চাকরি হারানোর গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মনে অনেক হতাশা থাকলেও শেষ পর্যন্ত বেশ সেজেগুজেই রওনা দিলাম শ্রাবন্তীর বিয়েতে। যেতে তো হবেই, হাজার হোক অফিসের কলিগ, একসঙ্গেই কাজ করতে হবে। দোষ তো আর ওর নয়, এত সুযোগ পেয়েও মনের কথাটা আমিই তো বলতে পারলাম না। এই যেমন বিয়ের কার্ডটা দেওয়ার সময় ও কেমন করে জানি তাকাল, মনে হলো অনেক বিষণ্নতা ছেয়ে আছে ওকে। আমার জন্যই নিশ্চয়, আমি অবশ্য এযাত্রায় বেশ পেশাদারি ভাব দেখালাম, হাসিমুখে অভিনন্দন জানালাম। আর মনে মনে কষে একটা লাথি দিলাম নিজেকে, ওই তো ছিল শেষ ভরসা, বাকি সব আগেই পার হয়ে গেছে। না, আমার বোধ হয় আর হলো না।ট্রাফিক জ্যামে বসে বসে ওর কথাই ভাবছি। অফিসে যোগদান করে কয়েক দিনের মধ্যেই জেনে গেলাম, আর মাত্র আমরা দুজনই অবশিষ্ট আছি, মানে আমরা দুজনই শেষ ব্যাচেলর আরকি। একেই বলে কপাল। একেবারে ফাঁকা মাঠে গোল দেওয়া যাবে। বরাবরের মতো খুব দ্রুতই ভালোবাসার ডালপালা ছড়িয়ে গেল আমার মনে। ওর ব্যাপারটা অবশ্য ঠিক বোঝা যাচ্ছিল না, তবে মনে হলো, কী জানি বলতে চায় আমাকে। কী সে বলবে, তা তো আমার জানাই আছে, তবে ঠিক করলাম সারপ্রাইজটা আমি নিজেই দেব। জানিয়ে দেব আমার মনের কথা...তোমাকে চাই। কিন্তু তার আগেই হাসিমুখে গিলতে হলো ওর বিয়ের দাওয়াতটা। বিয়ের দাওয়াত খেয়েই বোধ হয় জীবনটা পার করে দিতে হবে। ফোন বাজছে। একি, শ্রাবন্তীর ফোন! এই অসময়ে! ধরলাম, রাতুল, কই তুমি? আসছি। প্লিজ, একটু তাড়াতাড়ি এসো, জরুরি কাজ আছে। ওর বিয়ের দিন আবার জরুরি কাজ কী, বুঝলাম না, তা-ও আমার সঙ্গে, ট্যাক্সি ড্রাইভারকে বললাম আরও জোরে ছুটতে।ক্লাবে পৌঁছে দেখি, শ্রাবন্তী গল্প করছে ওর কয়েকজন বান্ধবীর সঙ্গে। বেশ তাড়াতাড়ি পৌঁছে গেছি দেখছি, এখনো তেমন কেউ আসেনি। বরের অনেক আগেই দেখি কনে এসে হাজির, এত তাড়াহুড়া! আমাকে দেখেই কাছে এসে হুড়মুড় করে ও যা বলল, তা হজম করতে আমার বেশ একটু সময় লাগল, হার্টবিটও মিস হলো মনে হয় কয়েকটা। ওর এই বিয়েতে মত নেই, তাই পালাতে চায়। আমাকে নির্দেশ দিল, কলাবাগানের জন্য একটা ট্যাক্সি ঠিক করে বাইরে দাঁড়াতে। ও সব ঠিকঠাক করে আসছে। কিছু বলার মতো অবস্থায় অবশ্য আমি নেই, চুপচাপ বেরিয়ে এলাম। ভাবছি, এত নাটকীয়তাও জমা ছিল আমার জীবনে! আমার অবশ্য তেমন কোনো সমস্যা নেই, মা বরং বেশ খুশি হবেন, আমার একটা গতি হয়েছে দেখে। কিছুক্ষণ পর ও এসে তাড়াতাড়ি ট্যাক্সিতে উঠল। চলো, ড্রাইভার। ড্রাইভার বেটা কেমন জানি সন্দেহজনক চোখে তাকাচ্ছে, বুঝে গেল নাকি বিয়ের পাত্রী নিয়ে পালাচ্ছি। গাড়ি শেষ পর্যন্ত চলা শুরু করল। পথে তেমন একটা কথা হলো না। কী দরকার, কথা বলার জন্য তো সারা জীবন পড়েই রইল। আমি শুধু জিজ্ঞেস করলাম, কলাবাগান কেন? সব ঠিক করা আছে—ও বলল। মানতেই হলো, যুগ এখন মেয়েদের। বেশ দ্রুত পৌঁছে গেলাম গ্রিনলাইন বাস কাউন্টারে। ট্যাক্সি থেকে নামতেই দেখি এক সুদর্শন যুবক উদ্বিগ্ন মুখে এগিয়ে এল। শ্রাবন্তীকে বলল ‘শেষ পর্যন্ত আসলে তুমি...কী যে দুশ্চিন্তায় ছিলাম...।’রাশেদুন্নবীমহাখালী, ঢাকা।