চাইলেই অনেকে পারছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এলেঙ্গা রেস্তোরাঁয় বিদেশি পর্যটকদের আনাগোনা কম নয়। বাংলায় যাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, তাদের আবার ইংরেজিই কি আর হিব্রুই কি! তাই ভিনদেশিদের সঙ্গে আকার-ইঙ্গিতেই কথাবার্তা সেরে নেন সেখানকার ওয়েটাররা। অবস্থা মাঝেমধ্যে এমনই দাঁড়ায়, হোয়াট ইজ দিস শুনলে কাঁচা মরিচই নিয়ে আসেন অনেক ওয়েটার। ব্যতিক্রম নূর-ই-আলম সিদ্দিকীর বেলায়। ইয়েস নো ভেরি গুড জাতীয় ইংরেজি তাঁর মুখে হরহামেশাই শোনা যেত। কিন্তু সেদিন সবাই রীতিমতো হতবাক! এক মিনিট যায়, দুই মিনিট যায়, এমন করে করে পাক্কা ৩০ মিনিট! এ-ও কি সম্ভব! রেস্তোরাঁর বাকিরা নিজেদের কান আর চোখের ওপর বিশ্বাস রাখতে পারেন না। কোনো জাদুমন্ত্র শিখে গেলেন নাকি সিদ্দিকী? অনর্গল না হলেও এক বিদেশির সঙ্গে এতক্ষণ ধরে কী সব বলে যাচ্ছেন তিনি? সবার মনে একই প্রশ্ন। প্রশ্নের সমাধান ২৬ বছর বয়সী ওয়েটার সিদ্দিকীর কাছেই, ‘ইংরেজি শেখার ইচ্ছে আগে থেকেই ছিল। কিন্তু আদার ব্যাপারি হয়ে জাহাজের খোঁজ নিই কীভাবে? সমাধান মিলে গেল বিবিসি জানালার মাধ্যমে। সেখানকার লেসনগুলো মনোযোগ দিয়ে শিখতে শুরু করলাম। একসময় আবিষ্কার করলাম, ইংরেজিটা মোটামুটি দখলে আনতে পেরেছি। আত্মবিশ্বাস তখন তুঙ্গে। এলেঙ্গা রেস্তোরাঁয় কোনো ওয়েটারই বিদেশিদের সঙ্গে ইংরেজিতে কথা বলতে পারেন না। কিন্তু আমি পারলাম। একদিন এক বিদেশি আমার মুখে ইংরেজি শুনে ভীষণ অবাক। বাংলাদেশ সম্পর্কে জানতে চাইলেন। প্রায় ৩০ মিনিট ধরে নিজের কথাগুলো খুব সহজভাবে বললাম তাঁকে। সেই থেকে শুরু। এখন আমার রেস্তোরাঁর কর্মকর্তারাও আমাকে যথেষ্ট উৎসাহ দেন। প্রমোশনও মিলেছে একটা।’এমন অনেক গল্পই জমা হচ্ছে প্রতিদিন। ২০০৯ থেকে বিবিসি জানালার কার্যক্রম শুরু হয়েছিল। ‘কর্মক্ষেত্রে ইংরেজি’ নামের একটি লেসনের মাধ্যমে বাংলাদেশের আনাচকানাচে সহজে ইংরেজি শেখার ব্যবস্থা করেছিল প্রতিষ্ঠানটি। ব্যবস্থাটিতে খুব ঝক্কিঝামেলা আছে, তাও নয়। যেকোনো মোবাইল ফোন থেকে ৩০০০১৫ নম্বরে ডায়াল করে অথবা ইন্টারনেটে www.bbcjanala.com—এই ঠিকানায় ঘুরে যে কেউ ইংরেজি শিখতে পারেন। ‘কর্মক্ষেত্রে ইংরেজি’ লেসনে পাওয়া যায় বিভিন্ন ইংরেজি শব্দের ব্যবহার। শেখানো হয় অন্য কাউকে পরিচয় করিয়ে দেওয়া, টেলিফোনে কথা বলা, সভা আয়োজন কিংবা ক্রেতাদের সঙ্গে কীভাবে কথা বলতে হবে—তা-ও শেখানো হয় সেখানে।