চাই পেশাদারি মনোভাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৩ ফেব্রুয়ারি প্রথম আলোর চট্টগ্রাম কার্যালয়ে ‘চট্টগ্রামের প্রকাশনাশিল্প’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নেন চট্টগ্রামের প্রকাশক, পুস্তক বিক্রেতা, লেখক, সাহিত্যিকসহ বিশিষ্টজনেরা। তাঁদের বক্তব্য এখানে সংক্ষিপ্ত আকারে ছাপা হলোযাঁরা অংশ নিলেনসৈয়দ মোহাম্মদ শফি প্রকাশক, বইঘরঅধ্যাপক মনিরুজ্জামান লেখক, গবেষকঅধ্যাপক আবুল মনসুর শিল্পসমালোচকশিশির দত্ত কবি, সংস্কৃতিকর্মীরাশেদ রউফ প্রকাশনা উপদেষ্টা, শৈলীজামাল উদ্দীন প্রকাশক, বলাকাখালিদ আহসান কবি ও প্রচ্ছদশিল্পীআনোয়ারা আলম লেখিকাদীপঙ্কর দাশ প্রকাশক ও পুস্তক ব্যবসায়ীসঞ্চালকআবুল মোমেন: আবাসিক সম্পাদক, প্রথম আলোবিশ্বজিৎ চৌধুরী: সহযোগীসম্পাদক, প্রথম আলোআবুল মোমেন: আজকের গোলটেবিল বৈঠকে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথম আলো চট্টগ্রামে ছাপা হওয়ার পর থেকেই আমরা চেষ্টা করছি এখানকার জনগুরুত্বপূর্ণ ও জাতীয়ভাবে তাৎপর্যবহ নানা বিষয় তুলে ধরতে। এটা ভাষা আন্দোলনের মাস, বইমেলার মাস। এবারের গোলটেবিল বৈঠকে তাই চট্টগ্রামের প্রকশনাশিল্পকে বিষয় হিসেবে বেছে নিয়েছি আমরা। স্বাধীনতার পূর্ববর্তী সময়ে এখানকার প্রকাশনাশিল্প ছিল গর্ব করার মতো। চট্টগ্রাম একসময় প্রকাশনায় সারা দেশে নেতৃত্ব দিয়েছে। দেশের বাইরের লেখকেরাও এখান থেকে বই প্রকাশ করেছেন। কিন্তু স্বাধীনতা পরবর্তী সময়ে ধীরে ধীরে চট্টগ্রাম সেই অবস্থান হারাতে থাকে। এখন চট্টগ্রামের প্রকাশনাশিল্পের খুব দুর্দিন। ভালো বই কম প্রকাশিত হচ্ছে। বিপণন নেই বললেই চলে। এমন সংকট কেন হলো—সেই প্রশ্নের উত্তর খোঁজার পাশাপাশি আমরা একটা সমাধানও বের করার চেষ্টা করব। এখানে সৈয়দ মোহাম্মদ শফি আছেন। তাঁর বইঘর একসময় বাংলাদেশে প্রকাশনাশিল্পে নেতৃত্ব দিয়েছে। দেশের বাইরেও আলোচিত হয়েছে বইঘরের বই। আমি তাঁর কাছে জানতে চাইব ষাটের দশকে যখন তিনি শুরু করেছিলেন তখন কেমন ছিল চট্টগ্রামের প্রকাশনার অবস্থা। সৈয়দ মোহাম্মদ শফি: বইঘর থেকে অনেক নামী লেখকের বই বেরিয়েছে। আবুল ফজল, অসীম রায়, সৈয়দ আলী আহসান, সৈয়দ মুজতবা আলী, শহীদ কাদরী, সুচরিত চৌধুরী, শামসুর রাহমান, আল মাহমুদ, এখলাসউদ্দিন, এঁদের বই আমরা প্রকাশ করেছি। তখন এমন অবস্থা ছিল, লাভের কথা না ভেবে নিজের পয়সা খরচ করে বই বের করেছি। তখন কাগজের দাম ছিল বেশি, ছাপা হতো নিজের প্রেস থেকে। এভাবে কিছুটা সাশ্রয় হতো। পাকিস্তানআমলে বহু বাধা-বিপত্তির মধ্য দিয়ে কাজ করেছি। স্বাধীনতাসংগ্রামে চট্টগ্রাম—পূর্ণেন্দু দস্তিদারের এ বইটার কথাই ধরা যাক। এই বই করতে গিয়ে সরকারের দিক থেকে বহু সমস্যায় পড়তে হয়েছে। সুকান্তসমগ্র, বঙ্কিমসমগ্র, শামসুর রাহমানের স্মৃতির শহর, ঝিঙেতলায় ফিঙে নাচে, নজরুল, সুকান্ত, লেনিন এঁদের জীবনীও বের হয়েছে বইঘর থেকে। আবুল মোমেন: দেখা যাচ্ছে, আপনি প্রকাশনার মানের সঙ্গে কোনো আপস করেননি। প্রশ্ন হলো এরপরও কী আপনার ব্যবসা দাঁড়িয়েছে?