চাকরিটা খণ্ডকালীন
বড়রা বলেন, ‘মানুষ যেদিন নিজের বোঝা নিজে টানতে শেখে, সেদিনই সে বড় হয়ে যায়।’ বড় হওয়ার অন্যতম প্রধান লক্ষণ হলো, নিজের খরচটা নিজেই সংস্থান করতে জানা। তাই কলেজ বা বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীর চেষ্টা থাকে ‘বড়’ হয়ে ওঠার। তাই তরুণ, ছাত্র, যুবা—এখন সবারই পছন্দ ‘খণ্ডকালীন চাকরি’, যাকে সহজ ইংরেজিতে বলে ‘পার্টটাইম জব’! যাতে পরিশ্রম থাকে কম, সময়ও ব্যয় হয় কম, কিন্তু দিব্যি হাতখরচটা উঠে আসে।ইভেন্ট ম্যানেজমেন্টশাহরিয়ার আবীর। উচ্চমাধ্যমিক শেষ করে শখের বশেই খণ্ডকালীন কাজ শুরু করেছিলেন একটি কোম্পানিতে। অভিজ্ঞতা অর্জনের পর এখন কাজ করছেন এশিয়াটিক ইভেন্টসের প্রজেক্ট অফিসার হিসেবে। গ্র্যাজুয়েশনের ফাঁকে ফাঁকেই চলছে চাকরি। বললেন, ‘ইভেন্ট ম্যানেজমেন্ট মূলত স্মার্ট তরুণদের কাজ। এ জন্য প্রয়োজন যোগাযোগে দক্ষ ছেলেমেয়ে। কাজ বলতে থাকে বিভিন্ন ব্র্যান্ড প্রমোট করা, ক্যাম্পেইন করা কিংবা অনুষ্ঠানে সহায়তা করা ইত্যাদি। কাজগুলো হয় দিন, সপ্তাহ কিংবা মাসভিত্তিক। প্রতিদিন ৪০০ থেকে শুরু করে এক হাজার টাকা পর্যন্ত আয় করা কোনো ব্যাপারই না এ কাজে। প্রয়োজন যোগাযোগ এবং শতভাগ একাগ্রতা।’ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি গ্রে বাংলাদেশের ঢাকা শাখার জেনারেল ম্যানেজার এম এ মারুফ বললেন, ইভেন্ট ম্যানেজমেন্টে শেখার অনেক কিছু আছে। বিভিন্ন দেশের, এলাকার বিভিন্ন মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ে। ব্যবস্থাপনার মৌলিক ধারণা শিখতে পারে। আরও শিখতে পারে, করপোরেট দুনিয়ার হালচাল। গ্রেতে যেকোনো কাজের আগে প্রশিক্ষণ দেওয়া হয়। ভাবছেন, কীভাবে যোগাযোগ করবেন ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিগুলোর সঙ্গে? সরাসরি অফিসে চলে যান নির্দ্বিধায়। অথবা সিভি মেইল করুন এই ঠিকানায়। [email protected]@asiaticevents.comকেএফসি বা পিৎজা হাটভাবা যায়, বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আসা ছাত্রছাত্রীরা চিকেন ফ্রাই করছেন; বার্গার, স্যান্ডউইচ থেকে শুরু করে সবকিছুই তাঁরা তৈরি করছেন। আরেক দল ছেলেমেয়ে সেগুলো সুন্দর করে সাজিয়ে পরিবেশনে সহায়তা করছেন, আর কেউ বা কাজ করছেন ক্যাশ কাউন্টারে। কেএফসি, পিৎজা হাটই শুধু নয়, বড় শহরগুলোতে গড়ে ওঠা আন্তর্জাতিক মানের এ সব ফাস্টফুড শপে যাঁরা খণ্ডকালীন কাজ করেন, তাঁদের ৯০ শতাংশই শিক্ষার্থী।