সপ্তাহের প্রতি রোববার নতুন নতুন লেসন যোগ করা হয় তাতে। এমনি করে মোট ২৫টি লেসন দিয়ে সাজানো বিবিসি জানালা। বিবিসি এক গবেষণায় দেখেছে, শতকরা ৭০ ভাগ বাংলাদেশি মনে করেন, ইংরেজি ছাড়া সফলতার রাস্তা বন্ধ। বাংলাদেশের প্রায় ১৮ লাখ মোবাইল ফোন ব্যবহারকারী বিবিসি জানালা শুনেছেন এ পর্যন্ত। আর কুইজ, মতামত ধারণ এবং নিজেদের গল্প বলাসহ আরও কিছু প্রক্রিয়ার মাধ্যমে এক লাখ ৬০ হাজারেরও বেশি বার গ্রাহক বিবিসি জানালার সঙ্গে যোগাযোগ করেছেন।বিবিসি জানালার সহযোগিতায় প্রথম আলোতেও চলছে ইংরেজি শেখার কার্যক্রম। প্রকাশিত হচ্ছে শনি, সোম ও বুধবারের পড়াশোনা পাতায়। ১৪ আগস্ট শুরু হয়েছে ‘কর্মক্ষেত্রে ইংরেজি’ লেসন। বিবিসি জানালার ওয়ার্ল্ড সার্ভিস ট্রাস্টের হেড অব ইন্টারেকটিভ সারা চেম্বারলিন বললেন, ‘কর্মক্ষেত্রে সঠিকভাবে ইংরেজি ব্যবহারের জন্য অনেকেই আগ্রহী ছিলেন। তাদের আগ্রহের ভিত্তিতেই বিবিসি জানালার শুরু। এখন অনেকেই এর সুফলও পাচ্ছেন।’ সুফল পেয়ে নিজের কথা জানিয়েছেন নড়াইলের ১৮ বছর বয়সী হাসিব-উল-হাসান, ‘খুব ইচ্ছে ছিল উচ্চশিক্ষিত হব, পড়াশোনা করব ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তাই ইংরেজি জানার বিকল্প নেই। কিন্তু গ্রামে থেকে খুব ভালো ইংরেজি শেখার উপায় কোথায়? তাই ইচ্ছেগুলো বাক্সবন্দী হয়ে পড়েছিল। বিবিসি জানালাই সেখান থেকে নতুন দিগন্ত দেখালো একসময়। এখন আমি অনেক ভালো ইংরেজি পারি। স্বপ্নগুলো এখন ডানা মেলছে।’ শুধু কি বাংলাদেশে? প্রবাসীরাও বিবিসি জানালা দিয়ে নতুন আলোর দেখা পেয়েছেন। যুক্তরাজ্যপ্রবাসী ৪০ বছর বয়সী জাহিদা আহমেদ তাঁদেরই একজন, ‘বিদেশে চাকরি পেতে হলে ইংরেজির বিকল্প নেই। কিন্তু আমি তো ইংরেজি ভালো জানতাম না। বিবিসি জানালার মাধ্যমে খুব সহজে প্রাথমিক ইংরেজি শিখতে শুরু করলাম। আমি এখন প্রতি সপ্তাহে লেসনগুলোর মাত্রা ১০ থেকে ১৫ বারে নিয়ে যেতে চাই। এতে করে নিশ্চয়ই ভালো একটি চাকরি জুটে যাবে।’ বিবিসি জানালার লক্ষ্য আগামী ২০১৭ সালের মধ্যে বাংলাদেশের দুই কোটি ৫০ লাখ মানুষ ইংরেজিতে দক্ষ হয়ে উঠবে। যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ডিএফআইডি) আওতাভুক্ত ইউকেএইড এর অর্থায়নে ‘ইংলিশ ইন অ্যাকশন’ প্রকল্পের আওতায় বিবিসি জানালা কাজ চালিয়ে যাচ্ছে।