চাকা নষ্ট, অ্যাম্বুলেন্স অচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সটির দুটি চাকা নষ্ট হয়ে যায় গত ১২ জুন। জেলা পরিষদে দেনদরবার করেও এখনো চাকার জন্য অর্থ পাওয়া যায়নি। প্রায় চার মাস ধরে অচল অ্যাম্বুলেন্সটি। ফলে দরিদ্র রোগীরা ভোগান্তির শিকার হচ্ছেন বলে জানা গেছে।স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ২০০৯ সালের শেষের দিকে জেলা পরিষদ অ্যাম্বুলেন্সটি প্রদান করে। এরপর গত আড়াই বছরে চারবার চাকা নষ্ট হয়। তখন উপজেলা পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় ব্যবসায়ীরা নতুন চাকা কিনে দেন। সর্বশেষ গত ১২ জুন পেছনের দুটি চাকা নষ্ট হয়ে যায়। এ বিষয়ে জেলা পরিষদসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানোর পরও এখনো কোনো সাড়া পাওয়া যায়নি। অ্যাম্বুলেন্সচালক অনুপম চাকমা বলেন, অ্যাম্বুলেন্স যখন সচল ছিল তখন প্রতিদিন রোগী নিয়ে খাগড়াছড়ি, রাঙামাটি ও চট্টগ্রামে যেতে হতো। গত জুন মাস থেকে অ্যাম্বুলেন্সটি অচল হয়ে পড়ে থাকায় রোগী আনা-নেওয়া বন্ধ। এখন ব্যক্তিগতভাবে গাড়িভাড়া করে রোগী পরিবহন করতে হচ্ছে স্বজনদের। সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন, ‘অ্যাম্বুলেন্স না থাকায় আমাদের ইউনিয়নের কেউ অসুস্থ হলে রোগীকে কাঁধে করে হাসপাতালে নিয়ে যেতে হচ্ছে। এতে অনেকের মাঝপথেই মৃত্যু হচ্ছে।’ হাসপাতালের চিকিৎসক সৈয়দ আরিফ উদ্দিন বলেন, ‘অ্যাম্বুলেন্সটি বেশি ব্যবহার হওয়ায় পেছনের দুটি চাকা একসঙ্গে নষ্ট হয়ে গেছে। চাকা কেনার অর্থের জন্য জেলা পরিষদের কাছে আবেদন করেছি। পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও ব্যবসায়ীদের জানানো হয়েছে।’ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুদর্শন চাকমা বলেন, জেলা পরিষদ অ্যাম্বুলেন্সটি দিয়েছে; কিন্তু চাকা খরচ দিচ্ছে না। এলাকাবাসীর সুবিধার্থে এ পর্যন্ত চারটি চাকা কিনে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, অ্যাম্বুলেন্সটি সচল রাখা খুবই জরুরি। শিগগির চাকা কিনে এটি সচল করা হবে।