চাকরিপ্রার্থীদের জন্য
‘একটা ডাচ-বাংলা ব্যাংক দেন। সমাজসেবা অধিদপ্তর আছে ? একটা বেতার লাগবে। বন সংরক্ষণের মেয়াদ আছে?’ কথাগুলো শুনে অবাক হলেও এর অর্থ বোঝা যাবে চারপাশে একটু তাকালে। একটি দোকান। দোকানের বাইরে কয়েকটি বোর্ডে টাঙানো আছে অনেক নিয়োগ বিজ্ঞপ্তি। চাকরিপ্রার্থীরা এসব দেখে পছন্দের প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তির ফটোকপি নিয়ে নেন দোকান থেকে।কথা হচ্ছিল নগরের নিউমার্কেট এলাকার জিপিওর সামনের দি বুক সেলার্স দোকানের মালিকের সঙ্গে। এটি একটি সাধারণ আটপৌরে দোকান। একটি ফটোস্ট্যাটের যন্ত্র,কয়েকটি সাময়িকী, পত্রিকা ও কিছু খাম আছে। দোকানের বৈশিষ্ট্য অন্য জায়গায়। এটি চট্টগ্রামের একমাত্র স্থান যেখানে সব প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি একসঙ্গে দেখা যায় এবং নামমাত্র মূল্যে বিজ্ঞপ্তিগুলোর ফটোকপি সংগ্রহ করা যায়। শুধু নিয়োগ বিজ্ঞপ্তি নয়, বিভিন্ন পরীক্ষার রুটিন, লটারি ও প্রাইজবন্ড ড্রয়ের ফলাফল, বিভিন্ন আবেদনপত্রের নমুনা, ইন্টারনেটে প্রকাশিত ফরমের নমুনা, নিয়োগ পরীক্ষার ফলাফল, জীবন-বৃত্তান্তের নমুনা ফরম, চারিত্রিক সনদের নমুনা, আবেদনপত্রে উল্লিখিত বিভিন্ন আকারের খাম পাওয়া যায়। এ ছাড়াও ছবি আবেদনপত্রের কোন দিকে লাগাতে হবে, সঠিকভাবে জাতীয় পরিচয়পত্র ফটোকপি করা, খামের গায়ে কয় টাকা মূল্যের স্ট্যাম্প সংযোজন করতে হবে, নিয়োগ পরীক্ষা কোথায় হবে এ জাতীয় পরামর্শও পাওয়া যাবে এখান থেকে। দোকানের স্বত্বাধিকারী মাহমুদ হাসান জানান এর ইতিহাস। ১৯৫২ সালে এ দোকান প্রতিষ্ঠা করেন তাঁর বাবা। তিনি এ দোকানে আছেন ১৯৭৭ সাল থেকে। প্রথম দিকে দোকানে শুধু বই ও পত্রিকা বিক্রি হতো। ‘বেকারেরা আগে পুরোনো পত্রিকা চাইত নিয়োগ বিজ্ঞপ্তির জন্য। আমরা দিতে পারতাম না, খারাপ লাগত। আমরা প্রথমে যে বিজ্ঞপ্তিগুলোর বেশি চাহিদা ছিল সেগুলোর দু-একটি ফটোকপি রাখা শুরু করলাম। এতে বেকারদের সুবিধা হচ্ছে দেখে আমরা একে একে সব বিজ্ঞপ্তির ফটোকপি রাখা শুরু করলাম। ১৯৯০ থেকে শুরু। আজ পর্যন্ত প্রতিদিন প্রায় সব নিয়োগ বিজ্ঞপ্তি সংগ্রহ করি বেকারদের সুবিধার জন্য।’একটি স্কুলে শিক্ষকতা করেন সুচিত্রা গুহ। তিনি কোনো ব্যাংক বা সরকারি প্রতিষ্ঠানে চাকরি করতে চান। তাই এখানে এসেছেন নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে। সুচিত্রা জানান, ‘প্রতি সপ্তাহে একবার এসে নিয়োগ বিজ্ঞপ্তি চেক করে যাই। তাহলে আর কোনো কিছু বাদ যায় না। অনেক সময় পরিচিতদের মুখে শুনে আবেদন করতে করতে দেরি হয়ে যায়, নয়তো অনেক বিজ্ঞপ্তি চোখ এড়িয়ে যায়। কিন্তু এখানে এলে নিশ্চিত হওয়া যায়। কারণ সব বিজ্ঞপ্তি একসঙ্গে পাওয়া যায়। এতে আমাদের সুবিধা হয়, সময় বাঁচে খরচও কমে।’