চাকরি রাজ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনএসইউ ন্যাশনাল ক্যারিয়ার ফেয়ার। নাম শুনেই বোঝা যাচ্ছে মেলাটা চাকরির। বাংলাদেশের অন্যতম বড় চাকরির মেলা এটি। এই মেলায় যাঁরা এসেছিলেন, তাঁদের একটা বড় অংশই দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী। কেউ এসেছিলেন নিজের জীবনবৃত্তান্ত সঙ্গে নিয়ে, কেউ বা শুধুই মেলা দেখতে।রবির আলোকচ্ছটামুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবির প্যাভিলিয়নে ঢুকলেই কম্পিউটারের মাধ্যমে বেছে নেওয়ার সুযোগ ছিল ইন্টারভিউ টিপস, সিভি তৈরির পরামর্শ অথবা ইন্টারনেট ব্রাউজিং উপভোগের সুবিধা। আর এ সবই মিলেছে একেবারে বিনা মূল্যে। রবির কর্মকর্তাদের কাছ থেকে ইন্টারভিউয়ের কলাকৌশল জেনে নেওয়া, সিভি তৈরির আদর্শ উপায় শিখে নেওয়া অথবা বিনা মূল্যে ইন্টারনেটে ফেসবুক স্ট্যাটাসটা আপডেট করা—কোনোটাতেই আগ্রহের কমতি ছিল না মেলায় আসা দর্শনার্থীদের। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের জান্নাতুল ফেরদৌস ইন্টারভিউতে অংশ নেওয়ার কৌশল জানার সেশনে অংশগ্রহণ করে জানালেন, ইন্টারভিউ-সম্পর্কিত এসব টিপস শুধু চাকরির ইন্টারভিউতেই নয়, বরং বিশ্ববিদ্যালয়ের যেকোনো মৌখিক পরীক্ষাতেও কাজে লাগবে।নতুনদের খোঁজে জিপি আইটিগ্রামীণফোনের অঙ্গ প্রতিষ্ঠান জিপি আইটির স্টলে বেশি ভিড় ছিল প্রধানত প্রযুক্তিবিদ্যার শিক্ষার্থীদের। জিপি আইটি খুঁজছিল একেবারে ফ্রেশ গ্র্যাজুয়েটদের। বুয়েটের সুমন বিষয়টিকে খুব ইতিবাচকভাবে দেখছেন। তাঁর মুখেই শোনা যাক, ‘ফ্রেশ গ্র্যাজুয়েটরা যদি শুরুতেই এ রকম ভালো ব্র্যান্ড নেমের প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ পান, তবে তা অবশ্যই তাঁদের সুন্দর ক্যারিয়ার গড়তে সাহায্য করবে।’প্রথম আলো জবসআজকাল বেশির ভাগ বেসরকারি প্রতিষ্ঠানই চাকরির আবেদনপত্র জমা নেয় অনলাইনে। মেলায় আসা অনেকেই অনলাইনে সিভি জমা দেওয়া জানতেন না। তাঁরা মেলার প্রাঙ্গণ ছাড়ার আগেই শিখে গেছেন কীভাবে অনলাইনে সিভি জমা দিতে হয়। আর শিখবেনই বা না কেন! মেলায় যে প্রথম আলো জবসের স্টলে ছিল অনলাইনে সিভি জমা দেওয়ার বিষয়টি হাতে-কলমে শেখার আয়োজন।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের মিজানুর রহমান মেলায় এসে অনলাইনে সিভি জমা দেওয়ার পদ্ধতি শিখতে পেরে বেজায় খুশি।এনএসইউর ইয়েসসিভি নেই? নো টেনশন। প্রতিবারের মতো এবারও এনএসইউর ইয়েসের (ইয়াং এন্টারপ্রেইনার সোসাইটি) সদস্যরা মেলায় আসা দর্শনার্থীদের, যাঁরা সিভি নিয়ে আসেননি, তাঁদের কম্পিউটারে সিভি তৈরি করে প্রিন্ট করে দিচ্ছিলেন নামমাত্র খরচে। ইয়েসের সেক্রেটারি (মার্কেটিং) ফয়সাল জামান জানালেন, ‘এবারের মেলায় আমরা প্রায় ৩০০ সিভি তৈরি করেছি, আর প্রিন্ট করে দিয়েছি প্রায় এক হাজার সিভি।’