সৈয়দ মোহাম্মদ শফি: না, মানের ক্ষেত্রে কোনো আপস আমরা করিনি। ব্যবসা হিসেবেও এটা দাঁড়ায়নি। আমি শুধু চেয়েছি আমার খরচটা উঠে আসুক। আমাদের একটা সম্পাদনা পর্ষদ ছিল। এঁরা বই বাছাই করতেন। এরপর আমি পাণ্ডুলিপি দেখতাম।বিশ্বজিৎ চৌধুরী: আমরা সৈয়দ মোহাম্মদ শফির কাছ থেকে বইঘরের অভিজ্ঞতার কথা শুনলাম। তিনি কলকাতা, ঢাকা ও চট্টগ্রামের লেখকদের বাছাই করা বই প্রকাশ করেছেন। মানের সঙ্গে আপস করেননি। আমি শৈলী প্রকাশনের রাশেদ রউফের কাছে জানতে চাইব তারা কীভাবে এ অভিজ্ঞতা কাজে লাগিয়েছেন? রাশেদ রউফ: আমরা ১৯৯৫ সালে প্রকাশনার জগতে পা রেখেছি। বইঘরের প্রকাশনার মান আমাদের কাছে আদর্শ ছিল। এটা মাথায় রেখে, সেই ধারাবাহিকতা বজায় রাখতে চেয়েছি আমরা। কিন্তু আরেকটি বিষয়ের ওপর আমরা জোর দিয়েছি তা হলো চট্টগ্রামের লেখকদের বই প্রকাশ করা। এখানে এমন অনেক লেখক ছিলেন যাঁদের বই ঢাকার প্রকাশনা সংস্থাগুলো বের করেনি। আমরা চেয়েছি, এই লেখকদের তুলে ধরতে। চট্টগ্রামের বহু লেখক ২৫-৩০ বছর লেখালেখি করেছেন কিন্তু তাঁদের কোনো প্রকাশিত বই ছিল না। আমাদের লক্ষ্য ছিল এঁদের বই বের করা। এটা একধরনের সেবা। বাণিজ্যের দিকটা যদি বিবেচনা করি তবে সে ক্ষেত্রে আগেও সাফল্য আসেনি এবং আগামী ২০ বছরেও সাফল্য আসবে কি না সন্দেহ। কারণ চট্টগ্রামের বইয়ের বাজারটা খুব ছোট। বইয়ের দোকানের সংখ্যাও হাতেগোনা। বইঘর, নিউজফ্রন্ট, উজালা বন্ধ হয়ে গেছে। কথাকলি চলছে ঢিমেতালে। কারেন্ট বুক সেন্টারও সেভাবে চলছে না। আন্দরকিল্লা কেন্দ্রিক পাঠ্যবইয়ের বাজারটা কেবল টিকে আছে। এই বাজারকে ভিত্তি করে এগিয়ে যাওয়াটা অসম্ভব। যাঁরা প্রকাশনাশিল্পে কাজ করতে এসেছেন তাঁদের মাথায় রাখতে হবে এটা এখনো একধরনের সেবা। চট্টগ্রামে অবস্থানরত লেখকদের এ সেবা দিচ্ছি আমরা। বইঘর বাংলাভাষার লেখকদের পৃষ্ঠপোষকতা করেছে। আমরা চট্টগ্রামের লেখকদের এ পৃষ্ঠপোষকতা দিচ্ছি। এখানে বাণিজ্যটা মুখ্য নয়। ঢাকার প্রকাশকেরা যে সুযোগ সুবিধা পাচ্ছেন তা আমরা পাচ্ছি না। সে কারণে বাণিজ্যিকভাবে আমরা সফল হতে পারছি না।