চাই রুটি চাই ঝাল
হালুয়া আর মিষ্টির পর স্বাদবদলে চাই ঝাল কিছু। দেখুন কল্পনা রহমানের দেওয়া এমন কিছু খাবারের রেসিপি। হালুয়াই হোক বা মাংসই হোক, সঙ্গে চাই নানা রকম রুটি। কয়েক রকম রুটির রেসিপি দিয়েছেন শাহানা পারভীন।সরিষার তেলে তেহারিউপকরণ: গরুর মাংস ১ কেজি, পোলাওয়ের চাল ৭৫০ গ্রাম, টক দই আধা কাপ, কাঁচা মরিচ বাটা ১ টেবিল-চামচ, ধনে গুঁড়া আধা চা-চামচ, গোলমরিচ ভেজে গুঁড়া ১ চা-চামচ, দারচিনি-এলাচ-লবঙ্গ ৪টি করে, শাহজিরা ১ চা-চামচ, পেঁয়াজ কুচি আধা কাপ, সরিষার তেল আধা কাপ, সয়াবিন তেল আধা কাপ, আদার রস ২ টেবিল-চামচ, রসুনের রস ১ টেবিল-চামচ, জিরা গুঁড়া আধা চা-চামচ, কাঁচা মরিচ আস্ত ১০-১২টি, লবণ পরিমাণমতো। এলাচ, দারচিনি, জায়ফল, জয়ত্র্রি ও শাহজিরা একসঙ্গে ভেজে গুঁড়া ১ টেবিল-চামচ, কেওড়াজল ২ টেবিল-চামচ। প্রণালি: মাংস ছোট টুকরা করে কেটে নিতে হবে। এবার আদা-রসুনের রস, টক দই, কাঁচা মরিচ বাটা, ধনে-জিরা গুঁড়া ও লবণ দিয়ে মেখে রাখতে হবে আধা ঘণ্টা। প্রেসার কুকারে সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ লাল করে মাংস ও দুই কাপ পানি দিয়ে ঢাকনা বন্ধ করে দিতে হবে। চার-পাঁচটি সিটি দিয়ে নামিয়ে রাখতে হবে। একটু ঠান্ডা হলে ঢাকনা খুলে ভাজা মসলা ও গোলমরিচের গুঁড়া দিয়ে ঢেকে রাখতে হবে। চাল রান্নার ১০ মিনিট আগে ভিজিয়ে রাখতে হবে। হাঁড়িতে সরিষার তেল, এলাচ, দারচিনি ও সরিষার ফোড়ন দিয়ে ভিজানো চাল নাড়তে হবে। চালের পানি শুকালে চালের দেড় গুণ পানি ও লবণ দিতে হবে। পানি সমান হলে রান্না করা মাংস দিয়ে ভালোভাবে চালের সঙ্গে মিশিয়ে তাওয়ার ওপর বসাতে হবে। ১০ মিনিট পর আরেকবার নেড়ে ওপরে কেওড়াজল ও শাহজিরা ছিটিয়ে দিতে হবে। এবার ঢেকে ১৫ মিনিট দমে রেখে পরিবেশন।খাসির শাহি বিরিয়ানিমাংস রান্না—উপকরণ: খাসির মাংস ১ কেজি, তেল ও ঘি পৌনে ১ কাপ, পেঁয়াজ কুচি ১ কাপ, দারচিনি ও এলাচ ৪টি করে, টক দই আধা কাপ, আলুবোখারা ৬-৭টি, বিরিয়ানি মসলা ১ টেবিল-চামচ, কেওড়াজল ২ টেবিল-চামচ, আদা ১ টেবিল-চামচ, রসুন ১ চা-চামচ, পেঁয়াজ বেরেস্তা আধা কাপ, টমেটো সস সিকি কাপ, চিনি ১ চা-চামচ, কাঁচামরিচ আধা কাপ।প্রণালি: পাত্রে তেল ও ঘি দিয়ে ছোট ছোট আলু ও লবণ ভাজতে হবে। সঙ্গে অল্প বেরেস্তা ও সামান্য চিনি দিয়ে নামাতে হবে। বাকি তেলে ১ কাপ পেঁয়াজ কিছুক্ষণ নেড়ে কাঁচা মরিচ দিতে হবে। একটু লাল হয়ে এলে আদা, রসুন, এলাচ, দারচিনি, লবঙ্গ, টক দই ও লবণ দিয়ে কষিয়ে মাংস দিতে হবে। সেদ্ধ করার জন্য প্রয়োজনমতো পানি দিতে হবে। সেদ্ধ হওয়ার কাছাকাছি এলে কেওড়াজল, আলুবোখারা, টমেটো সস, গুঁড়া দুধ ও অল্প পেঁয়াজ বেরেস্তা দিয়ে দমে বসাতে হবে। সেদ্ধ হয়ে পানি শুকালে নামানোর আগে অর্ধেক বিরিয়ানির মসলা ছিটিয়ে দিয়ে ঢেকে নামিয়ে রাখতে হবে।