চাই নতুন গয়নাও

কড়া নাড়ছে ঈদ। পছন্দের পোশাক আর জুতা তো হলো এবার গয়না। পোশাকের সঙ্গে মানানসই গয়নাও চাই। তাই ভিড় এখন গয়নার দোকানগুলোয়।
হীরার দাম সাধারণের নাগালের বাইরে। কিন্তু তাতে কী! ডায়মন্ড কাটের পাথরের গয়না দিয়ে নিজেকে সাজাতে চাইছেন অনেকে। সোনার বিকল্প তামা বা রুপার ওপর গোল্ডপ্লেটেড গয়নাও অনেক দিন ধরে জনপ্রিয়। এ ছাড়া চলছে মুক্তা, পুঁতি, বাঁশ-বেতের গয়নাও।
নগরের কয়েকটি বিপণিবিতান ঘুরে দেখা গেল, ক্রেতারা এবার বেশি ঝুঁকেছেন ডায়মন্ড কাটের গয়নার দিকে। ছোট ছোট সাদা পাথর দিয়ে নানা নকশায় করা গয়নাগুলো নজর কাড়ছে ক্রেতাদের। কানের দুলের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে এবার ব্লুটুথের আদলে নকশা করা দুল। এ ছাড়া কাটতি রয়েছে কোরিয়ান দুলের। অনেক তরুণীই চুড়ির বদলে বেছে নিচ্ছেন ব্রেসলেট। ভালো বিক্রি হচ্ছে আংটি ও পায়েল। কুন্দন বা জয়পুরী মাঝারি ঝুমকাও অনেকে কিনছেন। সালোয়ার-কামিজের সঙ্গে এসব গয়না বেশি চলছে বলে জানালেন জিইসি মোড় সেন্ট্রাল প্লাজার গয়নার দোকার অফেলিয়ার ইনচার্জ মো. বেলাল।
শাড়ির সঙ্গে নেকলেস সেট বেশি বিক্রি হচ্ছে বলে জানালেন বিক্রেতারা। সাধ্য ও রুচি অনুযায়ী ক্রেতারা তামা ও রুপার ওপর গোল্ড প্লেটেড, সিটি গোল্ড, কুন্দন, পলকি, মুক্তা, ডায়মন্ড কাটের নেকলেস সেট কিনছেন। মোটা বালার চেয়ে এবার ঢেউখেলানো নকশার ‘ড্যান্সিং’ চুড়ি বেশি বিক্রি হচ্ছে। জনপ্রিয় গয়নার ব্র্যান্ড মুম্বাই ফ্যাশনের ইনচার্জ শামীম খান জানালেন, ঈদে পরার জন্য অনেকে টিকলি, ঝাপটা, বাজুবন্ধের মতো গয়নাগুলোও কিনছেন।
ট্রেন্ডের বাইরে এখনো পুরোনো ধাঁচের গয়না যাদের পছন্দ তাঁদের প্রধান ভরসা তামা বা মেটাল। দেশীদশে গয়নার খোঁজে আসা চাকরিজীবী আফরিন সুলতানা জানান, তামার গয়না শাড়ি ও সালোয়ার-কামিজ দুই ধরনের পোশাকের সঙ্গেই মানিয়ে যায়।
পাশ্চাত্য ঢঙের পোশাকের সঙ্গে বেশি চলছে পুঁতি, বাঁশ, বেত বা প্লাস্টিকের গয়না। কানের দুলের পাশাপাশি লম্বা এক লহরের পুঁতির মালাও কিনছেন অনেকে।
দরদাম: বিপণিবিতান ভেদে কোরিয়ান দুল বিক্রি হচ্ছে ২৫০ থেকে ১২০০ টাকার মধ্যে, ডায়মন্ড কাটের ব্লুটুথ নকশার কানের দুল পাওয়া যাচ্ছে ২৫০ থেকে ৭৮০ টাকায়, ছোট টপ ২০০-২৫০, কুন্দনের ঝুমকা ৪৫০-৫৫০, জয়পুরী ঝুমকা ৩৫০-৪০০, ব্র্যাসলেট ৩৯০-১২০০ টাকার মধ্যে। ডায়মন্ড কাটের এক জোড়া চুড়ি বিক্রি হচ্ছে নকশাভেদে ৫০০ থেকে ১২০০ টাকার মধ্যে। পায়েলের দাম পড়ছে ১৫০ থেকে ৫ হাজার। তামার ওপর গোল্ড প্লেটেড নেকলেস সেটের দাম শুরু হচ্ছে ৮০০ থেকে। ডায়মন্ড কাটের নেকলেস সেট বিক্রি হচ্ছে ১৫০০ থেকে ৬ হাজার টাকার মধ্যে।