বিশ্বজিৎ চৌধুরী: একসময় কবি শিশির দত্ত সম্পাদক প্রকাশনী নামে একটা প্রকাশনা সংস্থা করেছিলেন। খুব স্বল্পকাল স্থায়ী ছিল প্রতিষ্ঠানটি। বইঘর অনেক বাছাই করে সুসম্পাদিত মানসম্পন্ন বই বের করেছে। অন্যদিকে চট্টগ্রামের এখনকার প্রকাশনা সংস্থাগুলো তেমন মান রক্ষা করছে না। কিন্তু শিশিরদা তাঁর প্রকাশনা সংস্থা থেকে চট্টগ্রামের বাছাই করা দুজন কবি আবুল মোমেন ও স্বপন দত্তের বই প্রকাশ করলেন, পাশাপাশি ঢাকার আসাদ চৌধুরী ও নির্মলেন্দু গুণের বইও প্রকাশ করেন। এতে আসাদ চৌধুরী ও নির্মলেন্দু গুণের সঙ্গে চট্টগ্রামের লেখকেরাও এককাতারে দাঁড়ালেন। যোগ্যতার সঙ্গেই দাঁড়ালেন। শিশিরদার কাছ থেকে আমরা এই অভিজ্ঞতা শুনব। শিশির দত্ত: আসলে আমাদের মধ্যে একটা ক্ষোভ ছিল। আমরা যখন তরুণ তখন আমাদের সবচেয়ে বড় পুঁজি ছিল ক্ষোভ। রাষ্ট্রের বিরুদ্ধে, অপশাসনের বিরুদ্ধে আমাদের ক্ষোভ ছিল। আমাদের কোনো স্বীকৃতি ছিল না। চট্টগ্রামে আমরা যারা লেখালেখি করতাম তারা জাতীয়ভাবে স্বীকৃতি পাইনি। এটাও আমাদের ক্ষুব্ধ করে তুলেছিল। তখনকার সংবাদপত্রগুলো চট্টগ্রামকে একটা গুরুত্বহীন জায়গা বলে ভাবত। আমাদের মনে হতো চট্টগ্রামের অনেক সাহিত্যিক জাতীয় পর্যায়ে অবহেলিত। আবুল মোমেন অচিরা সাহিত্য আন্দোলন এবং স্বপন দত্ত স্পার্ক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁরা আমাদের উদ্দীপ্ত করতেন। তাই আমরা চেয়েছি তাঁদের তুলে ধরতে। ঢাকার সঙ্গে বিভাজন কমিয়ে আনতে চেষ্টা করেছি। স্বনির্বাচিত নামে একটি প্রকাশনা এখান থেকে বেরিয়েছিল ১৯৮২ সালে, যেটি দেশের সেরা ১০টি প্রকাশনার একটি হয়েছিল। আমাদের তখন প্রচণ্ড একটা অনুপ্রেরণার জায়গা ছিল। সন্ধ্যায় একবার বইঘর কিংবা নিউজফ্রন্টে না গেলে দিনটাই ব্যর্থ মনে হতো। বইয়ের মুদ্রণ, প্রচ্ছদ, অলঙ্করণ বিমোহিত করে রাখত আমাদের। প্রতিদিনই নতুন নতুন বই আসত তখন। এসব প্রকাশনার সৌন্দর্যে বিভোর ছিলাম আমরা। বইঘরের বইগুলোর একটা বিশেষ টাইপ ছিল। মনো বা লাইনো টাইপ বলা হতো তাকে। সেই টাইপে কবিতা বা কোনো বই ছাপা হতে দেখা আমাদের কাছে পরম আনন্দের বিষয় ছিল। এসব আবেগ অনুভূতি আমাদের সাহায্য করেছে প্রকাশনায় এগিয়ে আসতে। আমরা অবশ্য শেষপর্যন্ত টিকে থাকতে পারিনি। পারিনি এ কারণে যে আমাদের বিপণনব্যবস্থা খুব খারাপ ছিল। আমার এখনো মনে আছে, চেম্বার প্রেস থেকে মোমেন ভাইয়ের চার ভুবনের চারণ বইটির এক হাজার কপি ছাপা হয়েছিল। স্বপন দত্তের বইও আমরা এক হাজার কপি ছেপেছি। অথচ তখন কবিতার বই পাঁচ শ কপির বেশি বের হতো না। আমরা করতাম সাহস করে। অনেকের কাছে সাহায্য পেয়েছি। আমাদের বইও অনেক বিক্রি হয়েছে। কিন্তু বিক্রির অর্থ আমরা ফেরত পাইনি। বিপণনব্যবস্থা গড়ে না ওঠায় এমনটি হয়েছে। আমরা বিভিন্ন জায়গায় বই পাঠিয়েছি কিন্তু টাকা ফেরত পাইনি। এখানে কোনো ধরনের পেশাদারিত্ব গড়ে ওঠেনি। যার ফলে আমাদের থেমে যেতে হয়েছে। বিশ্বজিৎ চৌধুরী: দীপঙ্করের কাছে জানতে চাইব বিপণনের সমস্যা কোথায়?