১৯৯৭ সালের সেপ্টেম্বরের ঘটনা। সিলেটের লাক্কাতুরায় সেবার এশিয়া-প্যাসিফিক রোভার মোটের আসর বসেছিল। বিভিন্ন দেশসহ গোটা বাংলাদেশের স্কাউটসের সদস্যরা সেখানে জড়ো হচ্ছিলেন বিপুল উৎসাহে। মেহেরপুর ডিগ্রি কলেজের বেশ কজন ছাত্র ছিলেন বাংলাদেশ স্কাউটসের সদস্য। যথারীতি তাঁরাও একটি বাস ভাড়া করে বেরিয়ে পড়েছিলেন লাক্কাতুরার রোভার মোটে অংশ নেওয়ার জন্য। কিন্তু শেষতক গন্তব্যে পৌঁছাতে পারেননি তাঁরা। বেপরোয়া একটি গাড়ি লণ্ডভণ্ড করে দেয় সবকিছু। অনাকাঙ্ক্ষিত সেই দুর্ঘটনায় প্রাণ হারান সাত তরুণ রোভার সদস্য! সেই সড়ক দুর্ঘটনা নাড়া দিয়েছিল সবাইকে। সারা দেশে পালিত হয়েছিল জাতীয় শোক দিবস। মোহাম্মদ আবুল হোসেন তখন ঢাকার আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র। পাশাপাশি বাংলাদেশ স্কাউটসের সদস্য। তিনি ও তাঁর বন্ধুরা সে সময় প্রস্তুতি নিচ্ছিলেন, লাক্কাতুরার রোভার মোটে অংশ নেওয়ার জন্য। কিন্তু সেখানে পা রাখার আগেই সেই দুঃসংবাদ! সতীর্থ রোভারদের অকাল বিদায়ে আর সবার মতো তিনিও চরম ব্যথিত। তবে শোককে একসময় শক্তি হিসেবে আবিষ্কার করলেন আবুল হোসেন ও তাঁর দুই বন্ধু জাকির হোসেন এবং হামিদুর রহমান। সিদ্ধান্ত নিলেন, অনিরাপদ সড়কে প্রাণ হারানো বন্ধুদের স্মৃতির উদ্দেশে কিছু করতে হবে। কী করবেন, কী করবেন? এমন প্রশ্ন যখন মাথায় ঘুরপাক খাচ্ছে, তখনই আবুল হোসেনের মাথায় একটা বুদ্ধি খেলে যায়। পথ যেন হয় শান্তির‘সাইক্লিংয়ের ওপর তত দিনে বেশ একটা আগ্রহ দানা বেঁধেছে মাথায়। ভাবলাম, নিহত বন্ধুদের মতো যেন আর কাউকে এভাবে প্রাণ হারাতে না হয়—এই কথাগুলোই মানুষের মধ্যে প্রচার করতে হবে। এবং তা করব সাইকেলে চেপে। ‘পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়’ এই স্লোগান, তিন বন্ধুর তিনটি সাইকেল এবং সাহস নিয়েই বেরিয়ে পড়লাম পথে। পুরো দেশ ঘুরব, এবং মানুষকে সচেতন করব—এটাই উদ্দেশ্য”।’ ১৯৯৭ সালের অক্টোবরের স্মৃতি অর্থাৎ সাইক্লিংয়ের শুরুর কথা বলছিলেন মোহাম্মদ আবুল হোসেন। এরপর থেকে তিনি এখনো চাকায় চাকায় চক্কর দিচ্ছেন। দেশে এবং দেশের বাইরে। আর যেখানেই যান না কেন, সেখানেই প্রচার করেন সমাজ সচেতনাতামূলক কোনো বাণী।