পোলাও রান্না—উপকরণ: পোলাওয়ের চাল ৫০০ গ্রাম, পানি চালের দেড়গুণ, লবণ ১ টেবিল-চামচ, চিনি ১ চা-চামচ, এলাচ, দারচিনি, পেঁয়াজ বেরেস্তা ২ টেবিল-চামচ, গুঁড়া দুধ ৪ টেবিল-চামচ, ঘি আধ কাপ, কিশমিশ, পেস্তা বাদাম ও কাঠ বাদাম আধা কাপ, কেওড়াজল ২ টেবিল-চামচ। প্রণালি: হাঁড়িতে পানি, ঘি, দুধ, দারচিনি, এলাচ, চিনি, পেঁয়াজ বেরেস্তা ২ টেবিল-চামচ ও লবণ দিয়ে চুলায় বসাতে হবে। ফুটে উঠলে চাল ও কেওড়াজল দিয়ে ঢেকে দিতে হবে। পানি সমান হলে দমে বসাতে হবে ১০ মিনিট। ১০ মিনিট পর পোলাওয়ের সঙ্গে রান্না করা মাংস, ভাজা আলু, কিশমিশ, বাদাম, বেরেস্তা, বিরিয়ানির বাকি অর্ধেক গুঁড়া মসলা ও মাওয়া মেশাতে হবে। এবার তাওয়ার ওপর অল্প জ্বালে ২০ মিনিট ঢাকনা বন্ধ করে দমে রাখতে হবে। নামিয়ে আর ১০ মিনিট পর পরিবেশন।বিরিয়ানির মসলা তৈরি—উপকরণ: লবঙ্গ ৪-৫টা, এলাচ ১ টেবিল-চামচ, দারচিনি ১ টেবিল-চামচ, শাহজিরা ১ চা-চামচ, জয়ত্রি ১ চা-চামচ, জায়ফল কম-অর্ধেক, সাদা গোলমরিচ ২ চা-চামচ। উপকরণগুলো হালকা ভেজে গুঁড়া করে নিলেই বিরিয়ানির মসলা হয়ে যাবে।মাখন মুরগিউপকরণ: মুরগির মাংস দেড় কেজি, টক দই সিকি কাপ, টমোটো পিউরি দেড় কাপ, আদা বাটা ১ টেবিল-চামচ, শুকনা মরিচ কুচি ১ টেবিল-চামচ, ধনে-জিরা ও কালো গোলমরিচ একসঙ্গে ভেজে গুঁড়া করা ১ চা-চামচ, মাখন ৫০ গ্রাম, ক্রিম ১ টিন (দুধের সর দিলেও চলবে), লবণ প্রয়োজনমতো, সয়াবিন তেল সিকি কাপ। প্রণালি: মুরগি সিকি কাপ তেলে আদা বাটা, শুকনা মরিচ কুচি ও লবণ দিয়ে হালকা করে ভাজতে হবে। এবার টক দই, টমোটো পিউরি ও ভাজা মসলা দিয়ে রান্না করতে হবে। মসলা ঘন হয়ে এলে দুধের সর বা ক্রিম দিয়ে দমে বসাতে হবে। এবার মাখন অন্য পাত্রে গুলিয়ে মুরগির পাত্রে ঢেলে দিতে হবে। দুই মিনিট পর নামিয়ে পরিবেশন।চালের নরম রুটিউপকরণ: আতপ চালের গুঁড়া ৪ কাপ, ময়দা আধা কাপ, লবণ ১ চিমটি, চিনি ১ চা-চামচ (ইচ্ছা), ঘি ২ টেবিল-চামচ, পানি ৬ কাপ।প্রণালি: সসপ্যানে লবণ ও পানি জ্বাল দিতে হবে। পানিতে বলক উঠলে চালের গুঁড়া দিয়ে জ্বাল কমিয়ে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট দমে রাখতে হবে। এরপর ভালোভাবে নেড়ে চুলা থেকে নামিয়ে কিছুটা গরম অবস্থায় ঘি দিয়ে মাখিয়ে কাই করে নিতে হবে। ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে কিছুক্ষণ। এবার ময়দা দিয়ে বেলে ভাজতে হবে।পেঁয়াজের গ্রেভিতে ভুনা গরু উপকরণ: গরুর মাংস ১ কেজি, হলুদ গুঁড়া আধ চা-চামচ, মরিচ গুঁড়া ২ চা-চামচ, সয়াবিন তেল ১ কাপ, মিক্স বাদাম বাটা ২ টেবিল-চামচ, এলাচ ও দারচিনি ৪টি করে, টক দই ২ টেবিল-চামচ, চিনি ১ টেবিল-চামচ, মেথি গুঁড়া সিকি চা-চামচ, গোলমরিচ গুঁড়া ১ চিমটি, আদা বাটা ১ টেবিল-চামচ, রসুন বাটা ১ চা-চামচ, লবণ পরিমাণমতো, টমেটো ১টা, পেঁয়াজ বেরেস্তা আধা কাপ, জিরা গুঁড়া সিকি চা-চামচ, দুধ ২ কাপ, কাঁচা মরিচ ৭-৮টি, পেঁয়াজ কুচি ১ কাপ।