দীপঙ্কর দাশ: এ ক্ষেত্রে নেতৃত্বের সমস্যা আছে। মোহাম্মদ শফির মতো আরেকজন মানুষ তৈরি হয়নি যিনি চট্টগ্রামের প্রকাশনাকে এগিয়ে নিয়ে যেতে পারতেন। তবে একটা সম্ভাবনার কথাও বলব। চট্টগ্রামের বইয়ের বাজারটা আসলে ছোট নয়। বইয়ের দোকানের বাইরেও ফুটপাতে প্রচুর বই বিক্রি হয়। সব মিলিয়ে এটা প্রায় এক শ কোটি টাকার বইয়ের বাজার। এর মধ্যে শিক্ষাসংক্রান্ত বইগুলোকে ধরতে হবে। আন্দরকিল্লার একেকটি দোকানেই প্রায় দৈনিক ৫০ হাজার টাকার বই বিক্রি হয়। কিন্তু সমস্যা হলো নগরের বহু এলাকায় কোনো বইয়ের দোকান নেই। আগ্রাবাদ কিংবা হালিশহর এলাকা থেকে এসে বই সংগ্রহ করা কঠিন হয়ে দাঁড়ায়। আমার মনে হয়, এ ক্ষেত্রে উদ্যোক্তার অভাব আছে। তা ছাড়া পাঠকবান্ধব পরিবেশ নেই বইয়ের দোকানগুলোতে। বইয়ের দোকানে পাঠকের বই দেখার স্বাধীনতা চাই। আমরা আরও বড় পরিসরে যেতে পারিনি আর্থিক সীমাবদ্ধতার কারণে। আমরা চাই পাঠক সারাদিন বসে বই পড়বে, বইয়ের দোকানকে এমন হতে হবে। এতে বই বিক্রি বাড়বে। আবুল মোমেন: এই এক শ কোটি টাকার বাজারের মধ্যে দেশি বইয়ের বাজার কতটুকু?দীপঙ্কর দাশ: এর প্রায় অর্ধেকই দেশি বইয়ের বাজার। প্রায় ৫০ কোটি টাকার বাংলাদেশি বই বিক্রি হয় চট্টগ্রাম থেকে।আবুল মোমেন: প্রকাশকদের অভিযোগ আছে খুচরা বিক্রেতাদের কাছে থেকে টাকা পাওয়া যায় না। দীপঙ্কর দাশ: আমার মনে হয় ফেরত না পাওয়ার ঘটনা একবার ঘটতে পারে। একবার যে প্রকাশক টাকা ফেরত পাবেন না তিনি দ্বিতীয়বার বই পাঠাবেন না। বারবারই এমন ঘটনা ঘটবে না। আবুল মোমেন: বলাকার প্রকাশক জামাল উদ্দিনের কাছে জানতে চাইব, আপনারা ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে দাঁড়াতে পারছেন কি না।জামাল উদ্দিন: এটাকে মূলত সেবাই বলা যায়। আমরা ব্যবসায়িকভাবে সফল হচ্ছি না বিপণনের দুর্বলতার কারণে। দেশের বিভিন্ন জেলার বিভিন্ন বইয়ের দোকানে আমরা বই পাঠাই, এসব বইয়ের ৮০ ভাগই বিক্রি হয়। কিন্তু হিসাব মিলিয়ে বই বিক্রির টাকা সংগ্রহ করতে গিয়ে বিড়ম্বনায় পড়তে হয়। টাকা তুলে আনতে যা খরচ হয় তাতে লাভ থাকে না। এভাবে ব্যবসা করা খুব কঠিন। রাশেদ রউফ: দীপঙ্কর আমাদের সবারই প্রিয়জন। তার বাতিঘর একটি জনপ্রিয় বইয়ের দোকান। কিন্তু সেখানে গেলে দেখা যাবে চট্টগ্রামের খুব কম বইই প্রদর্শনের জন্য রাখা আছে। এটা ঠিক যে প্রদর্শনের সঙ্গে পাঠকের চাহিদার বিষয়টি জড়িত। তবু আমি অনুরোধ করব চট্টগ্রামের ১০টি বইও যদি আলাদা করে প্রদর্শন করা যায় তবে আমরা লাভবান হবো।