চাকরি যখন ইচ্ছেঘুড়ি
চাকরি শব্দটি অনেকটা ‘দিল্লির লাড্ড’ুর মতোই! সোনার হরিণ চাকরি না পেলে জুতার সুকতলা ক্ষয় করে করে জান পেরেশান। আর তা পেলে মাথার ঘাম ফেলতে ফেলতে জীবন জেরবার। অধিকাংশ চাকুরের কাছেই নয়টা থেকে পাঁচটা সময়টুকু দুঃসহ কারাবাস! গাণিতিক জীবন-যাপন, বসের ঝাড়ি, মানসিক চাপ, শারীরিক অবসাদ—সব মিলিয়ে চাকরিজীবন সত্যিই বড় কাঠখোট্টা! তবে তার পরও এই কাঠখোট্টা জীবন মেনে নিতে হয় ওই একটি কারণেই—জীবিকা। কিন্তু এই চাকরিজীবন যদি হয় স্বাধীন, পাশাপাশি মাস শেষে আপনার পকেটটি যদি থাকে যথেষ্ট ভারী, তাহলে কেমন হয়? গা-ঝাড়া দিয়ে উঠলেন? হ্যাঁ, এমন কিছু পেশাও আছে বিশ্বের বিভিন্ন দেশে। সেসবের কথাই জেনে নিন এবার। যেসব পেশায় আপনি আপনার যোগ্যতায় মাস শেষে গুনবেন কড়কড়ে টাকা; কিন্তু কাজ করবেন আপনার ঘড়ি ধরে এবং দেখতে হবে না বসের রক্তচক্ষু!চিকিৎসা সহকারী (মেডিকেল অ্যাসিস্ট্যান্ট)চিকিৎসকের চেম্বার সচল রাখতে চিকিৎসা সহকারীর ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ। চেম্বারের যাবতীয় দাপ্তরিক এবং ক্লিনিক্যাল কাজ-কারবার সামলানোই এই পেশাজীবীদের দায়িত্ব। রোগীর মেডিকেল ফাইল হালনাগাদ-সংরক্ষণ, ফোনে কথা বলা, রোগীকে চেম্বারে গ্রহণ, সময়সূচি-বিল ইত্যাদি সামলানো মেডিকেল সহকারীর কাজের মধ্যে পড়ে। এ ছাড়া রক্ত নেওয়া, প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা, পরীক্ষা থেকে পাওয়া বিশেষ কোনো নমুনা সংরক্ষণ—এসব কাজও তাঁদের দায়িত্বে অন্তর্ভুক্ত হতে পারে কখনো-সখনো।যেখানে স্বাধীনতা: মেডিকেল সহকারী পেশাটি মূলত খণ্ডকালীন। কাজ করতে হয় দিনের একটি নির্দিষ্ট সময়ে। আবার কখনো তা সপ্তাহের বেঁধে দেওয়া এক বা একাধিক দিনে। চিকিৎসা ও চিকিৎসক-সংশ্লিষ্ট কাজ, তাই মেডিকেল সহকারীরা নিজেদের স্বাস্থ্যসেবাও পেয়ে যান মুফতে। সবচেয়ে বড় কথা হলো, মানসিক তৃপ্তি। কারণ, চিকিৎসকের পাশাপাশি একজন মেডিকেল সহকারীও মানুষেরই সেবা করেন।প্রশিক্ষণ: এই পেশায় নাম লেখাতে চাইলে আপনাকে অবশ্যই বিষয়টির ওপর সনদধারী হতে হবে। কিংবা সম্পন্ন করতে হবে ডিপ্লোমা। আর কিছু না হলেও নিদেনপক্ষে কোনো একজন চিকিৎসকের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাটুকু তো থাকতেই হবে।গ্রাফিক ডিজাইনারসৃজনশীল পেশাগুলোর মধ্যে গ্রাফিক ডিজাইনার অন্যতম। গ্রাফিক ডিজাইনাররা ভেবে ভেবে একটি বিষয়ের আইডিয়া বের করেন। তারপর সেই আইডিয়াটিকে ছবি, কথা ও লেখার মিশেলে জীবন্ত করে তোলেন দর্শকের সামনে। গ্রাফিক ডিজাইনার হিসেবে আপনার সৃজনশীলতার ছোঁয়া লাগতে পারে যেকোনো প্রকাশনায়, কোনো একটি পণ্যের ব্রশিওরে। কিংবা কোনো প্রতিষ্ঠানের লোগো বানানোও হতে পারে আপনার কাজ।