চাক ও খিয়াং ভাষার বর্ণমালা এখনো আঁতুড়ঘরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানে বসবাসরত ১১টি আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে খিয়াং ও চাক ভাষার বর্ণমালা উদ্ভাবন হলেও তা এখনো সর্বজনীন স্বীকৃতি পায়নি। চাক ভাষার একরকম বর্ণমালা উদ্ভাবন করা হলেও এখনো তা সাধারণ জনগোষ্ঠীর কাছে পৌঁছায়নি। খিয়াং বর্ণমালায় রোমান হরফ গ্রহণ করা হবে নাকি শুধু নিজেদের উদ্ভাবিত বর্ণমালা ব্যবহার করা হবে এ নিয়ে খিয়াং জনগোষ্ঠীর মধ্যেই বিরোধ দেখা দিয়েছে। ফলে দুটি ভাষার বর্ণমালাই এখনো আঁতুড়ঘরে ঘুরপাক খাচ্ছে। চাক ও খিয়াং আদিবাসী নেতাসহ সাধারণ লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁরা বেশ কয়েক বছর ধরে বর্ণমালা উদ্ভাবনের চেষ্টা চালিয়ে আসছেন। স্ব স্ব মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা চালুর ব্যাপারে সরকারের নেতা-মন্ত্রীদের ইতিবাচক কথা শুনে সংশ্লিষ্ট ভাষার লোকজনের মধ্যে আগ্রহ দেখা দেয়। কিন্তু চাকেরা উদ্ভাবিত বর্ণমালা নিয়ে একমত হলেও বান্দরবান ও রাঙমাটিতে বসবাসকারী খিয়াংদের মধ্যে দ্বিমতের কারণে সংকট দেখা দিয়েছে। খিয়াং কল্যাণ সংস্থার সভাপতি থোয়াইসা প্রু খিয়াং জানান, বর্ণমালা উদ্ভাবন ও ব্যবহার নিয়ে ২০০৭ সালে খিয়াং ভাষা কমিটি গঠন করা হয়। রাঙামাটি ও বান্দরবান জেলায় বসবাসকারীদের জন্য গঠিত এ কমিটি রোয়াংছড়ির খামতাংপাড়ায় সভা করে রোমান হরফ ব্যবহারের ব্যাপারে একমত হয়। ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী ইংরেজি ২৬টি বর্ণের সঙ্গে আরও দুটি যোগ করে ২৮টি বর্ণ করা হয়। এর মধ্যে সাতটি স্বরবর্ণ ও ২১টি ব্যঞ্জনবর্ণ। এসব বর্ণমালা দিয়ে ইউএনডিপির সহযোগিতায় খিয়াং প্রাইমার প্রণয়ন করে রাজস্থলিতে এখন মাতৃভাষায় ছয়টি বিদ্যালয় চালানো হচ্ছে। কিন্তু এত দূর এগোনোর পর বান্দরবানে বসবাসকারী খিয়াংরা দাবি করছেন, ক্যসামং খিংয়াং নামে এক ব্যক্তি আলাদা খিয়াং বর্ণমালা উদ্ভাবন করেছেন। তাই তারা এখন নিজেদের উদ্ভাবিত বর্ণমালার পক্ষে অবস্থান নিয়েছেন। বান্দরবানের গুংগুরুপাড়ার খিয়াং ভাষা কমিটির সদস্য হ্লাক্রয় খিয়াং বলেন, ‘ক্যসামং খিয়াং যে বর্ণমালা উদ্ভাবন করেছেন সেটিই খিয়াংদের ভাষা, সংস্কৃতি ও মূল্যবোধকে ধারণ করে। সেজন্য চন্দ্রঘোনায় খ্রিষ্টান মিশনের কিছু খিয়াং ছাড়া সবাই ক্যসামংয়ের বর্ণমালাকে সমর্থন করছেন।’ উদ্ভাবক ক্যসামং খিয়াং জানান, তিনি বহু গবেষণা করে প্রথমে ৩৩টি বর্ণের বর্ণমালা উদ্ভাবন করেছেন। পরে কয়েকজন বিশেষজ্ঞের মতামত নিয়ে সেখান থেকে চারটি বর্ণ বাদ দিয়ে ২৯টি বর্ণ রাখার সিদ্ধান্ত নেন। এর মধ্যে ২০টি ব্যঞ্জনবর্ণ ও নয়টি স্বরবর্ণ। এ বর্ণমালা বাংলা, রোমান, চাকমা ও মারমা বর্ণমালা থেকে আলাদা। তিনি দাবি করেন, ‘খিয়াং ভাষার উচ্চারণ, বাচনভঙ্গি এবং সুর ও স্বরকে সূক্ষ্মভাবে বিবেচনায় নিয়ে উদ্ভাবিত এ বর্ণমালা খিয়াংদের জন্য সবচেয়ে বেশি উপযোগী বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা।’ খিয়াং ভাষা কমিটির উপদেষ্টা বাছা খিয়াং বলেন, ‘বর্ণমালা নিয়ে মতৈক্যে আসার জন্য আরও আলাপ-আলোচনা করতে হবে। রোমান বর্ণ ব্যবহারে সুবিধা-অসুবিধা দুটোই রয়েছে। রোমান হরফে হলে ফন্ট তৈরি ও তা কম্পিউটারাইজড করে ব্যবহার করা সহজ হবে। অন্যদিকে খিয়াং ভাষার নিজস্ব উচ্চারণ ও বাচনভঙ্গি রোমান বর্ণমালায় তুলে ধরা সম্ভব হয় না। খিয়াং ভাষা, কৃষ্টি-সংস্কৃতি ও মূল্যবোধকে ধারণ করতে হলে ক্যসামংয়ের বর্ণমালা সবচেয়ে উপযোগী বলে তিনি মন্তব্য করেন।চাক বর্ণমালা উদ্ভাবক মংমং চাক বলেন, ‘বর্ণমালা উদ্ভাবন করা হলেও অর্থসংকটসহ ও বিভিন্ন সীমাবদ্ধতার কারণে তা প্রচার-প্রসার করা সম্ভব হয়নি। তবে বিদগ্ধ চাক জনগণ এ বর্ণমালা সম্পর্কে একমত হয়েছেন।’ মংমং চাক জানান, ইন্দো-আর্য ভাষাগোষ্ঠীর বিভিন্ন বর্ণমালা গবেষণা করে চাক বর্ণমালা উদ্ভাবন করা হয়েছে। এতে ৩৪টি স্বরবর্ণ ও ১১টি ব্যঞ্জনবর্ণ রয়েছে। চাক ভাষা কমিটির সদস্যা মাসুথুই চাক জানান, এ বর্ণমালা চাকদের ভাষার আঙ্গিকে হয়েছে। এ বর্ণমালায় পাঠ্যবই প্রণয়ন করা হলে চাক আদিবাসী শিশুদের মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা দেওয়া সম্ভব হবে। জানা যায়, বর্তমানে তিন পার্বত্য জেলায় ১১টি আদিবাসী জনগোষ্ঠী বসবাস করছে। রাঙামাটিতে রয়েছে ছয়টি ও খাগড়াছড়িতে তিনটি জনগোষ্ঠী। একমাত্র বান্দরবানেই রয়েছে সবকটি জনগোষ্ঠীর মানুষ। ১১ জনগোষ্ঠীর মধ্যে চাকমা ও মারমাদের আগে থেকেই নিজস্ব বর্ণমালা ছিল। চাক ও খিয়াং ছাড়া অন্যান্য জনগোষ্ঠী ইতিমধ্যে নিজস্ব বর্ণমালা উদ্ভাবন করেছে।