বিশ্বজিৎ চৌধুরী: কোনো লেখককে ঢাকা, চট্টগ্রাম বা খুলনার লেখক হিসেবে আলাদা করে বিচার করাটা ভুল। তাঁর লেখার মুদ্রণযোগ্যতাই বড় কথা। লেখায় সারবস্তু থাকলে, বইটি সুসম্পাদিত হলে পাঠক পড়বেই। এ প্রসঙ্গে আমি অধ্যাপক আবুল মনসুরকে কিছু বলতে বলব। আবুল মনসুর: পেশাদারিত্বের দিক থেকে বিবেচনা করলে বাংলাদেশে কোনো প্রকাশকই নেই। এ দেশে সরকারি কিছু প্রতিষ্ঠান আছে। বাংলা একাডেমী, শিশু একাডেমী এরা সরকার থেকে অর্থ পায় এবং সে অর্থ দিয়ে বই প্রকাশ করে। তাদেরও কোনো বিপণনব্যবস্থা নেই। ঢাকায় নিজস্ব জায়গা ছাড়া তাদের বই আর কোথাও পাওয়া যাবে না। ঢাকার অন্যান্য দু-একটা বেসরকারি প্রকাশক ছাড়া বাকি প্রকাশকেরা পেশাদার নন। তাঁরা লেখকের কাছ থেকে টাকা নিয়ে বই প্রকাশ করেন। এটা তো কোনো পেশাদারি মনোভাব হতে পারে না। একটা ভালো প্রকাশনা প্রতিষ্ঠানের সম্পাদক থাকে। সেই সম্পাদকের কাজ হলো বই বাছাই করা, নির্বাচন করা, সংশোধন পরিমার্জন করা। এর পাশাপাশি লেখককেও তাঁর প্রাপ্য সম্মানী দিয়ে থাকেন পেশাদার প্রকাশকেরা। আমাদের এখানে এটা কখনোই গড়ে ওঠেনি। বইঘর যেটা করেছে তাকে একধরনের আত্মত্যাগই বলা যায়। এটা কোনো পেশাদারিত্ব নয়। পেশাদার প্রকাশকদের উদ্যোক্তা হিসেবে এগিয়ে আসাটা জরুরি। পাশাপাশি বিপণনব্যবস্থাও গড়ে তুলতে হবে। এ ছাড়া এখানকার বইয়ের মান নিয়েও প্রশ্ন তুলতে হবে। ঢাকার সঙ্গেও যদি তুলনা করি তবে দেখা যাবে চট্টগ্রামের বই অনেক পিছিয়ে আছে। কলকাতা থেকে এখন অনেক ভালো মানের বই বের হচ্ছে। সেদিক থেকে চট্টগ্রাম বহু পেছনে। ঢাকাও কলকাতার মানে পৌঁছায়নি। এ ব্যবসা লাভজনক পর্যায়ে না পৌঁছালে টিকিয়ে রাখা সম্ভব নয়। আর সে জন্য পেশাদারি মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে। বিশ্বজিৎ চৌধুরী: চট্টগ্রামে প্রকাশনার একটি উল্লেখযোগ্য দিক ছিল ছোটকাগজ। একসময় স্পার্ক, পদাতিক, মুক্তধারা, প্রাচীর-এর মতো ছোটকাগজ বের হতো। তখন মুদ্রণব্যবস্থা সহজ ছিল না। তারপরও বিপুলসংখ্যক ছোটকাগজ বেরিয়েছে। বেশ কিছু পত্রিকা পুরস্কৃতও হয়েছে। এখানে উপস্থিত আছেন খালিদ আহসান তিনি চোখ নামের একটি সংকলন প্রকাশ করে সুধীজনের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। ছোটকাগজ সম্পর্কে তাঁর কাছে জানতে চাইব।খালিদ আহসান: এটা ঠিক তখন বহু ছোটকাগজকে অনেক প্রতিকূলতার মধ্যে কাজ করতে হয়েছে। আজকের মতো কম্পিউটার, ইন্টারনেট ছিল না তখন। কেবল লেখা সংগ্রহ নয় ছাপার কাজটাও যথেষ্ট শ্রমসাধ্য ছিল। কিন্তু মুদ্রণ সৌকর্যের দিক থেকে অনেক এগিয়ে ছিল তখনকার কাগজগুলো। এখন ছোটকাগজ বের করতে এতটা প্রতিকূলতার মুখোমুখি হতে হয় না। সেন্সর নেই, চোখরাঙানি নেই, মুদ্রণের কাজটাও অতটা শ্রমসাধ্য নয়। তবে যে সংখ্যায় ছোটকাগজ বের হচ্ছে এখন সবই মানসম্পন্ন বলা যাবে না। এখনকার অনেক ছোটকাগজ আঞ্চলিক