চাকরির শেষ সময় রামু ছুটে এলেন মজীনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের ‘হোপ হাসপাতালে’ ধাত্রীবিদ্যা বিষয়ে প্রশিক্ষণার্থী ছাত্রীদের সঙ্গে কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনা l প্রথম আলো
কক্সবাজারের ‘হোপ হাসপাতালে’ ধাত্রীবিদ্যা বিষয়ে প্রশিক্ষণার্থী ছাত্রীদের সঙ্গে কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনা l প্রথম আলো

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনা ১১ ডিসেম্বর বিকেলে কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেইন্দা এলাকায় স্থাপিত ‘হোপ হাসপাতাল’ পরিদর্শন করেন। এ সময় তিনি হাসপাতালের মাঠে ৭৫ শয্যার হোপ মেটারনিটি ও ফিস্টুলা সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 
১৯৯৯ সালে প্রতিষ্ঠিত এই হোপ হাসপাতাল দুর্গম পাহাড়ি এলাকার সুবিধাবঞ্চিত ব্যক্তিদের জন্য বিনা মূল্যে মাতৃ ও শিশুস্বাস্থ্য নিশ্চিতের পাশাপাশি প্রসবজনিত ফিস্টুলা, প্রলাপস, ঠোঁটকাটা-তালুফাটা ও আগুনে পোড়া রোগীদের সেবা দিয়ে আসছে। ২০১১ সাল থেকে এ পর্যন্ত ১৫২ জন ফিস্টুলায় আক্রান্ত নারীকে বিনা মূল্যে অস্ত্রোপচারের মাধ্যমে সুস্থ করা হয়েছে।
হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে বক্তব্যে ড্যান মজীনা বলেন, ‘বাংলাদেশে আমার চাকরি শেষ পর্যায়ে। সপ্তাহ খানেক পর নিজ দেশে ফিরে যাব। এমন এক মুহূর্তে আমি যখন ঢাকা থেকে কক্সবাজার আসছিলাম, তখন অনেকে না করেছিলেন। কিন্তু তারপরও আমি কক্সবাজারে ছুটে এসেছি। কারণ একটাই, ফিস্টুলা। ফিস্টুলা যে কত যন্ত্রণাদায়ক, তা আক্রান্ত মা ও বোনেরাই বুঝতে পারেন। আজ এই দুর্গম এলাকায় ফিস্টুলা দূরীকরণের একটি সেন্টার তৈরির ভিত্তিপ্রস্তর স্থাপন করে আমি ঐতিহাসিক দায়িত্ব সেরেছি।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক মোস্তাক আহমদ চৌধুরী, মার্কিন যুক্তরাষ্ট্রের ফিস্টুলা ফাউন্ডেশনের পরিচালক ডা. স্টিভেন আরোসমিথ, হোপ ফাউন্ডেশনের আন্তর্জাতিক পরামর্শক কমিটির সদস্য সিরাজুল ইসলাম, চিকিৎসক মাহমুদুল হাসান, হোপ ফাউন্ডেশনের বাংলাদেশ পরিচালক হাসনাইন সাবিহ নায়ক ও ইউএসএইড বাংলাদেশ মিশন পরিচালক জানিনা জ্যারুযেলস্কি।
জানা যায়, বর্তমানে ৪০ শয্যার এই হোপ হাসপাতালে (মা ও শিশু হাসপাতালে) ধাত্রীবিদ্যা প্রশিক্ষণকেন্দ্রও রয়েছে।
তিন বছর মেয়াদি এই ধাত্রীবিদ্যা কোর্সে অধ্যয়ন করছেন বর্তমানে ২৯ জন নারী। আগামী জানুয়ারিতে প্রথম বর্ষে আরও ৩০ জনকে ভর্তি করা হবে। প্রশিক্ষণার্থীদের লেখাপড়া, থাকা-খাওয়া সব হাসপাতাল কর্তৃপক্ষ বহন করে।