চাকরিটা পেলাম যেভাবে

চাকরিবাকরিতেই ‘বাণিজ্য মেলায় আছে খণ্ডকালীন চাকরির সুযোগ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হওয়ার পরে অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন এখানে কীভাবে চাকরি পাওয়া যায়। এটা জানতেই আমাদের প্রতিবেদক কথা বলেছেন বর্তমানে চলমান বাণিজ্য মেলায় চাকরি করছেন এমনই কয়েকজনের সঙ্গে। তাঁদের কথায় বেরিয়ে এসেছে নানা প্রশ্নের উত্তর।
‘বাণিজ্য মেলা শুরু হতে তখনো দুই মাস বাকি। ফেসবুকে ঘুরতে ঘুরতে হঠাৎ করেই একটা লিংক পেয়ে গেলাম, এক্সিবিউটর অব সিঙ্গার বাংলাদেশ লিমিটেড নামে। এই গ্রুপে পোস্ট দেওয়া হয়েছে ঢাকার আন্তর্জাতিক বাণিজ্য মেলায় যাঁরা খণ্ডকালীন কাজ করতে চান যোগাযোগ করুন। সত্যি না গুজব—প্রথমে এই দ্বিধাদ্বন্দ্বে ভুগছিলাম। গ্রুপের পরিচিত কয়েকজনের সঙ্গে যোগাযোগ করে সংশয় দূর হলো। এরপর সিভি জমা দিলাম। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে লেগে পড়লাম কাজে।’ কথাগুলো বলছিলেন মো. ইদ্রিস হোসেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমবিএ পড়ছেন। তিনি শোনালেন চাকরি পাওয়ার গল্পটা।
ফেসবুকের পাতা থেকে অনেকে যেমন চাকরি পেয়েছেন, তেমনি পত্রিকার পাতা থেকেও খোঁজ পেয়ে বাণিজ্য মেলায় খণ্ডকালীন ভিত্তিতে কাজ করেছেন, এমন লোকের সংখ্যা কম নয়। মেলায় কোকোলা ফুডসের প্যাভিলিয়নে সেলস এক্সিকিউটিভ হিসেবে কাজ করছেন এস এম মাহবুবুর রহমান। তিনি বলেন, ‘পত্রিকার বিজ্ঞাপন দেখে সিভি জমা দিই। এর আগে কয়েকটি ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করেছি, ছোটখাটো বিভিন্ন মেলায় টুকটাক কাজের অভিজ্ঞতাও আছে। দিন কয়েক পরই অফিস থেকে ডাক এল। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কাজ শুরু করে দিলাম বাণিজ্য মেলায়।’
তবে অন্যদের তুলনায় মো. শামিমের চাকরি পাওয়ার ঘটনাটা একটু ভিন্ন। কুষ্টিয়া সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের এই শিক্ষার্থী ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান সেপল বাউন্ডের মাধ্যমে সেলস প্রমোশন এক্সিকিউটিভ হিসেবে কাজ করছেন ব্লুপস আইসক্রিমের প্যাভিলিয়নে। সেখানে তাঁর মতো আরও ২৪ জন কাজ করছেন। শািমম বলেন, ‘আগে কখনো মেলায় কাজ করার অভিজ্ঞতা ছিল না। চলার পথে বিজ্ঞাপন দেখে সিভি নিয়ে সেপল বাউন্ডের সঙ্গে যোগাযোগ করি। তারপর মৌখিক পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হয়ে সপ্তাহ খানেক প্রশিক্ষণ নিয়ে নেমে পড়ি কাজে।’
এমনই একজন হলেন দিনাজপুরের তাসপিয়া রহমান। পড়ছেন দিনাজপুর সরকারি কলেজে বিবিএ প্রথম বর্ষে। আগে তাঁর কোথাও কাজের কোনো অভিজ্ঞতা না থাকলেও বর্তমানে কাজ করছেন হাতিল ফার্নিচারের প্যাভিলিয়নে, সেলস এক্সিকিউটিভ হিসেবে। একই স্টলে গত বছর সেলস অফিসার হিসেবে কাজ করেছিলেন তাঁর বড় বোন। তাঁর মাধ্যমেই খোঁজ পেয়ে এবার সেখানে কাজ করছেন তিনি।
আর আগের মেলায় কাজের অভিজ্ঞতা থাকায় পুরোনোদের কদর বেশি। প্রাণের প্যাভিলিয়নে গত বছর সেলস এক্সিকিউটিভ হিসেবে কাজ করেছেন রাজিয়া সুলতানা। এ বছরও মেলা শুরু হতেই কাজে যোগ দিয়েছেন তিনি। অ্যাকাউন্টিং প্রথম বর্ষের এই শিক্ষার্থী জানান, একই প্যাভিলিয়নে গত বছর কাজের অভিজ্ঞতা থাকায় অন্যদের তুলনায় কাজের ক্ষেত্রে অগ্রাধিকার পেয়েছেন তিনি। একই কথা শোনা যায় মেলায় বেঙ্গলের প্যাভিলিয়নে বিক্রয়কর্মী হিসেবে কাজ করা আলিমুজ্জামানের মুখে। তিনি বলেন, ‘গত বছরে মেলায় একই প্যাভিলিয়নে কাজ করেছি। ফলে বছরের বিভিন্ন সময়ে ছোটখাটো ইভেন্টে কাজ করার পাশাপাশি এ বছর বাণিজ্য মেলাতেও কাজ করছি। একই স্টলে কাজ করার ফলে পরিচিতি ও দক্ষতার পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যেকোনো চাকরি পাওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার পাওয়া যায়।’