যেখানে স্বাধীনতা: মজার ব্যাপার হলো, গ্রাফিক ডিজাইনারদের কোনো রকম অফিসের বালাই নেই। নিজের ঘরটাই অফিস, কাজের সময়সীমা নিজের হাতেই। ইচ্ছে হলো ভোর পাঁচটায়, নয় তো রাত দুইটায়—কাজ চলবে আপনার ইচ্ছেমতো। প্রশিক্ষণ: আমাদের দেশে বেশ কিছু প্রতিষ্ঠানে গ্রাফিক ডিজাইন বিষয়টি পড়ানো হয়। সেসব ডিগ্রি থাকলে তো কথাই নেই। আছে ডিপ্লোমা কোর্সও। আর কিছু না হলে শেষ ভরসা—অভিজ্ঞ একজনের শিষ্য হয়ে যাওয়া।চিকিৎসা প্রতিলিপিকার (ট্রান্সক্রিপ্টশনিস্ট) জটিল জটিল সব পরীক্ষা নিরীক্ষার পর রোগীর হাতে রিপোর্ট কার্ড ধরিয়ে দেওয়া হয়েছে। অথচ সেগুলো পাঠোদ্ধার করার ক্ষমতা কারোরই নেই। আসলেই যে কী রোগ, আর তা থেকে পরিত্রাণের উপায়টাই বা কী—বুঝতে পারছে না কেউ! কারণ, এসব বুঝতে হলে যে চিকিৎসাবিজ্ঞানই গুলে খেতে হবে আগে! তাই শেষ ভরসার নাম মেডিকেল প্রতিলিপিকার। এই পেশাজীবীরা মূলত রোগীর বিভিন্ন দুরূহ রেকর্ড পড়ে শোনান। পরামর্শ দেন বিভিন্ন সমস্যার। তাই এ পেশায় আসতে চাইলে আপনাকে জানতে হবে চিকিৎসাশাস্ত্রের বিভিন্ন পরিভাষা, অঙ্গব্যবচ্ছেদবিদ্যা, শারীরবৃত্ত এবং ডায়াগনস্টিক কার্যপ্রণালী। এ ছাড়া ওষুধপথ্য এবং চিকিৎসার মাত্রা নির্ধারণ সম্পর্কেও থাকতে হবে স্পষ্ট ধারণা। যেখানে স্বাধীনতা: মেডিকেল প্রতিলিপিকারদের কাজ হাসপাতাল বা কোনো চিকিৎসকের চেম্বারে হতে হবে, এমনটা কোথাও লেখা নেই। এই পেশাজীবীদের কাজ নিজের ঘরেই এবং অধিকাংশ সময়ই ইন্টারনেটে। অনুশীলন ও জটিল বিষয়ের সহজ ব্যাখ্যার গুণ থাকলেই এ পেশায় বাজিমাত। নিজের ঘরেই যখন সবকিছু, বুঝতেই পারছেন, কাজের সময়সীমাও থাকে নিজের হাতেই।প্রশিক্ষণ: সংশ্লিষ্ট বিষয়ে পড়াশোনা থাকলে উত্তম। এ ছাড়া এক বছরের ছোটখাটো প্রশিক্ষণ কর্মশালা থেকেও নিজেকে প্রস্তুত করা যায় এ পেশার জন্য। তবে অধিকাংশ সময়ই এ পেশার ক্ষেত্রে অভিজ্ঞতাকেই অগ্রাধিকার দেওয়া হয়।বিক্রয় প্রতিনিধিবিক্রয় প্রতিনিধি হিসেবে আপনি একাধারে একাধিক প্রতিষ্ঠানের হয়ে কাজ করতে পারেন। আপনার কাজ হবে সরাসরি ক্রেতার সঙ্গে। চাইলে ফোনে কথা বলেও তা সেরে ফেলতে পারেন। তাই এ পেশায় ঢোকার আগে এদিক-সেদিক ছুটোছুটি করার মতো মানসিক প্রস্তুতিটুকু থাকতে হবে অবশ্যই। তবে বেশির ভাগ সময় ফোনে কথা বলেই বিক্রয় প্রতিনিধিরা তাঁদের কথাগুলো পৌঁছে দিতে পারেন ক্রেতার কাছে। যেখানে স্বাধীনতা: দিনের ব্যবসায়িক কর্মকাণ্ডের সময়টুকুতেই বিক্রয় প্রতিনিধিদের ব্যস্ত থাকতে হয়। এই পেশায় হিসাবপত্তর এবং ক্রেতাকে বাগে আনার দক্ষতা বেশ কাজে দেয়। আর এসব দক্ষতার ওপর নির্ভর করবে কত দ্রুত আপনি আপনার উদ্দেশ্য হাসিল করতে পারবেন। মোট কথা, এ পেশায় আপনি নিজেই ঠিক করতে পারবেন আপনার সময়সূচি এবং কাজের ধরন।