মাত্র ৪৩ বছর বয়সে প্রয়াত হলেন মার্কিন অভিনেতা শ্যাডউইক বোজম্যান। দীর্ঘদিন কোলন ক্যানসারে ভুগে ২৮ আগস্ট মারা যান তিনি। ব্ল্যাক প্যান্থার ছবিতে অভিনয় করে বিশ্বজুড়ে জনপ্রিয়তা পাওয়া এই তারকা ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের ১৫০তম সমাবর্তনে বক্তৃতা দিয়েছিলেন। তাঁর স্মরণে সেই বক্তৃতার নির্বাচিত অংশ থাকল আজ।
পথে আসতে আসতে রেডিওতে শুনছিলাম, হাওয়ার্ড ইউনিভার্সিটিকে কেউ একজন ‘ওয়াকান্ডা ইউনিভার্সিটি’ বলে ডাকল। আমাদের এই বিশ্ববিদ্যালয়ের এমন অনেক নাম আছে। এর মধ্যে একটা হলো পাহাড়চূড়া (দ্য হিলটপ)। মাত্র এক ঘণ্টায় একবারের জন্য পুরো ক্যাম্পাস ঘুরে দেখলেই বোঝা যাবে, কেন এই নাম। যখন এখানে পড়তাম, আমি থাকতাম ক্যাম্পাসের বাইরে ব্রায়ান স্ট্রিটে। যাঁরা এর মানে জানেন না, তাঁদের জন্য বলে রাখি, ব্রায়ান স্ট্রিট হলো পাহাড়ের একেবারে নিচের দিকের একটা এলাকা। প্রায় প্রতিদিন আমাকে পুরো পাহাড় বেয়ে যেতে হতো কলা বিভাগে, যেখানে আমার ক্লাস হতো। প্রতিদিন ব্যাগভর্তি সব বই-খাতা নিয়ে পাহাড় বেয়ে উঠতে হতো। কারণ, একবার পায়ে হেঁটে উঠে গেলে আর নিচে নামার সুযোগ ছিল না। তাই একেবারে সব নিয়ে ক্যাম্পাসে ঢুকতাম।
অবকাঠামোগতভাবে এই ক্যাম্পাসকে পাহাড়চূড়া বলা হলেও, এর একটি বিমূর্ত অর্থও আছে। পাহাড়চূড়া বলতে বোঝায় জ্ঞান ও অধ্যবসায়ের চূড়ান্তসীমা, যেখানে পৌঁছাতে হলে প্রত্যেকেরই পাহাড় বেয়ে ওঠার মতো শক্তি আর একাগ্রতা থাকতে হয়। তোমরা প্রায় তিন–চার বছর ধরে এই পাহাড়ের চূড়ায় উঠছো। প্রাচীনকাল থেকেই এমন উঁচু স্থানে শিক্ষাপ্রতিষ্ঠান তৈরি করা হতো। এর মাধ্যমে এ-ই বোঝানো হতো যে জ্ঞানের শিখরে পৌঁছাতে হলে সংগ্রাম করতেই হবে, সংগ্রামের অভ্যাস গড়তে হবে, রোজ সেই চর্চা করে যেতে হবে। তোমাদের মধ্যে একেকজন একেক ধরনের প্রতিবন্ধকতা পেরিয়ে আজকের এই অর্জন পর্যন্ত পৌঁছেছ। অনেকের কাছে হয়তো পড়াশোনাটাই ছিল অনেক বড় প্রতিবন্ধকতা। তুমি অনেক পড়তে, অনেক পরিশ্রম করতে, কিন্তু ‘এ’ কিংবা ‘বি’ তোমার ভাগ্যে জুটত না। মাঝেমধ্যে ‘সি’ নিয়ে সন্তুষ্ট থাকতে হতো। তুমি হয়তো অনেক চেষ্টা করেও কখনো ডিনের সেরাদের তালিকায় নাম লেখাতে পারোনি। কিন্তু তাতে এখন আর কিছু যায়–আসে না। তুমি আজকে এই সমাবর্তনের মাঠে আছ। তুমি পৌঁছে গেছ তোমার কাঙ্ক্ষিত পাহাড়চূড়ায়।
