চাকরি ছাড়তে চাই না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ব্যাংকের শিশু দিবাযত্ন কেন্দ্রে শিশুদের জন্য আছে নানা ব্যবস্থা l ছবি: সাবিনা ইয়া​সমিন
বাংলাদেশ ব্যাংকের শিশু দিবাযত্ন কেন্দ্রে শিশুদের জন্য আছে নানা ব্যবস্থা l ছবি: সাবিনা ইয়া​সমিন

নাভিদ ইসলামের বয়স এখনো ১৮ মাস পুরো হয়নি। ওর বাবা মো. আশরাফুল বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা। মা ফারজানা ইয়াসমীন অগ্রণী ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তা। রাজধানীর মতিঝিলে বাবার কর্মক্ষেত্রে শিশু দিবাযত্ন কেন্দ্র আছে। তাই বাবা নাভিদকে সঙ্গে নিয়ে অফিসে ঢোকেন। নাভিদ থাকে শিশু দিবাযত্ন কেন্দ্রে। ছয় মাস বয়স থেকে সন্তানকে শুধু দিবাযত্ন কেন্দ্রে রাখলেই সব সমস্যার সমাধান হচ্ছে না। তাকে তো বুকের দুধ খাওয়াতে হবে। তাই মাকেই প্রয়োজন।

>মা যখন তাঁর ছোট্ট শিশুটিকে কোনো নিরাপদ আশ্রয়ে রাখার নিশ্চয়তা পান না, তখন চাকরি করতে অনেক অসুবিধা হয়। এ জন্য অনেক চাকরিজীবী মা শুধু সন্তানের কথা ভেবে চাকরি ছেড়ে দিচ্ছেন।


নাভিদের মা ফারজানা ইয়াসমীনের অফিস ছিল ঢাকার সদরঘাটে। ফারজানা ইয়াসমীন গত বছরের অক্টোবর মাসের আগ পর্যন্ত দুপুরে সদরঘাট থেকে যানজট ঠেলে মতিঝিলে এসে নাভিদকে বুকের দুধ খাইয়ে আবার অফিসে ফিরে যেতেন। বর্তমানে তিনি মতিঝিল শাখায় কাজ করছেন। এখানেও শিশু দিবাযত্ন কেন্দ্র নেই। তাই নাভিদের মায়ের রুটিনের পরিবর্তন হয়নি। শুধু যাতায়াতের ক্ষেত্রে ঝামেলাটা একটু কমেছে। তবে এমনও হয়েছে অনেক দিন, দেখা গেছে নাভিদের মা এসেছেন, নাভিদ তখন ঘুমে। আবার নাভিদের পেট তখন ভরা, বুকের দুধ মুখেও নেয়নি। মনে কষ্ট নিয়ে ফিরতি পথ ধরতেন।
ফারজানা ইয়াসমীন বলেন, ‘নাভিদের বাবার কর্মস্থলে শিশু দিবাযত্ন কেন্দ্র না থাকলে আমার চাকরি করাই সম্ভব হতো না। কর্মজীবী নারী-পুরুষ সবার জন্যই এ ধরনের কেন্দ্র থাকাটা জরুরি। কর্মস্থলে এ ধরনের কেন্দ্র থাকলে তা বেশি ভালো হয়।’
২০০৬ সালে বাংলাদেশ ব্যাংকে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সন্তানের যত্ন এবং লালন-পালনের সুবিধা নিয়ে একটি শিশু দিবাযত্ন কেন্দ্র চালু করে। বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের ভেতরে এই কেন্দ্রে প্রথমে ছিল ৩২ জন শিশু জন্য। পরে পরিসর বাড়িয়ে ৮০ জনের উপযোগী করা হয়েছে কেন্দ্রটি। ৭ ফেব্রুয়ারি সেখানে গিয়ে দেখা গেল ৭২ জন শিশুকে। মোট ভর্তি আছে ৯৯ জন। এদের মধ্যে অনেকেই দুই ভাই, দুই বোন, ভাইবোন অথবা যমজও। ৯৯ জন শিশুর মধ্যে ১৬ জনই আসে তাদের বাবার সঙ্গে।
কথা হয় ১০ মাস বয়সী মাহরুজ পাশার মা বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা ইশরাত জাহানের সঙ্গে। তিনি বললেন, ‘সন্তানকে যখন-তখন বুকের দুধ খাওয়াতে পারছি। আর সবচেয়ে বড় কথা, আমি চাকরিটা করতে পারছি। আর কী চাই।’

.
.

বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অফিসেও একটি শিশু দিবাযত্ন কেন্দ্র চালু করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক ২০১৩ সালেই বিভিন্ন ব্যাংকে শিশু দিবাযত্ন কেন্দ্র তৈরির জন্য নির্দেশ দেয়। গত ৩১ জানুয়ারি মতিঝিলের ২৫ দিলকুশা, আলামিন সেন্টারে ২৩টি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের যৌথ সিএসআর অর্থায়নে গড়ে ওঠা একটি শিশু দিবাযত্ন কেন্দ্রের উদ্বোধন করা হয়। এ কেন্দ্রের উদ্বোধন করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেন, কর্মজীবী মায়েরা কর্মক্ষেত্রে প্রায়ই সমস্যায় পড়েন তাঁদের ছোট্ট শিশুর জন্য। সময়মতো শিশুকে গোসল করানো ও খাবার খাওয়ানোর জন্য মায়ের মন সব সময় ব্যাকুল থাকে। তাই একজন মা যখন তাঁর ছোট্ট শিশুটিকে কোনো নিরাপদ আশ্রয়ে রাখার নিশ্চয়তা পান না, তখন চাকরি করতে অনেক অসুবিধা হয়। এ জন্য অনেক চাকরিজীবী মা শুধু সন্তানের কথা ভেবে চাকরি ছেড়ে দিচ্ছেন। এটি খুবই পীড়াদায়ক। এভাবে কত শিক্ষিত মা যে ঝরে পড়ছেন তার হিসাব নেই। কর্মজীবী মায়ের সন্তানদের জন্য নগরের সব প্রতিষ্ঠানে দিবাযত্ন কেন্দ্র থাকাটা জরুরি।
এর আগে মতিঝিলের আলামিন ভবনেই চারটি সরকারি ব্যাংক সোনালী, জনতা, অগ্রণী, রূপালী ও বেসিক ব্যাংকের যৌথ উদ্যোগে আরেকটি শিশু দিবাযত্ন কেন্দ্র চালু হয়। দেশের ব্যাংকিং খাত শিশু দিবাযত্ন কেন্দ্র তৈরির ক্ষেত্রে বেশ খানিকটা অগ্রসর হলেও দেশের বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে নারীরা শিশু দিবাযত্ন কেন্দ্রে সন্তানকে রাখার সুযোগ পাচ্ছেন না।
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীন মহিলাবিষয়ক অধিদপ্তরের তত্ত্বাবধানে প্রকল্প এবং রাজস্ব বাজেটের আওতায় ঢাকা ও অন্যান্য জেলা শহরসহ মোট ৪৮টি শিশু দিবাযত্ন কেন্দ্র পরিচালিত হচ্ছে। মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ প্রথম আলোকে বলেন, ‘আমরা বাণিজ্য, শিল্প মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়কে বলেছি, তারা যাতে বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে শিশু দিবাযত্ন কেন্দ্র তৈরির বিষয়টি বাধ্যতামূলক করে দেয়। নতুন ভবনে একটি দিবাযত্ন কেন্দ্র এবং ব্রেস্টফিডিং কর্নার রাখার কথাও জোরালোভাবে বলা হচ্ছে। সরকারের বিভিন্ন কেন্দ্রে নামমাত্র মূল্যে মায়েরা সন্তান রাখার সুযোগ পাচ্ছেন। মায়েদের সন্তানদের জন্য কোনো নারী উদ্যোক্তা শিশু দিবাযত্ন কেন্দ্র তৈরিতে এগিয়ে এলে সরকারের পক্ষ থেকে সহায়তা দেওয়া হবে।’
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বাংলাদেশের শ্রম আইনে শিশু দিবাযত্ন তৈরির বিষয়টি গুরুত্ব পেয়েছে। সন্তানের ছয় মাস বয়স পর্যন্ত শুধু বুকের দুধ খাওয়ানো (এক্সক্লুসিভ ব্রেস্টফিডিং) এবং দুই বছর বয়স পর্যন্ত অন্যান্য খাবারের পাশাপাশি বুকের দুধ খাওয়ানোর জন্যও ছয় মাস মাতৃত্বকালীন (সরকারি কর্মজীবী মায়েরা পাচ্ছেন। কিছু বেসরকারি সংস্থাও দিচ্ছে) ছুটির পাশাপাশি প্রতিটি প্রতিষ্ঠানেই শিশু দিবাযত্ন কেন্দ্র থাকাটা জরুরি।
বাংলাদেশ ব্যাংকের শিশু দিবাযত্ন কেন্দ্রটি পরিচালনা করছে সেবা নারী ও শিশু কল্যাণ কেন্দ্র নামের একটি বেসরকারি সংস্থা। কেন্দ্রটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) সেফরুন নেসা বলেন, এনজিওর মাধ্যমে নিয়োগ পাওয়া কেন্দ্রের শিক্ষকসহ ২৭ জন কর্মীর মধ্যে একজন নিরাপত্তাকর্মী শুধু পুরুষ, অন্যরা সবাই নারী।
বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগ অবশ্যই একটি ইতিবাচক পদক্ষেপ। তবে বেসরকারি এই সংস্থার নারী কর্মীদের চাওয়া, তাঁরাও যেন এ ধরনের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত না হন। বিষয়টি কর্তৃপক্ষ নিশ্চয় দেখবে।