চাকরি ডটকমের নতুন ফিচার 'ভিজিউমি'

বাংলাদেশে এই প্রথম চাকরিপ্রত্যাশীদের অনলাইন রিজিউমির পাশাপাশি ‘ভিজিউমি’ নামের ভিডিও রিজিউমি তৈরির সুবিধা দিচ্ছে অনলাইন ক্যারিয়ার পোর্টাল ‘চাকরি ডটকম’। চাকরিপ্রত্যাশী হিসেবে চাকরিদাতার কাছে নিজেকে আরও আকর্ষণীয় ও ভিন্নভাবে উপস্থাপনের আরেকটি মাধ্যম এই ভিডিও রিজিউমি।
সম্প্রতি শেষ হওয়া ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৬-এর উদ্বোধনী দিনে চাকরি ডটকম ভিজিউমি নামে নতুন এই ফিচারটির সংযোজন করে।
চাকরিপ্রত্যাশীদের ভিজিউমি যেভাবে সহযোগিতা করবে: এর মাধ্যমে চাকরিপ্রত্যাশীরা নিজের ব্যক্তিত্বকে আরও সুদৃঢ়ভাবে উপস্থাপন করতে পারবেন। নিজের আগ্রহ ও উৎসাহের দিকগুলো সম্পর্কে বলতে পারবেন। এ ছাড়া চাকরি প্রার্থী নিজে প্রযুক্তির সঙ্গে কতটা সামঞ্জস্য, তা-ও বোঝাতে পারবেন।

চাকরিদাতাদের যেভাবে সহযোগিতা করবে ভিজিউমি: চূড়ান্ত সাক্ষাৎকারের আগেই প্রার্থীর সঙ্গে ভার্চুয়াল সাক্ষাৎ করে কাঙ্ক্ষিত প্রার্থীকে সাক্ষাৎকার পর্বের জন্য বাছাই করতে পারবেন। সাক্ষাৎকার পর্বে আলোচনা কেমন হতে পারে, সে বিষয়ে আগেই অনুমান করতে পারবেন। কর্মী বাছাইয়ে ক্ষেত্রে বাঁচবে সময় ও অর্থের অপচয়।
ভিজিউমি তৈরির করার জন্য চাকরি ডটকমে লগইন করে ড্যাশবোর্ড থেকে ভিজিউমি লিংক বাছাই করে নিতে হবে। চাকরি ডটকমে যাঁদের অনলাইন রিজিউমি তৈরি করা আছে, তাঁরা আপডেট রিজিউমি লিংকে গিয়ে ভিজিউমি তৈরি করতে পারবেন। এ–সংক্রান্ত সব নির্দেশনা পাওয়া যাবে www.chakri.com–এ।