চন্দনাইশ পৌরসভায় পুনরায় নির্বাচিত পৌর মেয়র মোহাম্মদ আইয়ুব বলেছেন, ‘গতবার পৌর মেয়র থাকাকালে পৌরসভার রাস্তাঘাট, সেতু, কালভার্টসহ ব্যাপক উন্নয়নের কাজ করায় এবং কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রমের জনপ্রিয়তার কারণে আমি পুনরায় মেয়র নির্বাচিত হয়েছি। পৌরবাসীর প্রতি আমি কৃতজ্ঞ। পৌরবাসী নাগরিকের প্রাপ্ত সব ধরনের সুযোগ-সুবিধা ও সেবা দেওয়ার চেষ্টা চালিয়ে যাব। নির্বাচনের আগে ৯৩ লাখ টাকা বরাদ্দ পেয়েছি। নির্বাচন আসার কারণে বিভিন্ন প্রকল্পের কাজ বন্ধ রাখা হয়েছিল। এখন আবার কাজ শুরু করেছি। আমি এখন কোনো দলেরই নই, পৌরবাসীর একজন মেয়র। চন্দনাইশ পৌরসভাকে একটি প্রথম শ্রেণীর মডেল পৌরসভা হিসেবে উপহার দিতে চাই। এ জন্য কাউন্সিলরসহ দলমত-নির্বিশেষে সবার সহযোগিতা কামনা করি।’ প্রথম আলোর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে মেয়র মোহাম্মদ আইয়ুব জানান, তাঁর সময়ে পৌরসভায় প্রায় ৫০ কোটি টাকার উন্নয়নকাজ সম্পন্ন হয়েছে। এক প্রশ্নের জবাবে মেয়র আইয়ুব জানান, তিনি শিশুদের বিনোদনের জন্য শিশুপার্ক করেছেন। শিগগিরই পৌর বিপণিকেন্দ্র করার কাজে হাত দেবেন। এ ছাড়া চন্দনাইশউপজেলায় গ্রন্থাগার করার জন্য পৌরসভায় জায়গা দেওয়া হবে বলে জানান।