গণ্ডি আর রাখছে না। দেশের তরুণদের মধ্যে যোগাযোগও বেড়েছে। ফলে তারা একসঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছে। এদের প্রত্যেকেরই নিজেদের পৃথক সাহিত্যিক ধ্যান-ধারণা আছে। তাই আমার মনে হয়, আগেও ভালো কাজ হয়েছে, এখনো হচ্ছে। সম্প্রতি বেশ কয়েকটি পত্রিকা চোখে পড়ল যেগুলোর ছাপা ও লেখার মান ভালো। কয়েক সপ্তাহের ব্যবধানে চট্টগ্রাম থেকে বের হয়েছে ঘুড়ি, দ্রোহ, চরাচর নামের কয়েকটি ছোটকাগজ। এ ছোটকাগজগুলো বেশ সিরিয়াস। লেখার মানও খুব ভালো। এখন ব্লগেও অনেকে লিখছেন। ছোটকাগজগুলো প্রযুক্তির সুযোগ কাজে লাগিয়ে ই-পত্রিকা করছে, ইন্টারনেট সংস্করণ প্রকাশ করছে। বিশ্বজিৎ চৌধুরী: আগে পত্রিকা প্রকাশের ক্ষেত্রে বিধিনিষেধও ছিল। রাজনৈতিক সংগঠনগুলোও পত্রিকা প্রকাশে এগিয়ে এসেছে। আবুল মনসুর: প্রসঙ্গ নামে আমরা একটা প্রবন্ধ-পত্রিকা বের করতাম। পত্রিকাটি বন্ধ হয়ে গেছে বহু বছর। কিন্তু এখনো পশ্চিমবঙ্গ এবং দেশের কোনো কোনো জায়গা থেকে চিঠি আসে। পাঠকেরা জানতে চান পত্রিকাটি বের হবে কি না।বিশ্বজিৎ চৌধুরী: ছোটকাগজের সঙ্গে আবুল মোমেনও জড়িত ছিলেন। তাঁকে কিছু বলার জন্য অনুরোধ করব। আবুল মোমেন: একসময় প্রাচী, সীমান্তের মতো ছোটকাগজ বেরিয়েছে চট্টগ্রাম থেকে। এসব ছোটকাগজে অন্নদাশংকর রায়সহ পশ্চিমবঙ্গের বহু লেখকই লিখেছেন। তখন চট্টগ্রামের সঙ্গে কলকাতার যোগাযোগ ছিল খুব ভালো। কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ধীরে ধীরে দেশটি এক শহরকেন্দ্রিক রাষ্ট্রে পরিণত হলো। চট্টগ্রাম হয়ে পড়ল পিছিয়ে পড়া একটি মফস্বল শহর। সব সুযোগ কেন্দ্রীভূত হলো ঢাকায়। চাইলেও ঢাকার বাইরে থেকে কেউ ভালো কিছু করতে পারছেন না। ছোটখাটো মফস্বল শহরে পাঁচ হাজার টাকার বিজ্ঞাপন জোগাড় করাও কঠিন। বিশ্বজিৎ চৌধুরী: এবার অধ্যাপক মনিরুজ্জামানের কাছে জানতে চাইব ছোটকাগজ বা সাময়িকীর মান কীভাবে বাড়ানো যায়?মনিরুজ্জামান: ঢাকা এবং চট্টগ্রাম থেকে প্রকাশিত ছোটকাগজগুলোর ক্ষেত্রে আমি একটা জোয়ার-ভাটা লক্ষ করেছি। আমি দেখেছি ঢাকায় যখন ছোটকাগজের জোয়ার এসেছে চট্টগ্রামে তখন তেমন জোয়ার ছিল না। আবার চট্টগ্রাম থেকে যখন প্রচুর ছোটকাগজ বেরিয়েছে ঢাকা থেকে তখন ততটা বের হয়নি। এটা আমার বিশেষ পর্যবেক্ষণ। এ কারণে ছোটকাগজ নিয়ে আমার গবেষণা গ্রন্থে চট্টগ্রামের ছোটকাগজ সম্পর্কে একটা আলাদা অধ্যায় রেখেছি। আমার মনে হয়, তরুণেরা ঠিক ক্ষোভ থেকে লেখে না বা ছোটকাগজের সঙ্গে জড়িত হয় না। তাদের বরং একটা বলবার কথা থাকে। তাদের মধ্যে নতুন চিন্তা থাকে। এই চিন্তা কারও সঙ্গে মেলে না। অগ্রবর্তী সাহিত্যিকদের সঙ্গে সেই চিন্তা-ভাবনা মেলাবার বা ভাগ করার কোনো