চাকরি হাজির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাকরিদাতা ও যুক্তরাজ্যফেরত চাকরিপ্রার্থীরা মুখোমুখি হয়েছিলেন ক্যারিয়ার সামিটে। ছবি: এম আনামুল হক
চাকরিদাতা ও যুক্তরাজ্যফেরত চাকরিপ্রার্থীরা মুখোমুখি হয়েছিলেন ক্যারিয়ার সামিটে। ছবি: এম আনামুল হক

আসলাম তাইসির পড়ালেখা করেছেন ইংল্যান্ডে। ২০১৩ সালে ইউনিভার্সিটি অব গ্লস্টারশায়ার থেকে স্নাতক শেষ করেছেন। এরপর ইউনিভার্সিটি অব সান্ডারল্যান্ড থেকে এমবিএ করে মাতৃভূমির টানে ফিরে এসেছেন বাংলাদেশে। কিন্তু দেশে এসে তিনি খানিকটা সংশয়ে ভুগছেন। ঠিক কী ধরনের চাকরি করবেন কিংবা কোন প্রতিষ্ঠানে কাজ করলে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারবেন, বুঝে উঠতে পারছেন না।
শুধু তাইসিরই নন, তাঁর মতো আরও অনেকেই যুক্তরাজ্য থেকে ডিগ্রি নিয়ে দেশে ফিরে বিভিন্ন রকম সংশয়ের সম্মুখীন হয়েছেন। তাঁদের এই সংশয়কে কিছুটা লাঘব করতেই ব্রিটিশ কাউন্সিলের সার্ভিসেস ফর ইন্টারন্যাশনাল এডুকেশন মার্কেটিংয়ের (এসআইইএম) আয়োজনে এই মাসের ২১ তারিখ ফুলার রোডে প্রতিষ্ঠানটির নিজস্ব কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত হয়ে গেল ‘ক্যারিয়ার সামিট ২০১৫’। যে সামিটের মূল উদ্দেশ্যই ছিল দেশের বিভিন্ন শিল্প খাতের বড় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যুক্তরাজ্য থেকে স্নাতক ডিগ্রিধারীদের সংযুক্ত করে দেওয়া। দেশে তাঁদের ক্যারিয়ার গড়ে তোলার সুযোগ সৃষ্টি করা।
ব্রিটিশ কাউন্সিলের লাইব্রেরি-সংলগ্ন অডিটোরিয়ামে ঢুকতেই দেখা গেল দেয়ালের চারধার ঘিরে অনেকগুলো টেবিল বসানো। যার এক পাশে বসে দেশের খ্যাতনামা বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। আর মাঝখানে ঘোরাফেরা করছিলেন যুক্তরাজ্য-ফেরত বেশ কজন তরুণ-তরুণী। তাঁরা ঘুরে দেখছিলেন, কথা বলছিলেন প্রতিনিধিদের সঙ্গে, জমা দিচ্ছিলেন নিজের জীবনবৃত্তান্ত। ইউনিলিভার, রবি, এইচএসবিসি, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ম্যাক্সওয়েল স্ট্যাম্প, কনজ্যুমারক ও ডিএফআইডিসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
চাকরিদাতারা চাকরিপ্রার্থীদের পড়ার বিষয়, প্রত্যাশিত বেতন, অভিজ্ঞতা, প্রযুক্তিবিষয়ক দক্ষতা এবং তাঁদের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে রেফারেন্সের ওপর ভিত্তি করে প্রার্থীদের মূল্যায়ন করেন। পাশাপাশি সামিটে পেশাভিত্তিক কোর্স, জীবনবৃত্তান্ত লেখা, সাক্ষাৎকার দেওয়াসহ বিভিন্ন বিষয়ে দিনব্যাপী কয়েকটি উন্মুক্ত অধিবেশন অনুষ্ঠিত হয়। মানবসম্পদ বিশেষজ্ঞ, যুক্তরাজ্যের প্রতিনিধি এবং ব্রিটিশ কাউন্সিলের অ্যালামনাইরা ক্যারিয়ার সামিটটি পরিচালনা করেন।
পেশাগত জীবন নিয়ে উচ্চাকাঙ্ক্ষীদের একটা বড় অংশ যুক্তরাজ্যের মর্যাদাপূর্ণ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যালামনাই। বাংলাদেশে ফিরে তাঁরা দেশেই তাঁদের সম্ভাবনাময় ক্যারিয়ার গড়ে তুলতে চান। এই ‘ক্যারিয়ার সামিট’ আয়োজনের লক্ষ্য ছিল এসব সম্ভাবনাময় শিক্ষার্থীর পেশাদারি ভবিষ্যৎ গঠনে সহায়তা করা। পাশাপাশি, সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়ার ক্ষেত্রে নিয়োগদাতাদের জন্য প্ল্যাটফর্ম তৈরি করা।
কথা হচ্ছিল ব্রিটিশ কাউন্সিলের সার্ভিসেস ফর ইন্টারন্যাশনাল এডুকেশন মার্কেটিং পার্টনারশিপ এবং প্রোগ্রামের প্রজেক্ট ম্যানেজার এম জহির উদ্দিনের সঙ্গে। তিনি বললেন এই আয়োজনের পেছনের কথা, ‘আমরা কিছুদিন আগে একটা সার্ভে করেছি, যেখানে যেসব শিক্ষার্থী দেশের বাইরে পড়তে যায়, তাদের উদ্দেশ্যটা জানার চেষ্টা ছিল। দেখা গেল, শিক্ষার্থীদের বাইরের ডিগ্রি নিতে আগ্রহী হওয়ার পেছনে বেশ বড় একটি ভূমিকা রাখে এ দেশের নিয়োগকারীদের চাহিদা। তাই আমরা চেয়েছিলাম এই শিক্ষার্থীরাই যখন দেশে ফিরে আসে, তখন তাদের সঙ্গে সেই স্বনামধন্য প্রতিষ্ঠানগুলোর হিউম্যান রিসোর্সের প্রতিনিধিদের সঙ্গে একধরনের পরিচয় করিয়ে দেওয়া দরকার। এই ভাবনা থেকেই ক্যারিয়ার সামিট আয়োজন করা হয়েছে।’ ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের সামিট আয়োজনের ব্যাপারে আশা প্রকাশ করেন তিনি।