চাকরি যখন ইস্পাত শিল্পে

বাংলাদেশে এখন চাকরির বড় ক্ষেত্র হচ্ছে ইস্পাত শিল্প। দেশে এখন বড় বড় ভবন, অবকাঠামো তৈরি হচ্ছে। এই খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আগামী দিনে এই খাত আরও সমৃদ্ধ হবে। এই খাতে দক্ষ জনশক্তি প্রয়োজন পড়বে। শুধু কারখানায় কাজের জন্য নয়, প্রকৌশলী থেকে শুরু করে ব্যবস্থাপনা, বিপণনের মতো ক্ষেত্রেও এই শিল্পে লোকবল দরকার হবে। বর্তমানে দেশে চার শতাধিক কারখানায় তৈরি হচ্ছে রড। এর মধ্যে ৩০টির বেশি প্রতিষ্ঠান স্বয়ংক্রিয় পদ্ধতিতে রড তৈরি করে থাকে। বাংলাদেশে পরিচিত রড নির্মাতা হিসেবে সুনাম রয়েছে বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস (বিএসআরএম), কবির স্টিল রি-রোলিং মিলস (কেএসআরএম), রতনপুর স্টিল রি-রোলিং মিলসের (আরএসআরএম), আনোয়ার ইস্পাত, রহিম স্টিল মিলস, জিপিএস ইস্পাত প্রভৃতি প্রতিষ্ঠানের। প্রতিবছর এ শিল্পে দক্ষ প্রকৌশলীর পাশাপাশি অন্যান্য ক্ষেত্রে নতুন লোক প্রয়োজন পড়ছে।
রতনপুর স্টিলের মহাব্যবস্থাপক (বিক্রয়) মো. শফিকুল ইসলাম বলেন, ইস্পাতশিল্পে কারিগরি ও বিপণন এই দুটি ক্ষেত্রেই লোকের দরকার হয়। নতুনদের জন্য বিপণন বিভাগে প্রচুর সম্ভাবনা আছে। কারণ বাংলাদেশে এখন অবকাঠামো উন্নয়নের কাজ হচ্ছে প্রচুর। আগামী কয়েক দশক এই ধারা চলবে। তাই এ ক্ষেত্রটি খুবই সম্ভাবনাময়। এখানে বিপণনে অভিজ্ঞ লোক দরকার। যোগ্যতা হিসেবে স্নাতক, স্নাতকোত্তর হলে এই ক্ষেত্রটিতে আসা যায়। বিশেষ করে যাঁরা বিপণন কাজে আগ্রহী, তাঁদের পড়াশোনার ক্ষেত্র কমার্স বা মার্কেটিং হলে ভালো।
আনোয়ার গ্রুপের গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক মনোয়ার হোসেন বলেন, বাংলাদেশে এখন ইস্পাতশিল্পে দক্ষ লোকবলের ঘাটতি আছে। এই ক্ষেত্রটি এখন সম্ভাবনাময়। মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, পিএলসি প্রভৃতি ক্ষেত্রে পড়াশোনা যাঁরা করছেন, তাঁদের কাজের সুযোগ রয়েছে এই শিল্পে। তবে সত্যি কথা বলতে, বাংলাদেশে মানসম্মত শিক্ষার ঘাটতি রয়েছে এ ক্ষেত্রে। হাতে-কলমে শেখা দক্ষ লোকের সংকট এখন। মনোয়ার হোসেন বলেন, আনোয়ার গ্রুপ শুধু এ বছরেই ৬০ জন প্রকৌশলী নিয়েছে, যাঁদের মধ্যে ৩০ জনের শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা আর বাকি ৩০ জনের বিএসসি। এঁদের নিয়োগ দিয়ে দুই বছর প্রশিক্ষণ দেবে আনোয়ার ইস্পাত। তাঁদের দক্ষ করে তোলার দায়িত্ব প্রতিষ্ঠানের। আর ইস্পাত শিল্পে যাঁরা কাজ করেন, তাঁরা অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় কিছুটা বেশি বেতন পান। আনোয়ার ইস্পাতের ভালো বেতন দেওয়ার ক্ষেত্রে সুনাম রয়েছে। তবে এ ক্ষেত্রটিতে কাজ পেতে হলে শুরু থেকেই পড়াশোনায় মনোযোগী হতে হবে। বুয়েটের মতো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করা প্রকৌশলীরা বেশি প্রাধান্য পান এ ক্ষেত্রে। এ ছাড়া এমআইএসটি, চুয়েট, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও গুরুত্ব পান।
বিএসআরএমের নির্বাহী পরিচালক তপন সেনগুপ্ত বলেন, ‘আমাদের দেশে অবকাঠামো তৈরির হার বাড়ছে। তাই ইস্পাত শিল্পটি সম্ভাবনাময়। এখানে চাকরির সুযোগ অনেক। বিএসআরএমে তিন হাজারেরও বেশি কর্মী রয়েছেন। এখানে যেমন দক্ষ ও অভিজ্ঞদের জন্য সুযোগ রয়েছে, তেমনি নতুনদের জন্যও সুযোগ থাকছে। স্নাতক, স্নাতকোত্তর, এমবিএ কিংবা প্রকৌশল বিষয়ে শিক্ষা নিলে এই ক্ষেত্রে কাজ করার সুযোগ বেশি। দক্ষতার সঙ্গে কাজ করতে পারলে বেতন নিয়ে কোনো সমস্যা হয় না।
এ শিল্পে চাকরির জন্য দরকার ‘এডুকেশন, ডেডিকেশন, কনসেনট্রেশন’। এ ছাড়া শেখার অদম্য আগ্রহ, সৃজনশীলতা ও কর্মোদ্যম হওয়া জরুরি। এ ক্ষেত্রে প্রকৌশলী, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, বিজনেস স্কুল স্নাতক ও অন্যান্য বিভাগ থেকে স্নাতকদেরও সুযোগ রয়েছে।
অধিকাংশ পরিচিত ইস্পাত নির্মাতা প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইটে ক্যারিয়ার-বিষয়ক একটি মেনু রয়েছে। এখানে চাকরির জন্য পত্রিকায় বিজ্ঞাপন দিয়েও অনেক সময় লোক চাওয়া হয়। চাকরির জন্য আবেদন করে নিজের যোগ্যতার পরিচয় দিতে পারলে ইস্পাতশিল্পে কাজ করে সচ্ছলভাবে জীবনযাপন করা যায়।