চেষ্টাও তারা করে না। তবে এটাও তারা বোঝে যে যৌক্তিকভাবে উপস্থাপন করতে না পারলে এই ভাবনা বা চিন্তা টিকবে না। ফলে তারা ছোটকাগজ প্রকাশে উৎসাহিত হন। ইদানীং অনেকেই ইন্টারনেটে লিখছেন। নিজেরাই লেখা কম্পোজ করছেন, মুদ্রণের আনুষঙ্গিক কাজগুলো করছেন। অনেকে এখন ই-ম্যাগাজিনের দিকে যাচ্ছেন। ছাপা পত্রিকার বিকল্প হিসেবে ইন্টারনেটে পত্রিকা প্রকাশ করছেন। ফলে আঞ্চলিক ও জাতীয় গণ্ডি পার হয়ে ছোটকাগজ আন্তর্জাতিক হয়ে উঠছে। পৌঁছে যাচ্ছে বহু পাঠকের কাছে। বিদেশি কিছু সংস্থাও পৃষ্ঠপোষকতায় এগিয়ে এসেছে। একটা অগ্রগতি ছোটকাগজের হয়েছে। আমি বলব সীমান্তের মতো পত্রিকার ধারাবাহিকতা রক্ষা করে ছোটকাগজ এখন অনেক দূর পৌঁছেছে। কিন্তু যে জায়গায় ছোটকাগজ গিয়েছে তা আমাদের অচেনা। ছোটকাগজের উত্তরণ নিয়ে তেমন কোনো আলোচনা হয় না। তবু আমি আশাবাদী। ছোটকাগজের আন্দোলনের ফলে বাংলাভাষা একটা আন্তর্জাতিক চেহারা পেয়েছে। বিশ্বজিৎ চৌধুরী: আমি লেখিকা আনোয়ারা আলমের কাছে জানতে চাইব বই প্রকাশের ক্ষেত্রে চট্টগ্রামের লেখকদের কী ধরনের সমস্যায় পড়তে হয়?আনোয়ারা আলম: আমাদের আলোচনার বিষয় চট্টগ্রামের প্রকাশনাশিল্প। এ প্রকাশনাশিল্পের সঙ্গে আসলে জড়িয়ে আছে ভালোবাসা। ভালোবাসা নিয়ে লেখালেখি, ভালোবাসা নিয়েই বই প্রকাশ। এটা আছে বলেই চট্টগ্রামের প্রকাশনাশিল্প টিকে আছে। বইঘর থেকে যখন বই বের হতো তখন কিন্তু বই পড়ার বিকল্প কোনো বিনোদনমাধ্যম ছিল না। তাই শিক্ষিত শ্রেণীর মধ্যে বই পড়ার অভ্যাস ছিল কম বেশি। এখন বই পড়ার সেই চর্চাটা বহুলাংশে হ্রাস পেয়েছে। এ ক্ষেত্রে তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করার বিষয়টা এসে যায়। আমাদের সময়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রশ্ন করা হতো, কার কার বই পড়েছি? এখন শিক্ষকেরা এসব বিষয়ে উদাসীন। দেখা যাচ্ছে এরপরও প্রচারের কারণে বহু লেখকের বই জনপ্রিয় হয়েছে। অবশ্যই তাঁদের লেখায় সে রসদ রয়েছে। কিন্তু প্রচারের বিষয়টি একেবারে উড়িয়ে দেওয়া যাবে না। পাঠকেরা এখনো মেলায় গিয়ে হুমায়ূন আহমেদের বইই খোঁজ করে। কারণ তাঁর বই প্রচার-প্রচারণায় উঠে আসছে। চট্টগ্রামে অনেক সুসাহিত্যিক রয়েছেন। তাঁরা কিন্তু প্রচারে নেই। আবুল ফজল, মাহবুব-উল আলম, সুচরিত চৌধুরী, ময়ুখ চৌধুরী সারা দেশে পরিচিত। পাঠকেরা তাঁদের লেখার মান সম্পর্কে অবহিত। কিন্তু প্রচারে না আসায় তাঁরা পাঠকপ্রিয় হননি। এটা আমাদের ব্যর্থতা। চট্টগ্রামের প্রকাশকেরা এ অঞ্চলের লেখকদের বই প্রকাশে এগিয়ে এসেছেন। কিন্তু তাঁদের প্রকাশিত বই প্রচারে নেই। প্রকাশনা সংস্থা ও গণমাধ্যমের সমন্বয় ছাড়া বই জনপ্রিয় হবে না। বিশ্বজিৎ চৌধুরী: সে ক্ষেত্রে বিজ্ঞাপনের কথা এসে যায়। বহু লেখক বিজ্ঞাপন ও প্রচার-প্রচারণার মাধ্যমে পাঠকের চোখে পড়েছেন। কিন্তু সমস্যা কেবল তা নয়। চট্টগ্রামের প্রকাশনা সংস্থাগুলো ভালো লেখকের বই কেন প্রকাশ করতে পারছে না? কেবল বিজ্ঞাপনের জোরে টিকে থাকা সম্ভব নয়। এ ক্ষেত্রে সমস্যাটা কোথায়?