনির উচ্চতার সমান টাইলস লাগিয়ে নিন। সে ক্ষেত্রে মনে রাখবেন, মেঝের ও দেয়ালের টাইলস কিন্তু এক না। দেয়ালের জন্য চকচকে ও মসৃণ টাইলস ব্যবহার করুন আর মেঝের জন্য ম্যাট। মেঝেতে বসে কাটাবাছা করার কারণে দাগ হয়। এ জন্য প্রতিদিন সাবান-পানি দিয়ে মেঝে মুছতে হবে। সিংকছোট দেয়ালে ঘেরা পুরোনো ধাঁচের সিংকের পাশাপাশি আজকাল আধুনিক স্টেইনলেস স্টিলের সিংক ব্যবহার করা হচ্ছে। সিংক যেমনই হোক, সমস্যা একটাই—পানি পড়ে দাগ হওয়া ও উচ্ছিষ্ট জমে গন্ধ হওয়া। প্লেট, হাঁড়ি-পাতিল ধোয়ার আগে অবশ্যই উচ্ছিষ্টকণাসহ পরিষ্কার করে নেবেন। তাতে ধোয়ার সময় সুবিধা পাবেন আপনিই। সিংকের দাগ তুলতে কিছুক্ষণ টুথপেস্ট মাখিয়ে রাখতে পারেন। দাগনাশক পাউডার ও লিকুইড ক্লিনার দিয়ে সপ্তাহে দুবার সিংক পরিষ্কার করলে সিংকে দাগ হবে না। দুর্গন্ধও দূরে থাকবে।পোকামাকড় থেকে বাঁচতেরান্নাঘরে যেহেতু খাবারদাবার নিয়েই কারবার, সেহেতু পিঁপড়া, মাছি ইত্যাদির উপদ্রব হবেই। পোকামাকড় থেকে বাঁচতে যাঁরা রাসায়নিক উপকরণ ব্যবহার করতে চান না, তাঁরা কিছু প্রাকৃতিক উপায় ব্যবহার করতে পারেন। চিনির কৌটায় লবঙ্গ রাখলে পিঁপড়া আসে না। আবার দারচিনি গুঁড়া করে ছড়িয়ে রাখলেও পিঁপড়া টিকতে পারে না। অন্যদিকে, মাছি পুদিনাপাতা, তুলসীপাতার গন্ধ সহ্য করতে পারে না। তাই যে স্থানে মাছি আসে, সেখানে কিছু পুদিনা বা তুলসীপাতা ছড়িয়ে রাখতে পারেন। অথবা রান্নাঘরেই টবে গাছ দুটি লাগিয়ে রাখুন। সৌন্দর্য বাড়বে, পোকামাকড়ও তাড়াবে।সতর্কতাপ্রতিদিনের কাটাবাছা শেষে ধারালো যন্ত্রপাতি যেমন—দা, বঁটি, ছুরি ধুয়ে-মুছে বন্ধ কোনো কাবার্ড বা দেরাজে রেখে দিতে হবে। কাঁটাচামচ, ছুরি যেখানে-সেখানে ফেলে না রেখে চামচদানিতে গুছিয়ে রাখতে হবে। সপ্তাহে অন্তত একদিন দেয়াল ও সিলিংয়ের ঝুল পরিষ্কার করতে হবে। ফ্রিজে খাবার খোলা না রেখে প্লাস্টিকের আবরণে ঢেকে রাখার অভ্যাস করুন। ফ্রিজে গন্ধ হলে খাবারও গন্ধ হয়। খোলা একটি পাত্রে খাবার সোডা বা ভিনেগার বা এক টুকরা লেবু ফ্রিজে রেখে দিলে এই গন্ধ দূর করা সম্ভব।