চাই যুক্তির জোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাম্প্রতিক সময়ের আলোচিত ইস্যু যখন যুদ্ধাপরাধীদের বিচার, তখন এ নিয়ে আলোচনা ও পর্যালোচনা খুবই সংগত। আর সেটা যদি শিক্ষামূলক বিতর্ক হয়, তাহলে তো কথাই নেই। এই বিতর্কের উদ্দেশ্য যুদ্ধাপরাধীর বিচার সম্পর্কে ধারণা লাভ করা। তাই বিতর্কের শিরোনাম, ‘যুদ্ধাপরাধীদের বিচার আন্তর্জাতিক আইন মেনে চলছে’। পক্ষে-বিপক্ষের ছায়া সংসদ। বিতর্কটি বসেছিল ঢাকার বসুন্ধরা সিটির এটিএন বাংলার স্টুডিওতে। সংসদীয় ধারার এই বিতর্কে বিরোধী দলে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। দলের সদস্যরা হলেন রিয়াসাদ আজিম, তফিকুল আলম, ইকবাল হাসান, নাবিলা রিয়াজ ও বিপাশা মতিন। আর সরকারি দলে ছিলেন গ্রিন ইউনিভার্সিটির মিরাজুল ইসলাম, কাজী নাজমুস সাদাত হাবিবী ও আল আমিন।৬ ডিসেম্বর। বিতর্কের এই তুমুল লড়াই তখন জমে উঠেছে; যুক্তির কানাকড়ি ফাঁক রাখতে কেউ রাজি নন। কথার পিঠে কথা লাগিয়ে নানা যুক্তি উপস্থাপন করছিলেন সরকার ও বিরোধী দলের সাংসদেরা। শেষ পর্যন্ত যুক্তির বাণে সরকারি দলকে বিদ্ধ করে বিজয় ছিনিয়ে নিল বিরোধী দল। বেশ উচ্ছ্বসিত এই দলের প্রত্যেক সদস্য। কথা হলো তাঁদের সঙ্গে।‘অনেক কাঠখড় পুড়িয়ে আমাদের এই বিতর্কে জিততে হয়েছে। কারণ, যুদ্ধাপরাধীদের বিচার সময়ের দাবি। এই দাবিতে আমরা তরুণেরা সবাই একমত। কিন্তু বিতর্কে পড়েছিলাম বিরোধী দলে। যেহেতু বিরোধী দলে ছিলাম, তাই মনস্তাত্ত্বিক দিক থেকে এমনিতেই আমরা দুর্বল ছিলাম।’ বলছিলেন দলনেতা রিয়াসাদ আজিম। ‘বিতর্কে আমরা বলেছি, যুদ্ধাপরাধীদের বিচার আমরা চাই। তবে একটি জিনিস খোলাসা করতে চেয়েছিলাম, এ বিচারে যেন কোনো ফাঁকফোকর না থাকে। ধারাবাহিকভাবে এ বিচার চালিয়ে যেতে হবে।’ যুক্ত করলেন ইকবাল হাসান। ‘আমরা সব সময় জোর দিয়ে যুক্তি উপস্থাপন করেছিলাম, যেন আন্তর্জাতিক আইন বেশি করে অনুসরণ করা হয়। আমাদের যুক্তি ছিল এ রকম, এই বিচারের স্বীকৃতি যেন আন্তর্জাতিকভাবে মেলে। ঠিক এই জায়গাতেই সরকারি দল সূক্ষ্ম যুক্তি উপস্থাপন করতে ব্যর্থ হয়। তাই জয় এল আমাদের।’ এভাবেই নিজেদের জয়ের কারণ ব্যাখ্যা করছিলেন তফিকুল আলম।বিজয়ী দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের তফিকুল আলম বাংলায়, রিয়াসাদ আজিম সমাজকর্মে, আর ইকবাল হাসান পড়ছেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে এবং নাবিলা রিয়াজ ও বিপাশা মতিন পড়ছেন মার্কেটিং বিভাগে। পাঁচজনের দলে থেকে মঞ্চে ওঠার সুযোগ হলেও নাবিলা ও বিপাশার অবশ্য সুযোগ হয়নি বিতর্কে অংশ নেওয়ার।ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয়ী দলের বিতার্কিকেরা এ পর্যন্ত জিতেছেন অসংখ্য শিরোপা। তবুও তৃপ্ত নন তাঁরা। বিতর্ককে দেখতে চান আরও উচ্চে। তাঁরা চান, বিতর্ক ছড়িয়ে পড়ুক মফস্বলের স্কুল-কলেজগুলোতেও। তাঁদের কথার প্রতিধ্বনি পাওয়া গেল এ অনুষ্ঠানের মূল আয়োজক ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারপারসন হাসান আহমেদ চৌধুরীর কণ্ঠেও। তিনি বলেন, ‘যুক্তির মাধ্যমেই উচিত সব বিষয় বিবেচনা করা এবং সফল সমাধান খোঁজা। আর বিতর্কই হচ্ছে সেই পথ, যে পথে পাওয়া যায় সফল সমাধান। তাই আমরা বিতর্ককে ছড়িয়ে দিতে চেষ্টা করছি ছোট শহরগুলোতেও।’এবারের বিতর্কে দেশের ৩২টি বিশ্ববিদ্যালয় অংশ নিয়েছে এই আয়োজনে। বছরব্যাপী এই বিতর্ক উৎসব নানা পর্ব পেরিয়ে শেষ হলো ৬ ডিসেম্বর পুরস্কার বিতরণের মাধ্যমে। উল্লেখ্য, ফাইনাল বিতর্ক অনুষ্ঠানটি প্রচারিত হবে এটিএন বাংলায় ১৪ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায়।