প্রশিক্ষণ: বৈজ্ঞানিক এবং প্রযুক্তিগত পণ্যের বিক্রয় প্রতিনিধির জন্য স্নাতক ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হয়। অন্যান্য পণ্যের বেলায় ডিপ্লোমা কোর্স সম্পন্ন থাকলেই চলে। আর এ পেশায় আরও ভালো কিছু করতে চাইলে আপনার পড়াশোনার বিষয় হতে পারে বিপণন, অর্থনীতি কিংবা যোগাযোগ।ওয়েব ডেভেলপার/ডিজাইনারওয়েবসাইট ডিজাইন এবং একটি মিথস্ক্রিয় মাধ্যম সৃষ্টিই একজন ওয়েব ডেভেলপার/ ডিজাইনারের প্রধান কাজ। এই পেশায় আপনি একটি ওয়েবসাইটের কোনো প্রকল্পের ডিজাইন করতে পারেন, হতে পারে তা কোনো মুঠোফোনের জন্যও। এ ছাড়া হরেক রকমের গ্রাফিক ডিজাইন এবং অ্যানিমেশন সফটওয়্যারের কারিগরও হতে পারেন একজন ওয়েব ডেভেলপার/ডিজাইনার।যেখানে স্বাধীনতা: ওয়েব ডিজাইনাররা অফিসে বসে কোনো প্রতিষ্ঠানের হয়ে কাজ করতে পারেন, চাইলে ঘরে বসেও তা সম্ভব। আর ফ্রিল্যান্স ওয়েব ডেভেলপার/ডিজাইনার হলে তো কথাই নেই, কাজের সময় ও ক্ষেত্র সব নিজের হাতে। তবে সবার আগে খরিদ্দারের বেঁধে দেওয়া দিন-তারিখের কথা মাথায় রাখতে হবে অবশ্যই।প্রশিক্ষণ: ওয়েব ডেভেলপিং/ডিজাইনিং বিষয়ে যেকোনো একটি কোর্স করা থাকলে খুব ভালো। অথবা অভিজ্ঞ ডিজাইনারের কাছ থেকে প্রশিক্ষণ নিয়েও এই পেশায় নামতে পারবেন আপনি। তবে ডিজাইন ফার্মগুলোতে চাকরি করতে চাইলে আপনার নামের পাশে একটি স্নাতক ডিগ্রি থাকলে সামনে এগিয়ে যান নির্দ্বিধায়।নিবন্ধিত সেবিকাহাসপাতাল, স্কুল, কমিউনিটি সেন্টার ও রোগীর আবাসস্থল—এসব জায়গা হতে পারে একজন নিবন্ধিত সেবিকার কর্মস্থল। তাঁর দায়িত্বের মধ্যে পড়বে—রোগীর যত্ন-আত্তি, পরীক্ষা-নিরীক্ষা করা, ওষুধ প্রয়োগ এবং রোগীর পুনর্বাসনে সহযোগিতা করা। মোট কথা, সেবিকার কাজ সেবা করা।যেখানে স্বাধীনতা: হাসপাতাল এবং সেবাদাতা প্রতিষ্ঠানগুলো খোলা থাকে দিন-রাত ২৪ ঘণ্টা। তাই সেবিকাদের কাজের সময় কখনো রাতে কখনো বা দিনে। কখনো কখনো তা সপ্তাহের নির্দিষ্ট কিছু দিনেও হতে পারে। তাই এ পেশায় একজন সেবিকা তাঁর কাজের সময় নির্বাচন করতে পারেন নিজের সুবিধামতো। দেখা গেল টানা তিন দিন কাজ করে গেলেন, সপ্তাহের বাকি দিনগুলো কেবলই আপনার। অথবা চাইলে সপ্তাহের ছয় দিনই স্বল্পমেয়াদি সময়ে ভাগ করে নিতে পারেন আপনার পেশাগত দায়িত্ব।প্রশিক্ষণ: সেবিকা হিসেবে ক্যারিয়ার গড়তে চাইলে নার্সিংয়ের ওপর ব্যাচেলর ডিগ্রি সম্পন্ন করতে পারেন। অনুমোদিত প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা কোর্স শেষ করেও নাম লেখাতে পারেন এ পেশায়।ইয়াহু জবস অবলম্বনে মাহফুজ রহমান