চাকরির নতুন ক্ষেত্র বেসরকারি কনটেইনার ডিপো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বন্দরকেন্দ্রিক চাকরির স্বাদ পাওয়া যাবে বেসরকারি কনটেইনার ডিপোতে
বন্দরকেন্দ্রিক চাকরির স্বাদ পাওয়া যাবে বেসরকারি কনটেইনার ডিপোতে

বন্দরে চাকরি না করেও বন্দরকেন্দ্রিক চাকরির স্বাদ পাওয়া যাবে বেসরকারি কনটেইনার ডিপোতে। বেসরকারি ডিপোতে শুধু জাহাজ থেকে কনটেইনার ওঠানো-নামানো ছাড়া কনটেইনারকেন্দ্রিক প্রায় সব ধরনের কাজ হয়।
কনটেইনার ডিপোগুলো ‘কাস্টমস বন্ডেড’ বা সংরক্ষিত এলাকা। বর্তমানে চট্টগ্রামে ১৫টি প্রতিষ্ঠানের ১৬টি কনটেইনার ডিপো রয়েছে। ঢাকার অদূরে বুড়িগঙ্গার তীরে বেসরকারি খাতে নির্মাণ করা হচ্ছে আরও চারটি কনটেইনার টার্মিনাল।
বন্দরকেন্দ্রিক খাতগুলোর মধ্যে সবচেয়ে সম্ভাবনাময় খাত হিসেবে বিবেচিত হচ্ছে কনটেইনার ডিপোগুলো। কারণ কনটেইনার পরিবহনের হার যত বাড়ছে ততই এখানে কাজ বাড়ছে। ধীরে ধীরে এই খাতে বিনিয়োগও বাড়াচ্ছে প্রতিষ্ঠানগুলো। এসব ডিপোতে ইতিমধ্যে বিনিয়োগ হয়েছে চার হাজার কোটি টাকা। চট্টগ্রাম বন্দরের এক থেকে ২৬ কিলোমিটার দূরত্বের মধ্যে বিচ্ছিন্নভাবে মোট ২৬৮ দশমিক ২৬ একর জায়গায় এসব ডিপো গড়ে তোলা হয়েছে।
কনটেইনার ডিপোয় কাজ করেন এমন কয়েকজন কর্মকর্তা প্রথম আলোকে জানান, কনটেইনার মালিকের প্রতিনিধি (এমএলও) ও ফ্রেইট ফরোয়ার্ডাররা বেসরকারি ডিপোর প্রধান গ্রাহক। আমদানিকারকদেরও এ সব ডিপোর সরাসরি গ্রাহক হিসেবে বিবেচনা করা হয়। গ্রাহক টানতে কনটেইনার ডিপোগুলো উদ্যমী ও তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন যুবকদের নিয়োগ দেয়।

যোগ্যতা: বেসরকারি ডিপোতে কাজের ক্ষেত্র অনুযায়ী যেকোনো বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারীদের নিয়োগ দেওয়া হয়। ইংরেজি ভাষায় পারদর্শীরা অগ্রাধিকার পান। অভিজ্ঞতা নেই এমন প্রার্থীদের সাধারণত ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে নিয়োগ দেওয়া হয়। বিভাগ অনুযায়ী প্রার্থীদের এক সপ্তাহ থেকে ১৫ দিনের প্রশিক্ষণ দিয়ে সংশ্লিষ্ট বিভাগে দায়িত্ব দেওয়া হয়। শিক্ষানবিসদের সাধারণত ১২ থেকে ১৫ হাজার টাকা বেতন-ভাতা দেওয়া হয়। এ ছাড়া অন্যান্য সুযোগ-সুবিধা আছে।
সেলস ও কাস্টমার কেয়ার বিভাগে নেওয়া হয় উদ্যমীদের। নতুন গ্রাহক টানার কাজটা তাঁরাই করেন। আবার পরিচালন বিভাগ ও গ্রাহকের মধ্যে সেতুবন্ধের কাজ করেন তাঁরা। এই পদের যোগ্যতা ধরা হয় যেকোনো বিষয়ে স্নাতকদের।
যন্ত্রপাতি পরিচালনা বিভাগে ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল বিষয়ে স্নাতক ডিগ্রিধারী বা ডিপ্লোমা ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। আবার তথ্যপ্রযুক্তি বিভাগে তথ্যপ্রযুক্তিতে ডিগ্রিধারীদের প্রাধান্য দেওয়া হয়। তবে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারীদের তথ্যপ্রযুক্তি বিষয়ে বিশেষ কোর্স সম্পন্ন করলেও এই বিভাগে নিয়োগের যোগ্যতা অর্জন করতে পারেন।

নিয়োগ পদ্ধতি: প্রতিষ্ঠানগুলোর নিজস্ব ওয়েবসাইটে লোক নিয়োগের বিজ্ঞাপন দেয়। এ ছাড়া পত্রিকায়, নিয়োগের ওয়েবসাইটে বিজ্ঞাপনের মাধ্যমে লোক নিয়োগ করা হয়। বেসরকারি কনটেইনার ডিপো মালিক সমিতির সভাপতি নুরুল কাইয়ুম খান প্রথম আলোকে বলেন, ‘বেসরকারি কনটেইনার ডিপোতে কর্মসংস্থানের বড় সুযোগ তৈরি হয়েছে। এ খাতে দক্ষ জনবল কম থাকায় স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারীদের আমরা নিজেরাই প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনবল তৈরি করছি। প্রশিক্ষণকালীন বেতন-ভাতাও দেওয়া হয়। সম্ভাবনাময় এই খাতে দক্ষ জনবলের চাহিদা রয়েছে।’