জামাল উদ্দিন: সমস্যা হলো সব সুযোগ-সুবিধা ঢাকায় কেন্দ্রীভূত। প্রযুক্তি, অর্থ—সব কিছু ঢাকাকেন্দ্রিক। ভালো লেখকেরাও ঢাকামুখী। চট্টগ্রামে থাকলেও ঢাকার প্রকাশনা সংস্থা থেকে তাঁরা বই বের করতে চান। কারণটাও সংগত। তাঁদের বিপণনব্যবস্থা উন্নত। সরকারও প্রচুর বই কেনে। চট্টগ্রামের দুটি প্রকাশনা সংস্থা থেকে জাতীয় গ্রন্থকেন্দ্র বই কেনে ২০-৩০টা আর ঢাকার প্রকাশনা সংস্থা থেকে কেনে পাঁচ শ-ছয় শ। আমাদের কেউ সাহায্য করছে না। রাশেদ রউফ: আমরা আজ গোলটেবিল বৈঠক করছি মানসম্পন্ন বই প্রকাশের বিষয়টা মাথায় রেখে। এখানে আমি ও জামাল উদ্দিন বলাকা এবং শৈলী প্রকাশনীর প্রতিনিধি হিসেবে উপস্থিত আছি। আমরা বাছাই না করে পাণ্ডুলিপি না পড়ে কোনো বই প্রকাশ করিনি। কিন্তু চট্টগ্রামে এমন অনেক প্রকাশনা সংস্থা আছে যারা টাকার বিনিময়ে বই ছাপছে। নীতিমালা না থাকায় বহু আজেবাজে বই ছাপা হচ্ছে। এ ছাড়া এখানে অনেক বইমেলা হয়। কিন্তু কোনোটাই জমে না। কারও সঙ্গে কারও ঐক্য নেই। গোষ্ঠীকেন্দ্রিক বইমেলা না করে আমরা সবাই একটা নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট তারিখে বইমেলার আয়োজন করতে পারি কি না ভেবে দেখতে হবে। আবুল মনসুর: কলকাতা, ফ্রাংফুটে কিংবা বিশ্বের নানা স্থানে বইমেলা হয়। এসব বইমেলার আয়োজক হলেন প্রকাশকেরা। বইমেলাকে কেন্দ্র করে তাঁরা প্রচুর বই প্রকাশ করেন। বই নিয়ে আলোচনা, মতবিনিময় হয়। এসব বইমেলা অনেক গোছানো সুপরিকল্পিত। আমাদের এখানে এমনটা হয় না। মনিরুজ্জামান: বইমেলায় জাতীয় গ্রন্থকেন্দ্র, লাইব্রেরি অব কংগ্রেসকে আমন্ত্রণ জানাতে হবে। সরকারি সংস্থাগুলোকে এসব মেলার সঙ্গে যুক্ত করতে হবে। তারা মেলা থেকে বই কিনলে প্রকাশনাশিল্প উপকৃত হবে।আবুল মোমেন: আরেকটা দিক আলোচনায় আসতে পারে। সেটা হলো এখন অনেক বড় ও জনপ্রিয় লেখকের লেখার কপিরাইটের বাধা আর নেই। যে কেউ চাইলে শেকসপিয়ার, তলস্তয়, গোর্কি, চেখভ, দস্তয়েভস্কিসহ বিদেশের ধ্রুপদি লেখকদের অনুবাদ প্রকাশ করতে পারেন। এঁদের পাঠকপ্রিয়তা রয়েছে। এতে বাজার তৈরি হবে, পাঠক বাড়বে।আবুল মোমেন: আলোচনা শেষ পর্যায়ে এসে পৌঁছেছে সবাই একসঙ্গে কাজ করলে একটা পথ খুঁজে পাওয়া সম্ভব বলে আমাদের বিশ্বাস। কেবল আজকের মতো আমাদের যতি টানতে হচ্ছে। সবাইকে প্রথম আলোর পক্ষ থেকে আবারও ধন্যবাদ। অনুলিখন: আহমেদ মুনির