সেই যে সড়ক দুর্ঘটনায় নিহত বন্ধুদের উদ্দেশে নিরাপদ সড়কের জন্য পথে নেমেছিলেন। এরপর ‘স্থলমাইনমুক্ত পৃথিবী’, ‘দুর্নীতিবিরোধী আন্দোলন’ এবং প্রথম আলোর সহযোগিতায় ‘মাদকবিরোধী’ স্লোগান নিয়েও সাইকেলের প্যাডেল ঘুরিয়েছেন তিনি। পুরো বাংলাদেশ তো ঘুরেছেনই। এ পর্যন্ত সাইকেলের দুই চাকায় চেপে ঘুরে এসেছেন পৃথিবীর প্রায় ২৭টি দেশ। এবং ২০০৯-এর নভেম্বর থেকে এ বছরের সেপ্টেম্বর মাস পর্যন্ত ঘুরে এলেন ১২টি দেশ। এবার যে ১২টি দেশ ঘুরলেন, সেখানেও এই বিষয়গুলোই সাধারণ জনগণের মাঝে তুলে ধরেছেন তিনি। চেষ্টা করেছেন পৃথিবীর প্রাকৃতিক বিপর্যয় ঠেকাতে সবাইকে সচেতন করতে, বিশেষ করে তরুণ সমাজকে। তাই এবার ১২টি দেশে সাইক্লিংয়ের সময় মোহাম্মদ আবুল হোসেনের স্লোগান ছিল ‘প্যাডেলিং ফর প্ল্যানেট’। পিচঢালা এই পথটারেসাইকেলের মতো সহজলভ্য এবং কম খরচের বাহন আর দ্বিতীয়টি নেই। তাই সাইকেলে চেপেই দুনিয়াটা ঘুরে দেখবেন, এমন একটা ইচ্ছা ছাত্রাবস্থা থেকেই মাথায় ঘুরত আবুল হোসেনের। সেই পরিকল্পনা অনুযায়ী ১৯৯৫ সালেই গ্রিস, অস্ট্রেলিয়া, মিসর, কাতার এবং দুবাই ঘুরে এসেছিলেন তিনি। প্রায় বছর দেড়েক দেশের বাইরে ঘুরে ঘুরে পাকিয়েছেন চোখ, সমৃদ্ধ করেছেন অভিজ্ঞতার ঝুলি। গোপালগঞ্জের মুকসুদপুরে জন্ম। বেড়ে উঠেছেন ঢাকা শহরেই। ভূগোলে স্নাতোকত্তর এই সাইক্লিস্ট পাঁচ ভাই ও দুই বোনের মধ্যে দ্বিতীয়। ‘পরিবার কখনোই আমার এই বোহেমিয়ান জীবনে বাধা হয়ে দাঁড়ায়নি। সবার সহযোগিতা ও সমর্থন পেয়ে আসছি শুরু থেকেই। বিশেষ করে পরিবারের সবাই যখন দেখত, সাইকেল চালিয়ে আমি বেশ ভালো কিছু করছি, তখন তো দারুণ উৎসাহ দিত। তাই আমিও জীবনটাকে পথে পথে চালিয়ে নিতে পারছি।’ বলছিলেন আবুল হোসেন।১৯৯৫-এর পর আনুষ্ঠানিকভাবে প্রথম দেশের বাইরে সাইক্লিং শুরু ১৯৯৮ সালের ফেব্রুয়ারিতে। এর মধ্যে বেশ কয়েকবার পুরো বাংলাদেশ ঘুরে ছন বেরিয়েছেন সাইকেলে। পরিকল্পনা ও প্রস্তুতি সেরে নিয়েছেন বিশ্বভ্রমণের। বলছিলেন, ‘আমাদের এই পৃথিবী দিনে দিনে হুমকির সম্মুখীন হচ্ছে। এই হুমকি পরিবেশ বিপর্যয়ের। এভাবে চলতে থাকলে পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে পড়বে খুব অল্প সময়েই। তাই পৃথিবীকে রক্ষা করার জন্য সবাইকে সচেতন করতে সাইক্লিংকেই আমরা ভাষা হিসেবে বেছে নিলাম। এবং সেই উদ্দেশ্যটি সামনে রেখেই গত বছরের নভেম্বরে ফের বেরিয়ে পড়লাম বিশ্বভ্রমণে। এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ১২টি দেশ দিয়ে শুরু এই বিশ্বভ্রমণ। তবে যেখানেই, যে