
তেহুসিহালপা। রাত ১১টা, ১৬ জানুয়ারি ২০০২। একটি গাড়ি দুর্ঘটনায় তাঁর শরীরের নিম্নাংশ অচল হয়ে যায়। তিনি হয়ে উঠেছিলেন ট্র্যাজেডি। এর পর নিজের ভাগ্য তিনি নিজে বেছে নিয়েছেন।
তাঁর নিয়তি হুইলচেয়ারে বাঁধা পড়লেও হন্ডুরাসের গাড়িমিস্ত্রি রাউল আরতুরো ফ্লোরেস তাঁর ভাগ্য বরণ করতে গিয়ে ভিন্ন পথ বেছে নেন। এভাবে মিটিয়ে ফেলেন হতাশার সঙ্গে তাঁর বোঝাপড়া। তিনি তাঁর কাজ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। তাঁর গ্রাহকদের দিতে শুরু করেন নতুন আরেকটি সেবা। যে মানুষেরা হাঁটতে পারেন না, তাঁরা যেন গাড়ি চালাতে পারেন, সে জন্য তিনি গাড়িতে বিশেষ এক বৈশিষ্ট্য সংযোজন করেন।
সেই দুঃসহ দিনটির পর প্রায় ১৩ বছর চলে গেছে, আর তিনি এই গাড়ি সারাইয়ের কাজ করছেন ২৫ বছর ধরে। এ কাজ থেকেই তাঁর নিজের ও পরিবারের অন্ন জোটে।

দুর্ঘটনার শিকার হবেন—এটা তিনি কখনোই ভাবেননি। যখন সেটা ঘটল, তখন তাঁর ভাষায় ‘মাথায় আকাশ ভেঙে পড়ল’। যখন জানলেন, তিনি চিরতরে পঙ্গু ও সাময়িকভাবে অন্ধ হয়ে গেছেন, তখন নিজের মৃত্যু কামনা করেছেন। সে সময় তাঁর স্ত্রী গর্ভবতী, জীবন কীভাবে চলবে, সে বিষয়ে কোনো ধারণাও তখন তাঁদের ছিল না। কিন্তু রাউল হাল ছাড়েননি।
পরিবর্তন
আট মাসের চিকিত্সায় রাউল সুস্থ হয়ে ওঠেন। হাসপাতালে এই আট মাসের মধ্যে তিন মাস তিনি খুব অস্থির ছিলেন। কিন্তু সেই সময়েই জীবন নিয়ে নতুন চিন্তাভাবনা শুরু করেন। সাধারণ কোনো মিস্ত্রি আর তিনি থাকবেন না, তাঁর ভাগ্য অনেক কিছুর সঙ্গেই জড়িত হয়ে
পড়বে। ভেবে দেখলেন, তিনি এমন কিছু করতে পারেন কি না, যার বদৌলতে যে মানুষদের পা নেই, তাঁরা গাড়ি চালাতে পারবেন।
এটি ভাবার পর তিনি তাঁর দোকান আবার চালু করলেন, যাতে যুক্তরাষ্ট্রে তাঁর অর্জিত জ্ঞান প্রয়োগ করতে পারেন। দুর্ঘটনার এক বছর পর আবার যখন তাঁর গাড়ি চালানোর প্রয়োজন দেখা গেল, তখন তিনি ভাবলেন, হাত দিয়ে চালানোর মতো কোনো পরিবর্তন গাড়িটিতে নিয়ে আসা যায় কি না। এক সপ্তাহের মধ্যে তিনি তার নকশা ও মডেল তৈরি করে ফেললেন। পরীক্ষা করে দেখলেন, সেটি কাজ করছে।
রাউলের মতে, ‘প্রত্যেক মানুষেরই কিছু না কিছু করার সামর্থ্য আছে। ঈশ্বর মানুষকে তেমন উন্নত একটি মস্তিষ্ক দিয়েছেন।’ মানুষ তার মাধ্যমে বাধার পাহাড় সরিয়ে সামনে এগোতে পারে।
আবিষ্কার
কাজ করতে গিয়ে রাউল গাড়িতে প্রায় ৩০ ধরনের পরিবর্তন এনেছেন। তাঁর গ্রাহকেরা বলেছেন, তাঁকে এসবের পেটেন্ট করতে হবে। কিন্তু তিনি এতে আগ্রহী নন, তাঁর লক্ষ্য মানুষকে সহায়তা করা।
গাড়িতে এ পরিবর্তন আনতে এক দিন লেগে যায় বলে তিনি জানান। তিনি গাড়ির স্টিয়ারিং হুইলে একটি লম্বা বস্তু বসিয়ে তারপর তাঁর উত্পাদিত যন্ত্রটি স্থাপন করেন, যা আদতে পায়ের কাজ করে। যন্ত্রটি দিয়ে এক হাতেই চমত্কারভাবে ব্রেক কষা ও গতি বাড়ানো যায়।
এ কাজে রাউলের পরিবারই তাঁর সবচেয়ে বড় সহায়। ছোট ছেলের বয়স ১২, সে-ই তাঁর আদর্শ সহকারী। আর রাউলের স্ত্রী ও দুই মেয়ে হচ্ছে ইঞ্জিন, তারা এ কাজে শক্তি জোগায়। শারীরিক প্রতিবন্ধীদের ভিক্ষা করতে হবে—এ কথা তিনি একেবারেই মানেন না। তিনি পারলে অন্যরা পারবেন না কেন? সুযোগটা খুঁজে নিতে হবে।
হুইলচেয়ারে বসা একজন মিস্ত্রি এভাবেই তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছেন। অন্য দেশে না গিয়ে একটি কারখানা দিয়ে নিজে ভাগ্য বদলে দিয়েছেন। অথচ হিউম্যান মোবিলিটি প্যাসটোরালের তথ্যানুযায়ী, ভাগ্য বদলাতে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে প্রতিবছর হন্ডুরাসের অন্তত ২০ জন মানুষ হাত-পা হারান। এর চেয়ে হন্ডুরাসে বসেই স্বপ্ন পূরণ করা শ্রেয় মনে করেন রাউল।