প্রণালি: মাংস ধুয়ে লবণ দিয়ে আধা সেদ্ধ করে রাখতে হবে। একটা টমেটো গরম পানিতে ১ মিনিট ফুটিয়ে তুলে নিতে হবে এবং ওপরের আবরণটা তুলে রাখতে হবে। পাত্রে তেল দিয়ে ১ কাপ পেঁয়াজ দিতে হবে। পেঁয়াজ যখন সেদ্ধ হবে, তখন তেল থেকে তুলে ব্লেন্ড করতে হবে, সঙ্গে টমেটোও ব্লেন্ড করতে হবে। বাকি তেলে এলাচ, দারচিনি ও তেজপাতার ফোড়ন দিয়ে আদা, রসুন, হলুদ, মরিচ, বাদাম বাটা, টক দই, গোলমরিচ ও ব্লেন্ড করা পেঁয়াজ, টমোটো দিয়ে কষাতে হবে অল্প পানিতে। এবার সেদ্ধ মাংস দিয়ে নেড়ে দুধ দিতে হবে। দমে বসাতে হবে। মাংস সেদ্ধ হয়ে গ্রেভি ঘন হয়ে এলে নামানোর আগে ১ চিমটি মেথি ও জিরা গুঁড়া দিয়ে ঢেকে ২ মিনিট চুলায় দমে রেখে নামাতে হবে। রুমালি রুটিউপকরণ: ময়দা ৫০০ গ্রাম, লবণ ১ চিমটি, তেল ২ টেবিল-চামচ, কুসুম গরম পানি পরিমাণমতো।প্রণালি: ময়দা, লবণ ও তেল একসঙ্গে মিশিয়ে কুসুম গরম পানি দিয়ে একটি নরম ডো তৈরি করতে হবে এবং ভালো করে মাখতে হবে। তারপর ৮-১০টি ভাগে ভাগ করতে হবে। রুটির পিঁড়িতে বেলে হাত দিয়ে টেনে রুটি বড় করতে হবে। রুমালি রুটি পাতলা এবং রুমালের মতো বড় হয়। অপেক্ষাকৃত বড় তাওয়া অথবা লোহার কড়াইয়ের উল্টো পিঠে সেকতে হবে।আলু-পরোটাউপকরণ: (ক) ময়দা ২ কাপ, ডিম ১টি, লবণ ১ চিমটি, তেল/ঘি ২ টেবিল-চামচ, কুসুম গরম পানি পরিমাণমতো, তেল ভাজার জন্য।পুরের জন্য: সেদ্ধ আলু ১ কাপ (চটকে নেওয়া), বেরেস্তা ১ টেবিল-চামচ, (শুকনো মরিচ ২টি, জিরা আধা চা-চামচ, এলাচ ১টি, দারচিনি ১ টুকরা) ১ টেবিল-চামচ তেল দিয়ে ভেজে বেটে নিতে হবে। লবণ স্বাদমতো। সব উপকরণ দিয়ে মাখিয়ে আলু ভর্তার মতো গোল গোল করে নিতে হবে।প্রণালি: (ক) উপকরণের তেল ছাড়া বাকি সব উপকরণ দিয়ে মাখিয়ে নরম করে ডো তৈরি করতে হবে। এরপর চার ভাগ করতে হবে। প্রতিটিতে মাঝখানে আলুর পুর দিয়ে ভালো করে মুখ বন্ধ করে বেলে নিতে হবে। এবার তাওয়ায় ২ টেবিল-চামচ তেল দিয়ে দুই পিঠ ভেজে নিতে হবে।লাচ্ছা পরোটাউপকরণ: ময়দা ২ কাপ, ডিম ১টি, লবণ ১ চিমটি, চিনি ১ চা-চামচ, তরল দুধ পরিমাণমতো, ঘি অথবা তেল ভাজার জন্য।প্রণালি: ওপরের সব উপকরণ দিয়ে মাখিয়ে খামির তৈরি করে এক ঘণ্টা ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে। ডো থেকে লেচি কেটে রুটি বেলতে হবে। তারপর রুটির ওপর ঘি/তেল দিয়ে একটু শুকনো ময়দা ছড়িয়ে দিতে হবে। এবার কাগজের পাখার মতো করে ভাঁজ করতে হবে। তারপর একটু টেনে টেনে পেঁচিয়ে গোল করে বেলে ডুবোতেলে চেপে চেপে ভাজতে হবে। লাচ্ছা পরোটা ভাজার সময় প্রতিটি ভাজ আলাদা আলাদা হবে।