এ দোকানে ১০টি বোর্ড আছে। এগুলোতে প্রায় শতাধিক বিজ্ঞপ্তি লাগানো থাকে প্রতিদিন। প্রতিটি পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপন বাছাইয়ের পর (চট্টগ্রামের প্রার্থীরা আবেদন করতে পারবেন কি না) সেটি ফটোকপি করে বোর্ডে টাঙিয়ে রাখা হয়। আর অনেক ফটোকপি করে রাখা হয় দোকানে। যার যে বিজ্ঞপ্তি পছন্দ হয় সেটির ফটোকপি তিনি দুই টাকার বিনিময়ে সংগ্রহ করেন। দোকানের স্বত্বাধিকারী জানান, ‘প্রতিদিন সকাল ১০টা-১১টা ও বিকেল পাঁচ-সাতটার সময় দোকানে গ্রাহকের প্রচুর চাপ থাকে। সকালে আবেদনপত্র জমা দেওয়ার সময় ও বিকেলে চাকরি শেষ করে অনেকে দোকানে আসেন কোনো নতুন বিজ্ঞপ্তি এসেছে কি না জানার জন্য। সবচেয়ে বেশি বিক্রি হয় ব্যাংক ও সরকারি বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তির ফটোকপি।’ বিশেষ করে শিক্ষক নিবন্ধন বা শিক্ষক নিয়োগ পরীক্ষা থাকলে দোকানে গ্রাহকের চাপ থাকে প্রচুর। মেয়েরা বেশি আবেদন করেন ব্যাংক ও এনজিওতে আর ছেলেরা সব প্রতিষ্ঠানেই আবেদন করেন। প্রতিদিন দোকানে প্রায় হাজারখানেক লোক আসেন নিয়োগ বিজ্ঞপ্তি দেখার জন্য। প্রতিদিন প্রায় ছয়-সাত শ নিয়োগ বিজ্ঞপ্তির ফটোকপি বিক্রি হয়। তাহলে এই ২০ বছরে কত জন চাকরি প্রার্থীর উপকার করেছেন আপনি? বলতেই হেসে ফেলেন তিনি। চাকরিপ্রার্থী জোনায়েত হাসান রসিকতা করে দোকানের মালিককে ‘বেকার বন্ধু’ বলে উপাধি দিয়েছেন। তিনি বলেন, একসঙ্গে এতগুলো বিজ্ঞাপন দেখার সুযোগ আর কোথাও নেই। সদ্য স্নাতক শেষ করেছি কোনো কাজ নেই, প্রতিদিন এখানে এসে ঘুরে যাই নতুন কী এসেছে দেখার জন্য।’ বিজ্ঞপ্তি নিতে এসে আড্ডায় মাতেন অনেকে। ‘পরীক্ষা দিয়ে কী লাভ প্রশ্নপত্র তো ফাঁস হয়ে গেছে অনেক আগে।’ কিংবা ‘নিয়োগ পরীক্ষায় টিকলেও ঘুষ ছাড়া চাকরি হবে না’, ‘ সবাই নিয়োগ পরীক্ষার নামে টাকা নিয়ে ব্যবসা করেন’, ‘কোনো লোক নিয়োগ দেন না’ ইত্যাদি নানান কথা। সবাইকে মৃদু হেসে সান্ত্বনা দেন দোকানি। বলেন, ‘আমি বেকারদের সুবিধার জন্য নামমাত্র মূল্যে ফটোকপি বিক্রি করি। নতুন আবেদনকারীর মধ্যে যাঁদের আবেদনের নিয়ম জানা থাকে না আমি তাঁদের সহায়তা করি।’ এটি তো একটি ব্যতিক্রমী উদ্যোগ। এ কাজ করতে কেমন লাগে? স্বভাবসুলভ হাসি দিয়ে বললেন, ‘মানুষের চাহিদা পূরণ করতে পারছি, আমার কাছে এসে কেউ ফেরত যাচ্ছেন না এটাই আমার জন্য সবচেয়ে আনন্দের। ব্যবসা তো সবাই করেন আমি ব্যবসার পাশাপাশি মানুষের সেবা করতে পারছি। এ কারণে মানুষ আমাকে ভালোবাসেন, মনে রাখেন। অনেকে যখন চাকরি পাওয়ার পর মিষ্টি নিয়ে আসেন যোগাযোগ রাখেন তখন ভালোই লাগে।’