নারীর ক্ষমতায়নে এলাকার সচেতন সমাজকে আন্তরিকতার সঙ্গে এগিয়ে আসতে হবে। সরকারি-বেসরকারি সংস্থার চাকরিতে নিয়োগের ক্ষেত্রে নারীদের অগ্রাধিকার দিতে হবে। তা না হলে ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়িত হবে না। ১১ ফেব্রুয়ারি রুমা উপজেলা পরিষদ মিলনায়তনে নারীমঞ্চের সম্মেলনে নেতৃবৃন্দ অভিমত দেন। নারীমঞ্চের সভানেত্রী ইরতি ত্রিপুরার সভাপতিত্বে সম্মেলনে মূল বিষয়ের ওপর আলোচনা করেন দিলুরাণী বড়ুয়া ও গোলাচিং মারমা। বক্তব্য দেন উপজেলা জনসংহতি সমিতির সাধারণ সম্পাদক মংশৈপ্রু খিয়াং, ইউপি সদস্য উচ্চলা মারমা ও ধর্মদর্শী চাকমা।বক্তারা পার্বত্য চট্টগ্রাম এলাকার পাড়াপ্রধান হিসেবে ‘কারবারি’ এবং মৌজাপ্রধান হিসেবে ‘হেডম্যান’ পদে পুরুষের পাশাপাশি নারীদের নিয়োগ দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে সরকারি পরিপত্র সংশোধন ও সংযোজনের মাধ্যমে ইউনিয়ন পরিষদের মহিলা সদস্যকে নারী সদস্য বলে উল্লেখ করার জন্যও অনুরোধ জানানো হয়। মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ও হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এই সম্মেলন অনুষ্ঠিত হয়।