চাকরির বিজ্ঞাপনের সঙ্গে মিল রেখে সিভি পাঠান
চাকরিবাকরি: চাকরিপ্রার্থী যেভাবে সিভি লিখছেন, তাতে কি আপনারা সবকিছু স্পষ্ট বুঝতে পারছেন? বেশির ভাগ সিভিতে কী ধরনের সমস্যা পান?
মঈনুল ইসলাম: অনেক ক্ষেত্রেই নতুন প্রার্থীরা একটি সাধারণ ভুল করছেন। তা হলো, জীবনবৃত্তান্তে যে তথ্য দরকার নেই সে তথ্য জুড়ে দিচ্ছেন। দরকার নেই বা প্রাসঙ্গিক নয় এমন অভিজ্ঞতা লেখা ঠিক নয়। যে চাকরির জন্য আবেদন করছেন, কেবল তার জন্য উপযুক্ত এমন অভিজ্ঞতা উল্লেখ করাই বুদ্ধিমানের কাজ। এ ছাড়া জীবনবৃত্তান্তে রেফারেন্স একটি গুরুত্বপূর্ণ বিষয়। অনেকে এমন রেফারেন্স দেন যে যাঁকে ফোন করলে বা যোগাযোগ করলে দেখা যায় আবেদনকারীকে তিনি চিনছেন না। এ ক্ষেত্রে চাকরিদাতারা ওই প্রার্থী সম্পর্কে আগ্রহ হারিয়ে ফেলেন। জীবনবৃত্তান্তে ছোট ছোট ভুলের কারণে চাকরিদাতারা প্রার্থীর ওপর আস্থা হারিয়ে ফেলেন।
চাকরিবাকরি: নতুন চাকরিপ্রার্থী বা অনভিজ্ঞরা সিভিতে কোন কোন বিষয় বেশি উল্লেখ করবেন?
মঈনুল ইসলাম: নতুন চাকরিপ্রার্থীরা সাধারণত তাঁদের প্রাথমিক তথ্যগুলো সিভিতে উল্লেখ করবেন। যে চাকরির আবেদন করছেন, তার সঙ্গে মিলিয়ে কোনো কাজের অভিজ্ঞতা থাকলে তা উল্লেখ করবেন। এ ছাড়া তিনি শিক্ষাজীবনে কোনো প্রজেক্ট করে থাকলে তা উল্লেখ করতে পারেন। ইন্টার্নের অভিজ্ঞতা উল্লেখ করতে পারেন। ভালো প্রতিষ্ঠানে ইন্টার্ন করা থাকলে অনেক সময় ভালো চাকরির সুযোগ তৈরি হয়। মনে রাখতে হবে, সিভি লেখাও চাকরি পাওয়ার ক্ষেত্রে একটি বড় প্রতিযোগিতা। যার সিভি যত ভালো হবে, চাকরির বাজারের প্রতিযোগিতায় তিনি তত এগিয়ে থাকবেন।
চাকরিবাকরি: একজন নতুন চাকরিপ্রার্থীর সিভি দেখলে আপনি প্রথমেই তাঁর সিভি হাতে নিয়ে কোন দিকটিতে লক্ষ করেন?
মঈনুল ইসলাম: নতুন চাকরিপ্রার্থীর সিভি হাতে নিয়ে আমরা প্রথমেই তাঁর শিক্ষাপ্রতিষ্ঠান, সিজিপিএ এবং বিশেষ দক্ষতা বা কোনো অভিজ্ঞতা আছে কি না তা দেখি। মোট কথা যোগ্যতা, দক্ষতা ও অভিজ্ঞতাই একটি সিভিতে প্রথমেই দেখা হয়। এ ছাড়া যে চাকরির জন্য চাকরিপ্রার্থী আবেদন করেছেন, সেসব বিষয়ে যদি তাঁর কোনো প্রশিক্ষণ বা কর্মশালা করার অভিজ্ঞতা থাকে, তাহলে সেই প্রার্থীকে বিশেষভাবে বিবেচনা করা হয়। যেমন বিপণন চাকরির ক্ষেত্রে প্রার্থী যদি এ-সংক্রান্ত কোনো প্রশিক্ষণ করে আর সেটি যদি সিভিতে উল্লেখ করে, তাহলে তাঁকে অগ্রাধিকার দেওয়া হয়।
চাকরিবাকরি: আপনারা বড় না ছোট সিভি পছন্দ করেন?
মঈনুল ইসলাম: আমরা ফ্রেশারদের ক্ষেত্রে সাধারণত আঁটসাঁট সিভিকে গুরুত্ব দিই। দীর্ঘ সিভি এ ক্ষেত্রে না দেওয়াই ভালো। এমনভাবে ফ্রেশাররা সিভি লিখবেন, যাতে করে সেই সিভিতে যোগ্যতা, দক্ষতা ও অভিজ্ঞতার প্রতিফলন ঘটে। তবে মিড লেভেল বা উচ্চ পদের চাকরির সিভি লেখার ক্ষেত্রে প্রার্থীদের বিস্তারিত সিভি বেশি উপযোগী। কেননা তাঁদের সব অভিজ্ঞতা খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হয়।
চাকরিবাকরি: সব চাকরির জন্য কি একই সিভি, নাকি আলাদা হবে? ভিন্ন হলে, কেন?
মঈনুল ইসলাম: চাকরিপ্রার্থীদের অবশ্যই একটি বিষয় মাথায় রাখতে হবে যে, কখনো একই সিভি সব চাকরিতে দেওয়া যাবে না। চাকরির বিজ্ঞাপনের সঙ্গে মিল রেখে সিভি দেওয়াই সবচেয়ে ভালো। মূলত চাকরির বর্ণনা দেখেই সিভি দিতে হবে।
চাকরিবাকরির পক্ষে এসিআই লিমিটেডে মানবসম্পদ বিভাগের মহাব্যবস্থাপক মঈনুল ইসলােমর
সাক্ষাৎকার নিয়েছেন মোছাব্বের হোসেন