বাস্তবজীবনে তোমার দক্ষতা কিসে, তোমার যোগ্যতা কতটা, মাঝেমধ্যে পরীক্ষার ফল (গ্রেড) এই ধারণা দেয় না। তাই তোমার গ্রেড যা-ই হোক, এখন আর তাতে কিছু যায়-আসে না। অনেকের শিক্ষাজীবন হয়তো কেটেছে ভীষণ আর্থিক অসচ্ছলতার মধ্য দিয়ে। হয়তো দৈনন্দিন চাহিদাগুলো মেটাতে গিয়েই তোমার পরিবারকে তুমি হিমশিম খেতে দেখেছ। প্রতি সেমিস্টারে তোমাকে এই লাইন থেকে ওই লাইনে গিয়ে দাঁড়াতে হয়েছে, শুধু একটুখানি আর্থিক ছাড় পাওয়ার জন্য। অনেককে হয়তো পড়ার খরচ চালানোর জন্য একটার বদলে দুটি চাকরি করতে হয়েছে। আবার অনেকের কাছে প্রতিবন্ধকতা ছিল সামাজিকতা রক্ষা করা। ব্যর্থতা, উপহাস, প্রত্যাখ্যান—এসব ভয়ে হয়তো প্রতিটি মুহূর্ত তুমি নিজের সঙ্গে লড়াই করেছ। পাহাড়ের চূড়ায় তুমি শুধু বই না, অনেক অনেক ভয়, জড়তা আর শঙ্কার বোঝাও বয়ে নিয়ে প্রতিটি দিন যাপন করেছ। কিন্তু এরপরও তুমি আজকের দিন পর্যন্ত আসতে পেরেছ।
পাহাড়ে ওঠা শুরু করলে প্রথম দিকে একটু ক্লান্ত লাগে। অনেক উঁচুতে উঠলে প্রথমবার মাথা ঘোরায়। কিন্তু নিয়মিত পাহাড়ে ওঠার চর্চা যাঁদের থাকে, উচ্চতায় তাঁদের ক্লান্তি আসে না। বরং অনেক উঁচু থেকে তাঁদের দৃষ্টিসীমা আরও স্বচ্ছ হয়, সুদূরপ্রসারী হয়। নিচ থেকে দেখলে অনেক সময় লম্বা পথ পাড়ি দেওয়ার নানান দুর্ভাবনা মাথায় চেপে বসে। আমি তোমাদের আজ অনুরোধ করব, তোমরা পাহাড়চূড়ায় আছ। এখান থেকে নিজেদের দৃষ্টি, বিবেক, বোধ, চিন্তাকে প্রসারিত করো, এই মুহূর্তকে ধারণ করো। পাহাড় থেকে নিচের দিকে তাকিয়ে দেখো, তুমি কতটা পথ জয় করে এসেছ। এই অর্জন উপলব্ধি করো।
যখন বিনোদনের দুনিয়ায় নাম লেখালাম, তখন একের পর এক সুযোগ আমার দিকে ছুটে আসছিল। নিউইয়র্কে একটি বড় মঞ্চ প্রযোজনার জন্য প্রথম অডিশন দিয়েই আমি কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে যাই। ওই নাটকে কাজ করেই পরিচয় হয় আমার প্রথম এজেন্টের সঙ্গে। সেই এজেন্ট আমাকে একটা বড় অডিশনে নিয়ে যায়। ওটা ছিল এক খ্যাতনামা টিভি নেটওয়ার্কের ধারাবাহিকের অডিশন। সেই চরিত্রটাও আমি একবার অডিশন দিয়েই বাগিয়ে নিই। নিজেকে একেবারে মাইক টাইসন মনে হচ্ছিল, যেন প্রথম রাউন্ডেই আমি তাঁর মতো করে সব বাধাকে