আপনি কী বিষয়ে পড়াশোনা করছেন? ‘ফুটওয়্যার ইঞ্জিনিয়ারিং।’ কেন এই বিষয় পড়াশোনা করছেন? বাংলাদেশ কলেজ অব লেদার টেকনোলজির ফুটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শাহিদুল ইসলাম বলেন, ‘ছোটবেলা থেকে ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা ছিল। বিভিন্ন ধরনের ডিজাইন করতে ভালো লাগে। এখানে পড়ে আমি আমার মনের মতো ডিজাইন করতে পারি। এই কারণে এখানে ভর্তি হয়েছি।’ আবার প্রশ্ন করি, পড়াশোনা শেষ করে কী করবেন? উত্তরে বলেন, ‘ইংল্যান্ডে থেকে ফুটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের ওপর উচ্চতর ডিগ্রি নেওয়ার ইচ্ছা আছে।’ একই বিভাগের ছাত্রী ফাতেমা তুজ জোহরা ও মাহজেরিন ইসলাম বলেন, বাংলাদেশে এই বিষয়ের ওপর অনেক সম্ভাবনা আছে। কর্মক্ষেত্রে শতভাগ নিশ্চয়তা। সে কারণে এখানে পড়তে আসা।কেন পড়বেন‘চামড়াশিল্প আমাদের দেশে একদিন তৈরি পোশাকশিল্পের মতো গড়ে উঠবে ( যখন সাভারে স্থানান্তর করা হবে)। বাংলাদেশ কলেজ অব লেদার টেকনোলজিতে সর্বাধিক ও যুগোপযোগী শিক্ষা দেওয়া হয়। এখানে শুধু চামড়া বিষয় পড়ানো হয় না। সঙ্গে সঙ্গে ব্যাংকিং, পরিবেশবিজ্ঞান ব্যবস্থাপনা, পরিসংখ্যান, কম্পিউটার প্রভৃতি বিষয়ে শিক্ষা দেওয়া হয়।’ কথাগুলো বলছিলেন লেদার টেকনোলজির প্রোডাক্টস ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক হীরালাল পাল।প্রোডাক্টস ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের ছাত্র রিপন ও শুভ মনে করেন, এখান থেকে পড়াশোনা শেষ করার পর বিভিন্ন ক্ষেত্রে খুব সহজে যুক্ত হওয়া যায়। কর্মক্ষেত্রে এর বেশ চাহিদা। পড়াশোনার পাশাপাশি খণ্ডকালীন কাজ হিসেবে হাজারীবাগ এলাকায় ট্যানারিগুলোতে কাজ করার সুযোগ থাকে।কী কী বিষয় পড়ানো হয়বাংলাদেশ কলেজ অব লেদার টেকনোলজিতে চার বছরে তিনটি কোর্সের ওপর বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়। বিষয়গুলো হলো: বিএসসি ইন লেদার ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইন ফুটওয়্যার ইঞ্জিনিয়ারিং ও বিএসসি ইন লেদার প্রোডাক্টস ইঞ্জিনিয়ারিং।ভর্তির যোগ্যতাবাংলাদেশ কলেজ অব লেদার ইঞ্জিনিয়ারিং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে চার বছর মেয়াদি বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়। এতে ভর্তি হওয়ার জন্য অবশ্যই এসএসসি ও এইচএসসি বিজ্ঞান বিভাগে দুটি মিলে জিপিএ ৭.৫ থাকতে হবে। এ ছাড়া এইচএসসি অথবা সমমানের পরীক্ষায় অবশ্য জিপিএ ৪ থাকতে হবে। চতুর্থ বিষয় বাদ দিয়ে জিপিএ হিসাব করা হয়। সঙ্গে পদার্থবিজ্ঞান, রসায়ন এবং গণিত থাকতে হবে। ভর্তি পরীক্ষায় লিখিত বিষয় ও নম্বর: রসায়ন ৮০, পদার্থবিদ্যা ৫০, গণিত ৫০, ইংরেজি ২০ নম্বরে।খরচতুলনামূলকভাবে খরচ কম। ভর্তির সময় শিক্ষার্থীকে ১১ হাজার টাকা দিয়ে ভর্তি হতে হবে। প্রতিবছর ক্রেডিট ফি দিতে হয়।আসনবিন্যাসতিনটি কোর্সে আসন রয়েছে ১২০টি। বিএসসি ইন লেদার ইঞ্জিনিয়ারিংয়ে ৩০টি, বিএসসি ইন ফুটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে ৩০টি ও বিএসসি ইন লেদার প্রোডাক্টস ইঞ্জিনিয়ারিংয়ে ৩০টি। মোট আসনের ১০ ভাগ মেয়েদের ও ৫ ভাগ আদিবাসীদের জন্য বরাদ্দ দেওয়া হয়।কী কী সুযোগ-সুবিধাশিক্ষার্থীদের জন্য লাইব্রেরি, উন্নতমানের ল্যাব ও গবেষণা, ইন্টারনেট ব্যবহারের জন্য রয়েছে একটি সাইবার সেন্টার এবং ছেলেদের জন্য দুটি ছাত্রাবাস ও মেয়েদের জন্য রয়েছে একটি।কাজের সুযোগপড়াশোনা শেষ করার পর সবাই খোঁজেন চাকরি; দেশে কিংবা বিদেশে। এ ক্ষেত্রে লেদার কলেজ থেকে পড়াশোনার পর আপনাকে তেমন হয়রানি হতে হবে না। দেশে-বিদেশে ফুটওয়্যার ও প্রোডাক্টস চাহিদা ব্যাপক। বিশেষ করে ইংল্যান্ড, জার্মানি, ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা, মধ্যপ্রাচ্যের দেশগুলো, চীন, জাপান, কোরিয়াসহ অন্যান্য দেশে। আমাদের দেশে বিভিন্ন ট্যানারি শিল্পপ্রতিষ্ঠান, বিভিন্ন জুতা কোম্পানি, লেদার প্রোডাক্টস কোম্পানি ইত্যাদি প্রতিষ্ঠানে অনেক কর্মক্ষেত্রের সুযোগ রয়েছে।যোগাযোগ: বাংলাদেশ কলেজ অব লেদার টেকনোলজি, ৪৪-৫০ হাজারীবাগ, ঢাকা -১২০৯। ই-মেইল: [email protected], [email protected]