উদ্দেশ্যেই যাই না কেন, বিশ্বে বাংলাদেশের উজ্জ্বল ভাবমূর্তি উপস্থাপন করাটাই আমার মূল উদ্দেশ্য থাকে সবসময়। এর আগে যতবার দুনিয়ার বিভিন্ন দেশে গিয়েছি, ততবারই চেষ্টা করেছি, বাংলাদেশের কথা বলতে। বলতে চেষ্টা করেছি, বাংলাদেশ একটি সুন্দর দেশ। এই দেশের মানুষগুলো খুব সহজ-সরল, পরিশ্রমী। আমরাও একদিন মাথা উঁচু করে পৃথিবীতে একটি বিশেষ স্থানে চলে যাব।’ পৃথিবীর পথেএবার তাঁর ঘোরা ১১টি দেশের মধ্যে ছিল সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, হংকং, ম্যাকাও, দক্ষিণ কোরিয়া, জাপান, ফিলিপাইন এবং ব্রুনেই। যাত্রা শুরু হয়েছিল মালয়েশিয়া থেকে। কিন্তু বাংলাদেশ নয় কেন? আবুল হোসেনের উত্তর, ‘বাংলাদেশ থেকে শুরু করলে আমি যে পরিকল্পনা করেছিলাম, তা আসলে পূরণ করা সম্ভব ছিল না। সে ক্ষেত্রে মালয়েশিয়া থেকে শুরু করলে তা খুব সহজেই সম্ভব। তাই শুরুটা মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকেই। প্রথমে সেখানে মাসখানেক সাইকেল চালিয়ে অতিরিক্ত পরিমাণে কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ, বৈশ্বিক উষ্ণতা এবং এর ফলাফল সম্পর্কে সবাইকে সচেতন করেছি। বিশ্বভ্রমণের আগেই ইন্টারনেটের বদৌলতে প্রত্যেকটি দেশের পরিবেশ আন্দোলনে জড়িত সংস্থাগুলোর সঙ্গে পরিচয় ছিল আমার। সেই সুবাদে মালয়েশিয়ার তেমন কয়েকটি সংস্থার সঙ্গেও দেখা করি। ওরাও আমাকে যথেষ্ট সহযোগিতা করে। দেশটির সাধারণ জনগণ থেকে শুরু করে উচ্চপর্যায়ের ব্যক্তিরা আমার কথা শুনেছেন।’ এরপর মালয়েশিয়া থেকে সিঙ্গাপুর। সেখানে দিন পনেরো কাটিয়ে থাইল্যান্ড। থাইল্যান্ডের পথে পথে এক সপ্তাহ সাইকেল চালিয়ে সাধারণ জনগণের বেশ কাছে চলে গিয়েছিলেন আবুল হোসেন। কথা বলেছেন পরিবেশ নিয়ে। ‘মজার ব্যাপার হলো, অনেক ধরনের সমস্যারই মুখোমুখি হতে হয় বিশ্বভ্রমণে বেরোলে। কিন্তু কখনোই ভাষাগত কোনো সমস্যার সামনে পড়তে হয়নি আমার! যখন কেউ দেখেছে, এক অচেনা ভিনদেশি তরুণ সাইকেল চালাচ্ছে। টি-শার্টে লেখা প্যাডেলিং ফর প্ল্যানেট, তখন সবাই যেচে কথা বলতে এসেছে। আমিও তাদের সঙ্গে কথা বলেছি। কথা না বুঝলে আকার-ইঙ্গিতেই সেরে নিয়েছি মনের ভাব। এবং প্রত্যেকেই আমার সঙ্গে একমত হয়—পৃথিবীটাকে রক্ষা করতে হবে। বিশেষ করে বিশ্বের বিভিন্ন দেশের তরুণদের আমার কথাগুলো বোঝাতে চেষ্টা করেছি এবার।’