চাই সুযোগ আর অনুপ্রেরণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধুপধাপ হেঁটে এসে আমার পাশে বসতে বসতে বলে, ‘আর বলবেন না আপা, রাস্তায় প্রচণ্ড জ্যাম আর কী গরম!’ তাকিয়ে দেখি ছেলেটি শীতাতপনিয়ন্ত্রিত কক্ষে বসেও ঘামছে। এভাবেই আমাদের কথোপকথনের শুরু। কথা হচ্ছিল শিশু সাংবাদিক জাহিদ ফয়সালের সঙ্গে।গত ১৯ এপ্রিল এ আলাপের শুরুতেই জাহিদ বলে, ‘বাংলাদেশের সংবাদমাধ্যমে শিশুদের সংবাদ পরিবেশন হয় না বললেই চলে। যদিও কিছু পত্রিকা শিশুদের লেখা ছাপায় এবং কিছু ইলেকট্রনিক মিডিয়া বিনোদনমূলক শিশুতোষ অনুষ্ঠান প্রচার করে, তবে তা প্রয়োজনের তুলনায় খুবই নগণ্য। তা ছাড়া সংবাদমাধ্যমে শিশুদের প্রত্যক্ষ অংশগ্রহণের সুযোগও খুব কম।’ এরপর কিছুটা অভিমান আর কিছুটা ক্ষোভ নিয়ে জাহিদ জানায়, পেশাগতজীবনে এসব সমস্যা সমাধানে সে কাজ করবে। এখন তার বয়স ১৬ বছর। তার স্বপ্ন একদিন সে নামকরা অনলাইন সাংবাদিক হবে। শিশুদের নিয়েই তার সব পরিকল্পনা। শিশুদের নিয়ে কাজ করলেও নিজেকে একদিন কোনো একটি অনলাইন পত্রিকার প্রধান বার্তা সম্পাদক হিসেবে দেখতে চায়।জাহিদ বর্তমানে আদমজী ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। ভবিষ্যতে সরকারি যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে পড়াশোনা করতে চায় সে। এখন হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কম-এ শিশু সাংবাদিক হিসেবে কাজ করছে। ওয়েবসাইটটি বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কম ও ইউনিসেফের যৌথ উদ্যোগে পরিচালিত হচ্ছে।জাহিদের সাংবাদিক হওয়ার ইচ্ছেটা হঠাৎ করেই। শুরুতেই তার এ স্বপ্ন ছিল না। জাহিদ বলেন, একেবারে ছোটবেলায় ইচ্ছে ছিল ক্রিকেটার হওয়া। সে জন্য ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময় বিকেএসপিতেও ভর্তি হতে গিয়েছিলাম। কর্তৃপক্ষ বলল এক বছর পর আসতে। তবু পাড়ায় নিয়মিতই খেলতাম। কিন্তু একবার গুরুতর আহত হয়ে মাঠ ছাড়ার পর আর ক্রিকেটার হতে চাইনি বলে মুচকি হাসে জাহিদ। ক্রিকেটার হওয়ার স্বপ্ন বাদ দিয়ে অষ্টম শ্রেণীতে পড়ার সময় শুরু হয় শিশুতোষ কবিতা ও গল্প লেখা। সেগুলো স্থানীয় পত্রিকা সাপ্তাহিক সচিত্র এবং দৈনিক আজকের বাণীতে অনিয়মিতভাবে ছাপা হতে থাকে। এভাবেই তার লেখালেখির প্রতি আগ্রহ জন্মায়। সাংবাদিক হতে চাওয়ার গল্পটা এবার নিজেই শুরু করে জাহিদ। সে জানায়, সাংবাদিকতাকে পেশা হিসেবে নেওয়ার আগ্রহ সৃষ্টি হয় নবম শ্রেণীতে পড়ার সময়। তখন দৈনিক আজকাল-এ ম্যাসলাইন মিডিয়া সেন্টারের (এমএমসি) একটি সংবাদ নজর কাড়ে ছোট্ট জাহিদের। এরপর ইন্টারনেটে খোঁজখবর নিয়ে এমএমসি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ। সেখানে লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে সে সুযোগ পায় ‘শিশু প্রকাশ’ প্রকল্পে শিশু সাংবাদিক হিসেবে কাজ করার। সেখানে সে সাংবাদিকতার প্রাথমিক বিষয়ে প্রশিক্ষণ নেয়। এরপর সে শিশুদের ওপর বিভিন্ন বিষয়ে যেমন খেলাধুলা, শিশুশ্রম, শিশু অধিকার নিয়ে প্রতিবেদন করেছে এমএমসিতে। এভাবেই জাহিদের সাংবাদিকতায় হাতেখড়ি। প্রকল্পটি শেষ হলেও এএমসির বন্ধুরা মিলে গড়ে তুলেছে কিশোর বার্তা ডট কম নামের একটি শিশুতোষ অনলাইন পত্রিকা। এ পত্রিকায় ঢাকায় ১৫ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন জেলায় ২০ জন শিশু প্রতিনিধি কাজ করে। এখানে সংবাদ তৈরি থেকে শুরু করে সব কাজই করে শিশুরা এবং এখানকার সংবাদগুলো শুধু শিশুদের জন্য।বড় সাংবাদিকদের জন্য প্রেসক্লাবসহ নানা সংগঠন থাকলেও শিশু সাংবাদিকদের কোনো সংগঠন না থাকায় জাহিদ ও তার বন্ধুরা মিলে গড়ে তুলেছে বাংলাদেশ শিশু সাংবাদিক সংগঠন। শুরুতে এর আহ্বায়ক থাকলেও এখন জাহিদ এ সংগঠনের সভাপতি। ইচ্ছে আছে এ সংগঠনের মাধ্যমে শিশুদের প্রশিক্ষণ দিয়ে নতুন নতুন সাংবাদিক বানানো। তবে নানা সমস্যার কারণে আপাতত শুধু বিভিন্ন দিবস আয়োজনের মধ্যে সীমাবদ্ধ থাকছে বাংলাদেশ শিশু সাংবাদিক সংগঠনের কার্যক্রম।শিশু সাংবাদিক হিসেবে কাজ করার প্রতিবন্ধকতা সম্পর্কে জাহিদ বলে, ‘খারাপ লাগে যখন বড়রা বা বড় সাংবাদিকেরা শিশু সাংবাদিক বলে আমাদের অবহেলা করে। তারা মনে করে, আমরা ছোটরা কিচ্ছু পারব না।’ বলতে বলতে হাসিমাখা মুখটিতে মলিনতার ছায়া পড়ে। জাহিদ স্বপ্ন দেখে শিশুদের জন্য সংবাদমাধ্যমে গুরুত্বসহকারে শিশুসংবাদ থাকবে। যেগুলো তৈরিও করবে শিশুরা। এতে একদিকে শিশুরা বিভিন্ন বিষয়ে জানতে পারবে, অন্যদিকে তারা সাংবাদিক হওয়ার অনুপ্রেরণা পাবে।