কথা বলি ইডেন কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী লামিয়ার সঙ্গে। লামিয়া জানান, ‘কেএফসিতে কাজ করছি বছর হয়ে গেল। কখনো খাবার সরবরাহ করি, কখনো ক্যাশ কাউন্টারে কাজ করি। বিশ্বের অনেক দেশে কেএফসি রয়েছে। এখানে কাজ করার অভিজ্ঞতা ভবিষ্যতে বিদেশেও কাজ পেতে সহায়ক হবে। তা ছাড়া এখানে আয়ও ভালো’ সুপার শপআগোরা কিংবা মীনা বাজারের মতো সুপার শপগুলোতে শিক্ষার্থীরা কাজ করছেন অনেক দিন ধরে। দিহানের কথাই ধরুন না। ধানমন্ডির আগোরায় কাজ করছেন চার মাস হলো। সকালে ক্লাস শেষ করে বিকেলে ক্যাশ কাউন্টারে কাজ। সন্ধ্যার মুখে বাড়ি ফেরা। আর কী চাই? তাই তো তিনি বললেন, ‘সারা দিন ছোটাছুটির মাঝে থাকি। বদরুন্নেসায় ক্লাস শেষ করে বিকেলে কাজ করি। সন্ধ্যাবেলা এক ঘণ্টা ঘুমিয়ে নিয়ে পড়তে বসা, টিভি দেখা সবই হয়। মাস শেষে নিজের খরচটাও নিজে করি। মা-বাবা তো অনেক খুশি, আমি নাকি এত দিনে বড় হয়েছি!’দিহান, আবীর কিংবা সুমির মতো আপনিও শুরু করুন পড়ার পাশাপাশি কিছু খণ্ডকালীন চাকরির অভ্যাস।বিজ্ঞাপনী সংস্থাবাংলা বিজ্ঞাপন দেখে আপনার কি মনটা ‘হায় হায়’ করে ওঠে? মনে হয়, এর চেয়ে কত ভালো বিজ্ঞাপনের আইডিয়া আমার কাছে আছে! হ্যাঁ, আপনার জন্যই আছে বিজ্ঞাপনী সংস্থায় কাজ করার সুযোগ। কারণ, বিজ্ঞাপনী সংস্থাগুলো অপেক্ষা করছে আপনার আইডিয়ার জন্যই! ক্যারট কমিউনিকেশনে কর্মরত তাওহীদ মিল্টন বললেন, বিজ্ঞাপনের ক্ষেত্রে বাংলাদেশে উজ্জ্বল ভবিষ্যৎ গড়া সম্ভব। কারণ, একটি ভালো বিজ্ঞাপনের ধারণার মূল্য অনেক। পড়ালেখার পাশাপাশি সৃজনশীল পেশায় যাঁরা যুক্ত হতে চান, তাঁদের প্রথম পছন্দ হতে পারে বিজ্ঞাপনী সংস্থাগুলো। ইন্টারস্পিড অ্যাডভার্টাইজিং লিমিটেডের এক্সিকিউটিভ ক্রিয়েটিভ ডিরেক্টর কৌশিক দে জানালেন, পড়ালেখার পাশাপাশি সৃজনশীল যেকোনো ছাত্রছাত্রী বিজ্ঞাপনী সংস্থায় কাজ করতে পারেন। কপিরাইটার, ক্লায়েন্ট সার্ভিস কিংবা ক্রিয়েটিভ ধারণা প্রদানের জন্য সৃজনশীল তরুণদের স্থান অনেকটুকু খালি। এ ক্ষেত্রে লেখালেখি, গ্রাফিকস ইত্যাদি অভিজ্ঞতা মূল্যবান সম্পদ বলে ধরা হয়। আপনি চাইলেই জীবনবৃত্তান্ত মেইল করতে পারেন এই ঠিকানায়: [email protected], www.interspeed.com.bdপ্রকাশনা সংস্থালেখার হাতটা বরাবরই ভালো আতাউরের। বাংলায় কোনো দিন সত্তরের নিচে পাননি। পড়ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে। একই সঙ্গে আয়ও করছেন বাংলা লিখেই। কিন্তু তিনি লেখক নন। তাহলে? কোথায় লেখেন তিনি? কোথায় আবার, প্রকাশনা সংস্থায়! অনেক যুগ থেকেই ছাত্রদের মাঝে জনপ্রিয় পার্টটাইম জবের এটি অন্যতম। পাঞ্জেরী পাবলিকেশনসের বাংলা বিভাগের প্রধান রাস্না শারমিন বললেন, ‘প্রাতিষ্ঠানিক বই, প্রাতিষ্ঠানিক শিশুতোষ বই কিংবা অনূদিত বই প্রকাশের পেছনে ৮০ ভাগ অবদান রাখে ছাত্রছাত্রীরাই। লেখার ধাঁচ ভালো, এমন যে কেউ লিখে আয় করতে পারবে। ফর্মা ধরে তাদের এক হাজার ৫০০ থেকে দুই হাজার ৫০০ টাকা পর্যন্ত আয় করার সুযোগ আছে। শুধু দরকার লেখালেখির প্রতি একনিষ্ঠতা।’ লেকচার পাবলিকেশনস লিমিটেডের ইংরেজি বিভাগের প্রধান মনিরুজ্জামান বললেন, ‘অনেক শিক্ষক, অধ্যাপকও প্রকাশনায় লিখে থাকেন। তা ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা প্রকাশনা সংস্থাগুলোয় কাজ করছেন অনেক দিন ধরেই।’ প্রকাশনা সংস্থাগুলোয় লিখতে হলে আপনাকে সরাসরি এসব সংস্থায় গিয়ে একটা হালকা লিখিত পরীক্ষা দিয়ে দক্ষতা প্রমাণ করতে হবে। ফ্যাশন হাউসফ্যাশন হাউস বললেই মনে পড়ে আড়ং, নগরদোলা, অন্যমেলা কিংবা এক্সটেসির মতো হরেক কাপড়ে রাঙা দোকানগুলোর ছবি, পাশে কিছু তরুণ মুখও থাকে, যাঁরা ক্রেতাকে সহায়তা করেন পণ্যটি বাছাই করতে কিংবা কিনতে। এঁদেরই বলা হয় বিক্রয় সহযোগী, আর এঁদের প্রায় ৮০ শতাংশই ছাত্রছাত্রী। আড়ংয়ের মগবাজার শাখায় কাজ করেছেন ইডেনপড়ুয়া সুমি। তিনি বললেন, ‘ঈদের সময় আড়ংয়ে প্রচুর বিক্রয়সহযোগী নেওয়া হয়। হাতে কাজ না থাকায় আর কলেজের ছুটির ফাঁকে সেখানে কাজ করেছি দুই মাস। মনে হয়েছে, আমার সুযোগমতো কাজ করার জন্য এর চেয়ে ভালো সুযোগ আর হয় না। ধকল কম, কিন্তু হাতখরচটা ছিল মনকে খুশি করে দেওয়ার মতো। আর কী চাই?’সুমির মতো আপনিও আড়ং, দেশাল বা এক্সটেসির মতো ফ্যাশন হাউসগুলোয় আবেদন করতে পারেন। ন্যূনতম এইচএসসি পাস হতে হবে আর লাগবে ভাষার দক্ষতা। যাঁরা ইংরেজিতে কাঁচা, তাঁদের ভয় নেই। ফ্যাশন হাউসগুলোই আপনাকে প্রশিক্ষণ দিয়ে তৈরি করে নেবে। শুধু আপনার আত্মবিশ্বাসটা থাকলেই চলবে।কল সেন্টার স্বল্পকালীন চাকরির সুযোগমুঠোফোন কোম্পানিগুলো বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীদের জন্য কল সেন্টারের মাধ্যমে বেশ কিছু স্বল্পকালীন চাকরির সুযোগ করে দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একটি মুঠোফোন কোম্পানির এক কর্মকর্তা জানান, ‘মুঠোফোন কোম্পানিগুলোর কল সেন্টারে শিক্ষার্থীরাই বেশি কাজ করছেন। আর এ ক্ষেত্রে প্রাধান্য পাচ্ছেন ইংরেজি জানা, ভালো কণ্ঠ ও যোগাযোগে দক্ষ তরুণ-তরুণীরা। পাঁচ থেকে ছয় ঘণ্টার শিফটে এ কাজ করে একটি আকর্ষণীয় সম্মানী তো থাকেই, আরও থাকে নির্দিষ্ট সময় পরে লিখিত পরীক্ষা ও কর্মদক্ষতার প্রমাণ দিয়ে কোম্পানিতে স্থায়ী হওয়ার সুযোগ।’এআইইউবির শিক্ষার্থী রায়হান বাশার বললেন, ‘একটি জব ফেয়ারের মাধ্যমে কাজ শুরু করেছিলাম একটি মুঠোফোন কোম্পানির বিক্রয় বিভাগে। পুরোদস্তুর করপোরেট হাউস হলেও কাজের পরিবেশ ছিল যথেষ্ট আন্তরিক। মাস শেষের সম্মানীটায় মাসও কেটে যেত অক্লেশে। আর একটা স্মার্ট পরিবেশে কাজের অভিজ্ঞতা অন্যদের মতো আমাকেও আরও ভালো একটি চাকরি খুঁজে পেতে সাহায্য করেছে।’মুঠোফোন কোম্পানিগুলোতে স্বল্পকালীন চাকরি পেতে চোখ রাখতে পারেন তাদের ওয়েব সাইটগুলোতে।এবং আরওখণ্ডকালীন কাজের কি আর শেষ আছে? বিদেশি বই বিক্রির কাজেও এখন শিক্ষার্থীদের দেখা যায়। এ ছাড়া এফএম রেডিওতে অনেকেই খণ্ডকালীন কাজ করছেন। বিভিন্ন উন্নয়ন সংস্থায় গবেষণা সহযোগী হিসেবে কাজও খণ্ডকালীন কাজের বড় সুযোগ হতে পারে।তাই আর ঘরে বসে থাকা কেন, যোগ দিন পছন্দের কোনো খণ্ডকালীন কাজে। হাতখরচটা উঠে আসুক আর অভিজ্ঞতার ঝুলিটাও বাড়ুক।