থাইল্যান্ড থেকে তারপর আবুল হোসেনের দুই চাকা গড়িয়ে যায় লাওসের উদ্দেশে। সেখানেও ১৫ দিন। তারপর কম্বোডিয়া। সেখানে বেশ উষ্ণ আতিথেয়তার মধ্যেই কেটে গেছে পুরো এক মাস। কম্বোডিয়ার রাজপরিবারও খাতির-যত্নের কম রাখেনি সে সময়। এর পরের দেশ ভিয়েতনাম। সাত দিনের সফর শেষে হংকং। সেখানেও ওই ৭ দিন। ‘আসলে সময়, পরিস্থিতি, আবহাওয়া—সবকিছু মিলিয়েই ঠিক করতাম কোন দেশে কত দিন থাকব। সব দেশেই সমান আতিথেয়তা মেলেনি। কোনো কোনো দেশে গিয়ে তো ভীষণ বিপাকেই পড়তে হয়েছে। যেমন মালয়েশিয়ার কথাই ধরুন। রাস্তা দিয়ে চলছি, বলা নেই, কওয়া নেই হঠাৎ পাশ থেকে একটা মোটরবাইকের আরোহী হয়তো তার হেলমেটটি দিয়ে মাথায় ধুম করে একটা বাড়ি মেরে ঝড়ের বেগে হাওয়া! আবার কোনো কোনো দেশে দেখা গেছে, নকল পুলিশ সেজে এসেছে পাসপোর্ট জব্দ করে নাকাল করতে। আর ঘুষ তো পান্তাভাত হয়ে গেছে অনেক দেশেই! তবে আর যাই হোক, সাধারণ মানুষের যে ভালোবাসা পেয়েছি প্রত্যেকটি দেশে, তা ভোলার নয়। এই ভালোবাসার শক্তিতেই সাইকেলের প্যাডেল ঘোরাতে পেরেছি ক্লান্তিহীন।’ দুনিয়ার পথে পথে সমস্যা ও প্রেরণার কথা বলছিলেন আবুল হোসেন।হংকংয়ে সাত দিনের ভ্রমণ শেষে ম্যাকাও। এর ফাঁকে বলে নেওয়া ভালো, যেসব জায়গায় সড়কপথ নেই, সেখানে আকাশপথ কখনো বা জলপথও ব্যবহার করেছেন আবুল হোসেন। যা হোক, ম্যাকাও-এ মোটে তিনটি দিন কাটিয়ে দক্ষিণ কোরিয়া চলে যান তিনি। সেখানে ১৫ দিনের পর জাপানে আরও দিন পনেরো কাটিয়ে চলে যান ফিলিপাইনে। রাজধানী ম্যানিলার রাস্তাঘাটে ঘুরতে ঘুরতে চলে গেছে ২০ দিন। এর পরের ১৫ দিন ব্রুনেইয়ে কাটিয়ে গত ২৯ সেপ্টেম্বর ঘরের ছেলে ঘরে, মানে বাংলাদেশে ফিরে আসেন আবুল হোসেন।‘আমার এই বিশ্বভ্রমণই অবশ্য শেষ কথা নয়। আমি বিশ্বাস করি, জীবনটা খুবই ছোট। তাই যা করার এই তরুণ বয়সেই শেষ করতে হবে। এরপর বিশ্বের অন্য দেশগুলো ঘুরে আসব—এটাই এখন স্বপ্ন। আর শুধু ঘোরার জন্যই ঘোরা নয়। পৃথিবীর পরিবেশ বিপর্যয় ঠেকাতে যতটুকু পারি, তার চেয়ে বেশি কিছু করতে চাই। জানি, আমার একার পক্ষে হয়তো এত বড় একটা সমস্যার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়া খুব কঠিন। তার পরও চাই, এই সাইকেলে চেপে দেশ ও বিশ্ব ঘুরব। মানুষকে বলব, এসো পৃথিবীটাকে বাঁচাই।’ আগামী দিনের পরিকল্পনার কথা বলতে বলতে চোখে অন্য রকম এক ঝিলিক খেলে যায় মোহাম্মদ আবুল হোসেনের।