চাকমা বুলিতে রবীন্দ্রসংগীত খেয়াল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙামাটির ঐতিহ্যবাহী সংগঠন সুর নিকেতনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পীরা
রাঙামাটির ঐতিহ্যবাহী সংগঠন সুর নিকেতনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পীরা

‘হুলি দেনা দোর/ ন রাগেচ আর/ বারে তুই মরে’। গানটি শুনতে শুনতে উচ্ছ্বাস আর আনন্দের বাঁধ ভাঙে দর্শকের। ‘খোল, খোল দ্বার/ রাখিও না আর/ বাহিরে আমায় দঁাড়ায়ে’—এই রবীন্দ্রসংগীত যেন চাকমা অনুবাদে নতুন করে প্রাণ পেল। চমক ছিল আরও। চাকমা বন্দিশে খেয়ালও শুনলেন দর্শক। ৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় রাঙামাটির সাংস্কৃতিক সংগঠন সুর নিকেতনের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত গানের আসর এভাবেই মন ভরিয়েছে দর্শকের।
রাঙামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে দুই ঘণ্টার এই অনুষ্ঠান উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম–বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। সন্ধ্যা ছয়টায় আসরের শুরুতে সুর নিকেতনের প্রতিষ্ঠাতা মনোজ বাহাদুর গুর্খার নেতৃত্বে বিভিন্ন বয়সের ৪৫ জন শিল্পী সমবেত কণ্ঠে গাইলেন ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’ গানটি। এরপর সমবেত কণ্ঠে শিল্পীরা শোনান রবীন্দ্রসংগীত, উচ্চাঙ্গসংগীত, আধুনিক গান ও চাকমা ভাষায় অনূদিত রবীন্দ্রসংগীত।
ক্রিস্টিনা চাকমার গলায় ‘হুলি দেনা দোর/ ন রাগেচ আর/ বারে তুই মরে’ গানটি মন ছুঁয়ে যায় দর্শকের। চাকমা বন্দিশে খেয়াল পরিবেশন করে দর্শকের মনোযোগ কাড়েন শক্তিমান চাকমা।
গানের ফাঁকে চলে কথামালা। অনুষ্ঠানের প্রধান অতিথি দীপংকর তালুকদার বলেন, সুর নিকেতন রাঙামাটির মতো একটা জায়গায় ৩৪ বছর ধরে নিরলসভাবে সংস্কৃতি চর্চা করে যাচ্ছে, এটা সত্যি গর্বের বিষয়। সাম্প্রদায়িকতা ও মৌলবাদ নির্মূলে সংস্কৃতি চর্চার বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি। এরপর তিনি চাকমা ভাষায় অনূদিত রবীন্দ্রসংগীতের সিডি প্রকাশেও সহযোগিতার আশ্বাস দেন।
চট্টগ্রামের উচ্চাঙ্গসংগীত শিল্পী স্বর্ণময় চক্রবর্তী বলেন, পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জাতিগোষ্ঠীর ভাষা রয়েছে। সেগুলো তুলে ধরা দরকার। এ জন্য পাহাড়ে উচ্চাঙ্গসংগীতের চর্চা বাড়াতে হবে। পাশাপাশি তুলে ধরতে হবে ছোট ছোট জনগোষ্ঠীর হারিয়ে যেতে বসা গান। তিনি ব্রাহ্মণবাড়িয়ায় ওস্তাদ আলাউদ্দিন খাঁর স্মৃতিচিহ্ন ধ্বংসেরও নিন্দা জানান।
সুর নিকেতনের সাধারণ সম্পাদক অনামিকা দে বলেন, সুর নিকেতন রাঙামাটিসহ পার্বত্য চট্টগ্রামের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের সাংস্কৃতিক সেতুবন্ধ গড়ে তুলতে ৩৪ বছর ধরে নিভৃতে কাজ করে যাচ্ছে। আর্থিক সংকটসহ নানা প্রতিকূলতার মধ্যেও সংগঠনটি সক্রিয় রয়েছে।