চাকরিতে দলীয় লোক নিয়োগের দাবি
বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) রাঙামাটি জেলার সাজেক উপজেলায় বাঘাইছড়ি সীমান্তচৌকি (বিওপি) উদ্বোধন করতে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন গত বৃহস্পতিবার চট্টগ্রাম এসেছিলেন। ঢাকায় ফিরে যেতে তাঁর ফ্লাইট নির্ধারিত ছিল রাতে। রাঙামাটিতে অনুষ্ঠান শেষে চট্টগ্রামে এসে স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে কিছু সময় ছিল। তাই স্বল্প সময়ের নোটিশে তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় দলীয় নেতা-কর্মীদের ডেকে রুদ্ধদ্বার বৈঠক করলেন চট্টগ্রাম সার্কিট হাউসে।বৈঠকে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা সরকারি নিয়োগের ক্ষেত্রে দলের নেতা-কর্মীদের অগ্রধিকার দেওয়ার দাবি তোলেন। প্রায় সোয়া এক ঘণ্টার ওই বৈঠকে রাজনৈতিক মামলা প্রত্যাহারসহ নানা প্রশ্নের মুখে পড়েন স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠকে যুদ্ধাপরাধীদের বিচার, পাবনায় প্রশাসনের সঙ্গে ছাত্রলীগের সংকট প্রসঙ্গ, পুলিশে জনবল বাড়ানোসহ নানা দাবি উঠে আসে বলে জানা যায়। দলীয় কিছু নেতা ছাড়া কাউকে সম্মেলন কক্ষে থাকতে দেওয়া হয়নি। ফলে দলীয় নেতারা প্রাণভরে নিজেদের অভিযোগগুলো মন্ত্রীর সামনে তুলে ধরেন। বৈঠক সূত্র জানায়, নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠক পরিচালনা করেন দলের দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মোছলেম উদ্দীন আহমদ। এতে রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী, মহিলা সাংসদ চেমন আরা তৈয়ব, দলের নগর কমিটির সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। সাংসদ ও দলের নগর কমিটির অন্য নেতাদের মধ্যে সাংসদ নুরুল ইসলাম, এম আব্দুল লতিফ কিংবা আ জ ম নাছির উদ্দীন বৈঠকে অনুপস্থিত ছিলেন। দলীয় নেতাদের বাইরে প্রশাসন কিংবা অন্য কোনো সংস্থার লোকজনকে বৈঠকে থাকতে দেওয়া হয়নি বলে জানা যায়।বৈঠকের সভাপতি মহিউদ্দিন চৌধুরী মন্ত্রীর উদ্দেশে বলেন, ‘পুলিশকে বলে দেবেন যেন আমাদের সন্তানদের হয়রানি না করে।’ তিনি রাজনৈতিক মামলাগুলো দ্রুত প্রত্যাহারের ব্যবস্থা করতে মন্ত্রীর কাছে দাবি জানান।জানতে চাইলে মোছলেম উদ্দীন আহমদ প্রথম আলোকে বলেন, ‘খুবই আন্তরিক পরিবেশে বিভিন্ন বিষয়ে বৈঠকে খোলামেলা আলোচনা হয়েছে। দলের লোকজনকে চাকরিতে নিয়োগের অগ্রাধিকার বিষয়ের আলোচনা সম্পর্কে তিনি বলেন, ‘এটা যেহেতু দলীয় সরকারে সেহেতু নেতা-কর্মীদের আবদার কিছুটা থাকবে। আমরা বলেছি, দলীয় লোকজন বলে যেন তাঁদের নিয়োগে বাদ দেওয়া না হয়, যোগ্যতা বিবেচনায় এনে যেন চাকরি দেওয়া হয়—এটাই আমরা মন্ত্রীকে বলেছি।’ মোছলেম উদ্দীন বলেন, ‘দলের একজন-দুইজন লোক চাকরি পায়, আর প্রশাসনের লোকেরা টাকা নিয়ে লোকজনকে চাকরি দিয়ে বলেছেন দলের তদবিরে এটা হয়েছে। এসব বিষয়ও আমরা মন্ত্রীকে বলেছি।’ নেতা-কর্মীদের এত অভিযোগ ও দাবির জবাব দিতে গিয়ে সবার শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পুলিশ নিয়োগ নিয়ে আপনারা অনেকে প্রশ্ন করেছেন। কিন্তু চট্টগ্রাম বিভাগে কনস্টেবল নিয়োগের জন্য আমরা সে পরিমাণ ছেলে পাইনি। আমার যেসব ভাই চাকরির জন্য উদগ্রীব আপনারা পত্রপত্রিকাগুলো দেখবেন আর দরখাস্ত করবেন।’ দলীয় নেতা-কর্মীদের মামলা প্রত্যাহার প্রসঙ্গে সাহারা খাতুন বলেন, ২০০৮ সাল পর্যন্ত যেসব রাজনৈতিক হয়রানিমূলক মামলা হয়েছে এগুলো প্রত্যাহারের ব্যবস্থা নেওয়া হবে। আর এখানে যেসব কথা এসেছে তার মধ্যে যেগুলো প্রধানমন্ত্রীকে বলা দরকার আমি তা বলব।বৈঠকে উপস্থিত একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা যায়, মন্ত্রীর উদ্দেশে আওয়ামী লীগ নেতারা নানা অভাব-অভিযোগ তুলে ধরেন। সরকারি কর্মকর্তা ও পুলিশ প্রশাসনের সঙ্গে অনেকক্ষেত্রে দলীয় নেতাদের সমন্বয় নেই বলে অভিযোগ করেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোছলেম উদ্দিন আহমদ। তিনি বলেন, ‘অনেক সময় আমাদের নিজেদের মধ্যকার দূরত্বের সুযোগ নিচ্ছেন সরকারি কর্মকর্তারা। পাবনার ঘটনাটি আমার কাছে চক্রান্ত বলে মনে হয়েছে। যাঁরা আমাদের দলের নেতা-কর্মী হয়ে এ ঘটনা ঘটিয়েছে তাঁরা ভালো কাজ করেননি।’ তিনি আরও বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচারে আমাদের উদ্বেগ আর শঙ্কা হচ্ছে সরকারের প্রশাসনের সঙ্গে যারা জড়িত তাদের আন্তরিকতা নিয়ে কোনো প্রশ্ন নেই, কিন্তু তাদের দায়িত্ববোধ নিয়ে কিছু প্রশ্ন রয়েছে। যদি সঠিকভাবে তদন্ত করা না যায়, আইনের ফাঁক গলে যদি যুদ্ধাপরাধী পার পেয়ে যায় তাহলে আগামী দিনগুলোতে আমাদের অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে।’ ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী বলেন, ‘যুদ্ধাপরাধীকে (বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী) নিয়ে আমার সংসার। দুর্ভাগ্যক্রমে আমাদের ওখানে সংসদ নির্বাচনে যুদ্ধাপরাধী নির্বাচিত হয়েছেন। আমরা এ যুদ্ধাপরাধীর হাত থেকে মুক্তি চাই।’ তিনি পুলিশে লোক নিয়োগে নিয়ম-কানুন শিথিল করার দাবি জানান। তিনি বলেন, কিছুদিন আগে পুলিশে লোক নিয়োগ করা হয়েছে। কিন্তু পাঁচ ফুট চার ইঞ্চির সামান্য কম হওয়ায় আমাদের অনেক ছেলে সুযোগ পায়নি। তাই উচ্চতা কিছুটা কমানো যায় কি না একটু বিবেচনা করে দেখবেন। মিরসরাই উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এখন প্রতিনিয়ত যানজট হচ্ছে। এতে মানুষের দুর্ভোগ বেড়েছে। এটা আমাদের বিবেচনা করা দরকার।’সংসদ নির্বাচনে সাতকানিয়া আসনের আওয়ামী লীগ দলীয় প্রার্থী সিরাজুল ইসলাম বলেন, ‘আমার এলাকায় সবসময় জামায়াত শিবিরের সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে। সাতকানিয়া লোহাগাড়ার সাবেক ও বর্তমান সংসদ সদস্য যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত। কিন্তু তাদের বিরুদ্ধে কোনো তদন্তের উদ্যোগ নেই।’ লোহাগাড়া আওয়ামী লীগের এক নেতার অভিযোগ, ‘পুলিশ আমাদের সঙ্গে সহযোগিতা করে না। মনে হচ্ছে আমরা বিরোধী দলে আছি।’ উত্তর জেলা ছাত্রলীগের নেতা রাজীবুল হাসান অভিযোগ করেন, ‘শুধু বলা হয়, সরকারি চাকরিতে দলীয় লোক নিয়োগ করা হবে। কিন্তু সংসদ সদস্য ও স্থানীয় নেতাদের সুপারিশ নিয়েও আমাদের চাকরি হচ্ছে না।’ তিনি আরও বলেন, কিছুদিন আগে সন্দ্বীপের যুবলীগ নেতা আখতারুজ্জামান ওরফে খুশবুকে র্যাব ক্রসফায়ারে হত্যা করেছে। তাঁর বিরুদ্ধে জোট আমলে দুটি মামলা ছিল। কিন্তু র্যাব পরদিন পত্রিকায় তাঁর বিরুদ্ধে ১৯টি মামলা আছে বলে প্রচার করেছে। তাঁকে সন্ত্রাসী বানিয়েছে। রাজনৈতিক মামলা প্রত্যাহারে কোনো অগ্রগতি নেই বলে তিনি অভিযোগ করেন। দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেত্রী কামরুন নাহার থানাগুলোতে গাড়ি ও কনস্টেবল সংখ্যা বাড়ানোর দাবি জানান। যুবলীগ নেতা ও রাউজানের উপজেলা চেয়ারম্যান দেবাশীষ পালিত আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, আগে জোট সরকারের আমলে যেসব ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভালো থানায় নিয়োগ পেতেন এখনো তাঁরা সেভাবে নিয়োগ পাচ্ছেন। দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতির দিকে বিশেষ নজর দেওয়ার দাবি জানান তিনি।উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম বলেন, চট্টগ্রামের এক যুদ্ধাপরাধীর আস্ফাালন দেখা যাচ্ছে। তিনি জানতে চান, তার এত শক্তির উৎস কোথায়? যুদ্ধাপরাধীদের মোকাবিলার জন্য দলের মধ্যে প্রস্তুতির অভাবের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘সাংগঠনিকভাবে আমাদের মধ্যে সমন্বয় নেই। মন্ত্রী, সংসদ সদস্য কিংবা বিভিন্ন পর্যায়ের নেতাদের মধ্যে সমন্বয় দরকার। এই দিকটা মাননীয় প্রধানমন্ত্রীর ভেবে দেখা দরকার।’ ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত শিক্ষার্থী ছাত্রলীগ নেতা কমল মজুমদার বলেন, ‘ভিসির বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমরা নয় ছাত্রকে শাস্তি দেওয়া হয়েছে।’