রেডিও জকির খোঁজেএফএম রেডিও স্টেশন রেডিও ফুর্তি খুঁজছিল রেডিও জকি। তাই এই স্টলেও ভিড় কম ছিল না। জমা পড়েছে অসংখ্য সিভি।দুই দিনে ১৪ সেমিনারমেলার দুই দিনে মোট ১৪টি সেমিনার ছিল। দেশি, বিদেশি ও বহুজাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের এসব সেমিনারে শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান, ব্যাংক, বাণিজ্য প্রতিষ্ঠানের দেশি-বিদেশি কর্মকর্তা এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এসব সেমিনারে চাকরিপ্রার্থী ও সাধারণ শিক্ষার্থীরা ক্যারিয়ার-সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন করেছেন প্রাণখুলে। এবং সেই সব প্রশ্নের উত্তরও পেয়েছেন ঠিকঠাক।দর্শনার্থীর দর্শনঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তপুর ভাষায়, ‘চাকরি-সংক্রান্ত এ টু জেড জানার মতো একটা মেলা হলো ন্যাশনাল ক্যারিয়ার ফেয়ার। আমি এবারের মতো গত বছরও এসেছিলাম বন্ধুদের সঙ্গে। কারণ, চাকরিজীবনে প্রবেশ করার আগেই এখান থেকে অনেক কিছু জানা যায়।’নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিবিএর শিক্ষার্থী নূর মোহাম্মদ রানা জানালেন, ‘সব স্টল দুই ভাগে ভাগ করে নিয়ে মেলার দুই দিনে ঘুরে দেখেছি। যতগুলো সম্ভব সেমিনারে অংশ নিয়েছি।’জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কানিজ ফাতিমা ঢুঁ মারছিলেন প্রযুক্তি প্রতিষ্ঠানের স্টলগুলোতে। তিনি বললেন, ‘যেসব প্রযুক্তি প্রতিষ্ঠান ফ্রেশ গ্র্যাজুয়েট চাইছে, সেগুলোতেই শুধু সিভি ড্রপ করছি।’ আবার হলি ফ্যামিলি মেডিকেল কলেজের সুলভ, আনিকা, জিশান এসেছিলেন বড় বড় প্রতিষ্ঠানের চোখ-ধাঁধানো স্টল দেখতে আর বড় বড় কর্মকর্তার সঙ্গে পরিচিত হতে।আয়োজনের নেপথ্যেনর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ২০০১ সালে প্রথম আয়োজনের পর এবারেরটি ছিল সপ্তমবারের মতো। এবারের মেলায় অংশগ্রহণ করেছিল ৭০টি প্রতিষ্ঠান।মেলায় স্বেচ্ছাসেবকের দলে ছিলেন শাফী, মামুন, ফয়সাল, ইয়াসির, সাদাত, পারভেজ, প্রত্যয়, শাফীসহ এনএসইউয়ের দেড় শতাধিক শিক্ষার্থী। শিক্ষকদের নেতৃত্বে পুরো আয়োজনের তত্ত্বাবধানে ছিলেন তাঁরা।এনএসইউর গণযোগাযোগ কর্মকর্তা বেলাল আহমেদ জানালেন, ‘নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় শুধু গ্র্যাজুয়েট তৈরি করে না, বরং তাঁদের চাকরির বিষয়েও দিকনির্দেশনা ও সহযোগিতা প্রদানের চেষ্টা করে। এ জন্যই এই মেলা আমরা প্রতিবছর আয়োজন করি। দেশের বড় বড় ব্যাংক, মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান, গণমাধ্যম, ফার্মাসিউটিক্যাল কোম্পানি, প্রযুক্তি প্রতিষ্ঠান, বিজ্ঞাপনী সংস্থা ও বাণিজ্য সংস্থাগুলোকে নিবিড়ভাবে পরিচয় করিয়ে দিতে পারি সাধারণ শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের সঙ্গে। আমরা আশা রাখি, ভবিষ্যতে এই মেলা আন্তর্জাতিকভাবে আয়োজনের।’