চাকরি আছে, অভাব যোগ্য লোকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের চাকরির ক্ষেত্র ক্রমেই বড় হচ্ছে। গড়ে উঠছে বড় বড় সফল প্রতিষ্ঠান। পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান এ দেশে নিজের কার্যালয় খুলছে। পরিসংখ্যান বলছে, গত ১০ বছরে দেশে নতুন নতুন কাজের ক্ষেত্র সৃষ্টি হয়েছে। কিন্তু প্রায়ই শোনা যায় ‘চাকরির অভাব’-এর অভিযোগ। চাকরি বাকরির সঙ্গে আলাপকালে অন্য কথা শোনালেন মানবসম্পদ ও ব্যবস্থাপনা পরামর্শক এম জুলফিকার হোসেন।

এম জুলফিকার হোসেন, প্রধান নির্বাহী, গ্রো এন এক্সেল
এম জুলফিকার হোসেন, প্রধান নির্বাহী, গ্রো এন এক্সেল

চাকরি আছে, কিন্তু...
দেশে দিন দিন চাকরির বাজার বড় হচ্ছে। আমরা সাধারণত ব্যবস্থাপক ও উচ্চপদে সঠিক প্রার্থী খুঁজে থাকি। এ ক্ষেত্রে প্রতিনিয়ত আমাদের অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। বলা যায়, মধ্য ও উচ্চতর পদের জন্য মেধাবীদের সরবরাহের প্রক্রিয়াটি অনেক নাজুক অবস্থায় রয়েছে। অন্যদিকে, প্রাথমিক পর্যায়ে প্রার্থীর সরবরাহ পর্যাপ্ত হলেও গুণ-মানসম্পন্ন সঠিক প্রার্থীর অভাব আছে।
ট্যালেন্ট তৈরির জন্য দরকার কমিটমেন্ট
প্রতিষ্ঠানগুলো চাকরির জন্য সাধারণত তাৎক্ষণিকভাবে ফল পাওয়া যায়, এমন কর্মী খোঁজে। অনেক উদ্যোক্তাই কর্মীদের প্রশিক্ষণ ও ধারাবাহিক উন্নয়নের বিষয়টিতে যথাযথ গুরুত্ব দেন না। ফলে প্রতিষ্ঠানগুলোয় কর্মীদের মানোন্নয়ন হয় না। বহুজাতিক প্রতিষ্ঠান ও কিছু স্বল্পসংখ্যক দেশি প্রতিষ্ঠানে ম্যানেজমেন্ট ট্রেইনি প্রোগ্রামের মাধ্যমে ভবিষ্যতের নেতৃত্বদানের জন্য ট্যালেন্ট খুঁজে বের করা হয়। প্রতিষ্ঠানগুলোয় মানবসম্পদ উন্নয়ন ও কর্মীদের প্রশিক্ষণের পেছনে জোরালো কমিটমেন্ট থাকতে হবে। অনেক প্রতিষ্ঠান পণ্যের প্রচার ও প্রসারে ব্র্যান্ডিংয়ে অনেক বেশি বাজেট বরাদ্দ করে। মনে রাখতে হবে, সন্তুষ্ট ও সুখী কর্মী ছাড়া দীর্ঘ মেয়াদের জন্য ভালো ব্র্যান্ড গড়ে তোলা সম্ভব নয়।
চাকরির আরও খবর জানতে এখানে ক্লিক করুন
প্রয়োজন সমন্বিত উদ্যোগ

বাংলাদেশের মধ্য আয়ের যাত্রাপথে দক্ষ, মানসম্পন্ন ও প্রশিক্ষিত পেশাজীবী ও ব্যবস্থাপক গড়ে তোলা জরুরি। আগামী ৮ থেকে ১০ বছরের জন্য কর্মপরিকল্পনা গড়ে তুলতে হবে। ১০ বছর পর চাকরির বাজারে কোন ধরনের চাকরির চাহিদা কী পরিমাণে থাকবে, তার ধারণা থাকতে হবে। বর্তমান পাঠ্যক্রমকে করপোরেট প্রতিষ্ঠানে চাহিদার সঙ্গে সংগতি রেখে যুগোপযোগী করতে হবে। এ ক্ষেত্রে দরকার আমাদের উদ্যোক্তা, শিল্পপ্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় এবং সবার সমন্বিত উদ্যোগ ও সহযোগিতা।
ক্যারিয়ার প্ল্যান ও নিজেকে জানা-বোঝা
ক্যারিয়ার প্ল্যানিং একটি চলমান প্রক্রিয়া। জীবনের বিভিন্ন ধাপে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক বাস্তবতায় আমাদের ক্যারিয়ার প্ল্যানিং পরিবর্তন আনতে হয়। নিজের সম্পর্কে ধারণা থাকতে হবে অর্থাৎ কোন দিকে ঝোঁক আছে, দুর্বলতা প্রভৃতি জানতে হবে। আমরা নিজেরা নিজেদের ঠিকভাবে বুঝতে পারলেই আমাদের প্রকৃত আত্মোন্নয়নের প্রক্রিয়া শুরু হয়।
বাড়াতে হবে ব্যক্তিগত কার্যকারিতা ও উৎকর্ষ
কর্মজীবনে সাফল্যের জন্য প্রয়োজন ব্যক্তিগত কার্যকারিতা ও দক্ষতার প্রয়োগ। তাই পড়াশোনার পাশাপাশি পাঠ্যক্রমবহির্ভূত যেমন বিতর্ক, ক্লাব ইত্যাদিতে যুক্ত থাকলে আত্মবিশ্বাস বাড়ে। ব্যক্তিগত কার্যকারিতা বৃদ্ধির জন্য নিজের যোগাযোগদক্ষতা, উপস্থাপন কৌশল, দলগতভাবে কাজ করা, আন্তব্যক্তিগত সম্পর্ক, পেশাদারত্ব, সময় ব্যবস্থাপনা প্রভৃতির ওপর ক্রমাগতভাবে দক্ষতা বাড়াতে হবে। মোট কথা আগামীর জন্য প্রস্তুতি শুরু করতে হবে একাডেমিক জীবন থেকেই।