কুপোকাত করে দিয়েছি। ওই ধারাবাহিকে যে ৬ সংখ্যার পারিশ্রমিক আমাকে দেওয়া হচ্ছিল, এর আগে আমি জীবনেও অত টাকা একসঙ্গে দেখিনি। বুঝতেই পারছিলাম না, কী থেকে কী হচ্ছে! কিন্তু যখন প্রথম দিন নাটকের চিত্রনাট্য হাতে পেলাম, খটকা লাগল। শুটিংয়ের আগের রাতে পেয়েছিলাম স্ক্রিপ্ট। প্রস্তুতির অত সময়ও ছিল না। তাই কোনো রকমে প্রস্তুত হয়ে পর দিন সেটে গেলাম। মনে দ্বিধা ছিল, তা নিয়েও গেলাম। চরিত্রটা আমার দর্শনের সঙ্গে ভীষণ সাংঘর্ষিক ছিল। চরিত্রটি এক বেপরোয়া উচ্ছৃঙ্খল তরুণের, যে এক দুর্ধর্ষ সন্ত্রাসীচক্রের সঙ্গে জড়িয়ে পড়ে। যার ভেতর অন্য কোনো মেধা নেই, অনুপ্রেরণা নেই, আশাজাগানিয়া কোনো ব্যাপারই নেই। যদিও অভিনয়ের ক্ষেত্রে শেখা প্রথম শর্তটি ছিল, চরিত্রকে কখনো নিজের বিবেকের দাঁড়িপাল্লায় মাপতে নেই। যে চরিত্র শিল্পীর কাছে আসে, সেটাকেই নিষ্ঠার সঙ্গে পালন করা শিল্পীর দায়িত্ব। কিন্তু আমি আমার শিক্ষা আর চরিত্রের মাঝখানে সংঘর্ষের মধ্যে পড়ে গেলাম। কৃষ্ণাঙ্গ বলেই কী কট্টর চিন্তাধারায় তাঁকে অপরাধে বেঁধে ফেলতে হবে! আমাকে আমার নীতির জায়গা থেকে সরে গিয়ে এই চরিত্রে অভিনয় করতে হলো। কিন্তু হাওয়ার্ড ইউনিভার্সিটি তো আমাকে এমনটা শেখায়নি। বরং এখান থেকে আমি গর্বের সঙ্গে নিজের মত প্রকাশের শিক্ষা পেয়েছি। এখান থেকে শিখেছি আপসহীন হতে।
দুই পর্বের শুটিংয়ের পরই ধারাবাহিকের নির্মাতাদের থেকে ডাক আসল। তাঁরা জানালেন, আমার কাজে সবাই ভীষণ খুশি। তাঁরা আমার সঙ্গে লম্বা সময় ধরে কাজ করতে চান। জানতে চাইলেন, আমার কিছু বলার আছে কি না? আমি তখন আমার চরিত্র নিয়ে দুটো প্রশ্ন করলাম। প্রথমটি ছিল, ‘আমার চরিত্রের বাবা কোথায়?’ একজন নির্মাতা জবাব দিলেন, ‘তোমার ছেলেবেলাতেই সে তোমাকে ছেড়ে চলে গেছেন।’ আমি দ্বিতীয় প্রশ্নটি করলাম, ‘চিত্রনাট্যে বলা হয়েছে, আমার মা দায়িত্বশীল নন বলে আমাকে একটি পরিবারের কাছে দত্তক দেওয়া হয়েছে। এমনটা কেন?’ নির্মাতা বললেন, ‘মা হেরোইনের নেশায় আসক্ত বলে এমনটা হয়েছে।’ হতে পারে এটা গল্প, কিংবা কারও জীবন থেকে নেওয়া সত্য ঘটনা। কিন্তু কেন কৃষ্ণাঙ্গ চরিত্র মানেই তাঁকে বেপরোয়া, মাদকাসক্ত আর সহিংস দেখানো হবে? আমার ভেতর নির্মাতাদের কট্টর চিন্তা ভীষণভাবে ধাক্কা দিল। এর মধ্যেই আরেক নির্মাতা টেবিলের নিচ থেকে আমার সিভি হাতে নিয়ে পড়তে শুরু করলেন। সিভির পাতায় চোখ বুলিয়ে উপহাসের স্বরেই বললেন, ‘ও! তুমি হাওয়ার্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়েছ?’ গর্বের সঙ্গে আমি বললাম, ‘হ্যাঁ’। তারপর তিনি আমার সিভিটি টেবিলে রেখে বললেন, ‘ধন্যবাদ তোমাকে। আমরা তোমার বিষয়গুলোর দিকে নজর রাখব।’
নির্মাতার অফিস থেকে বেরিয়ে সেদিনের শুটিং শেষ করে আমি বাড়ি ফিরে যাই। খুব সম্ভবত আমার সেরা পারফরম্যান্সটা সেদিনই দিয়েছিলাম। কারণ, ভেতরে থাকা প্রশ্নগুলো করার পর মনে হচ্ছিল বুকের ওপর থেকে পাথর নেমে গেছে। এর পরদিন সকালে এজেন্টের কাছ থেকে ফোন এল। এজেন্ট জানাল, নির্মাতারা আমার বদলে নতুন শিল্পী খুঁজছেন। আমি তাঁদের যে প্রশ্ন করেছিলাম, তাতে তাঁরা বিরক্ত ও শঙ্কিত। কাজ ভালো না লাগলেও, কেউ যখন সেই কাজ থেকে বাদ পড়ে, তখন কষ্টটা হয় প্রেমে ব্যর্থ হওয়ার মতো। বাইরে বাইরে আমরা দেখাই, দিব্যি আছি। কোনো প্রয়োজন নেই কাজের। কিন্তু একান্ত সময়ে, মনের ভেতর নানান কিছু ঘুরে বেড়ায়।
ওই সময়ে এজেন্ট বলেছিল, ইন্ডাস্ট্রিতে আমার নামে নানা কিছু ছড়িয়ে গেছে, তাই আবার নতুন করে কাজ পেতে হয়তো সময় লাগবে। লোকে সে সময় বলাবলি করত, আমি জেদি, একরোখা। কিন্তু কাজ হাতছাড়া হওয়ায় আমি যতটা না দ্বিধান্বিত ছিলাম, তার চেয়েও বদ্ধপরিকর ছিলাম আমার মত প্রকাশের স্বাধীনতা নিয়ে।
হাওয়ার্ড বিশ্ববিদ্যালয় আমার ভেতর কিছু শিক্ষা গেঁথে দিয়েছে। শিখিয়েছে, মাঝেমধ্যে হোঁচট খেয়ে শেখা লাগে নিজের লড়াইটা কীভাবে লড়তে হয়। মাঝেমধ্যে পরাজয়ের ব্যথা আর যন্ত্রণা উপলব্ধি করে জীবনের লক্ষ্যের মর্যাদা বুঝতে হয়।
আজ পাহাড়চূড়ায় বসে তোমরা তোমাদের জীবনের পরের ধাপ, চাকরি, ক্যারিয়ার, উচ্চতর শিক্ষা এসব নিয়ে হয়তো ভাবছ। আমি বলব, ক্যারিয়ার আর চাকরি খোঁজার আগে জীবনের অর্থ খোঁজো। জানি না তোমাদের ভবিষ্যৎ কেমন হবে। তবে তোমরা যদি সবচেয়ে অমসৃণ, কঠিন আর জটিল পথটাকে বেছে নাও, যদি সাফল্যের আগের সেই পথে ব্যর্থতার দেখা মেলে, তাহলে আমি নিশ্চিত হয়ে বলতে পারি, সেই পথে কোনো দিন কোনো আক্ষেপ আর হতাশা পাবে না। ঈশ্বর তোমাদের মঙ্গল করুন। হাওয়ার্ড ফরেভার।
ইংরেজি থেকে অনুবাদ: আদর রহমান
সূত্র: বিশ্ববিদ্যালয়ের ইউটিউব চ্যানেল