চাই রকমারি ওড়না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কামিজের সঙ্গে তো বটেই, ফতুয়া দিয়ে ওড়না পরার ফ্যাশনও এখন বেশ চলছে। আবার স্লামডগ মিলিয়নিয়ার চলচ্চিত্রে ফিদা পিন্টোকে দেখা গেল জিনস, টি-শার্ট ও ওড়নায়। সব মিলে পোশাকের সঙ্গে মানানসই ওড়না তো কেনা চাই-ই। এর মধ্যেই যাঁদের ঈদের পোশাক তৈরি হয়ে গেছে, তাঁরা জেনে নিন ওড়নার খোঁজ। আবার মনের মতো ওড়না পেয়ে গেলে এর সঙ্গে মিলিয়ে একটি পোশাক তো বানাতেই পারেন।ওড়নাবাহারএই ঈদে দেশের ফ্যাশন হাউসগুলোতে পাওয়া যাবে রকমারি ওড়না। তা ছাড়া ঢাকার গাউছিয়া ও চাঁদনী চকে তো রয়েছেই ওড়নার বাজার। চাঁদনী চকের ওড়না ব্যবসায়ীদের কাছ থেকে জানা গেল, ইদানীং মসলিনের ওড়না বিশেষ করে সাদা ও সোনালি রঙের মসলিন ওড়নাই বেশি চলছে। মসলিনের ওড়নাগুলো সাত-আটটি রঙে পাওয়া যায়। তবে টিস্যু মসলিন এখন অতটা চলছে না। এ ছাড়া দুই বছর ধরে চুনট ওড়না বেশ চলছে। এর মূল্য ১১০ টাকা। এমব্রয়ডারির কাজ করা ও পাড়সহ জর্জেটের ওড়না ভালো চলছে। এর দাম পড়বে ২৫০ টাকা। নাইলনের টানা সুতির ওড়না, বিন্দু ওড়নাও অনেকে কিনছেন। এর দাম ১৫০ টাকা। চিকন ও শিফনের ওড়নার চল গতবারের তুলনায় কমই দেখা গেল। এ ছাড়া খাঁদি ও তাঁত তো সব সময়ের পছন্দের ওড়না। এটি গড়পড়তা বেশ ভালো চলে। এর মূল্য ১২০ থেকে ১৫০ টাকা। অন্যদিকে ঢাকার সপুরা সিল্ক, আনাম র‌্যাংগস প্লাজা, জেনেটিক প্লাজা, আজিজ সুপার মার্কেটেও ওড়নার সংগ্রহ রয়েছে। ফ্যাশন হাউস নগরদোলায় রয়েছে মসলিনের স্ক্রিন প্রিন্টের ওড়না, যার দাম পড়বে ৪৫০ টাকা। আর সুতির ওড়না পড়বে ৩৫০ টাকা। কে-ক্রাফটে রয়েছে খাদির ওড়না, মূল্য ২৩৫ থেকে ২৭০ টাকা। বিভিন্ন শেড ও এক কালারের ওড়নার দাম পড়বে ১৩৫ থেকে ২৭০ টাকার মধ্যে। এখানে মণিপুরি ওড়না ৫০০ টাকা করে পাওয়া যায়। ফ্যাশন হাউস রঙে রয়েছে বাটিকের বিভিন্ন ওড়না। প্রাইডে রয়েছে সুতির বিভিন্ন নকশার ওড়না, যার দাম পড়বে ১৮০ থেকে ৪৫০ টাকা। দেশালে রয়েছে উত্তরীয় ও টাঙ্গাইলের তাঁতের ওড়না, এর দাম ২২০ টাকা। বিভিন্ন শেডের খাদি ওড়নার দাম পড়বে ১৩২ থেকে ১৫৫ টাকা। ফ্যাশন হাউস চরকায় ওড়নার দাম ১৬০ টাকা। পিরানের ফ্যাশন ডিজাইনার হোসনা বানু ছোটনা জানান, তাঁদের রয়েছে টাইডাই, নরসিংদীর খাদি, ব্লক করা বিভিন্ন রঙের ওড়না। এ ছাড়া রয়েছে অ্যান্ডি সুতির ওড়না, যার দাম ৩০০ থেকে ৭০০ টাকা। তিনি আরও বললেন, আজকাল মেয়েরা ফতুয়ার সঙ্গে মিলিয়ে নানা রঙের ব্লক, টাইডাই, অ্যান্ডি সুতির ওড়না পরছেন। এ ছাড়া সাদার মধ্যে সাদা কাজ করা ওড়নাগুলোও অনেকের নজর কেড়েছে। এগুলোর দাম ২০০ থেকে ৪০০ টাকা। উজ্জ্বল রঙের একরঙা ওড়নাগুলোও তরুণীদের পছন্দসই। কেউ কেউ আবার নিজেই ডিজাইন দিয়ে ব্লক কিংবা এমব্রয়ডারি করাচ্ছেন ওড়নায়।