চাক্তাই-খাতুনগঞ্জে আবার অবিশ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন আমদানিকারক থেকে ছোলা, ডালসহ বিভিন্ন ভোগ্যপণ্য বাকিতে কিনে বিক্রি করছিলেন খাতুনগঞ্জের ব্যবসায়ী আশুতোষ মহাজন। এর জন্য ক্রেতা পণ্যমূল্যের সমপরিমাণ টাকার বিভিন্ন তারিখের অগ্রিম চেক বিক্রেতাকে দিয়ে রাখেন। এটাই চাক্তাই-খাতুনগঞ্জের বেচাকেনার রীতি। ভালো মুনাফার আশায় রমজান মাসের আগে এভাবে পণ্যের ক্রয় বাড়িয়ে দেন আশুতোষ সাহা। কিন্তু বিধিবাম। এবার রোজায় পাইকারি বাজারে পণ্যের দাম বাড়েনি। বরং অনেক ভোগ্যপণ্যের দাম কমে যায়। ফলে সব পণ্যে লোকসান দিয়ে বিক্রি সম্ভব হয়নি। গুদামে পণ্য জমে থাকে। আর এসব পণ্য কেনার জন্য যেসব ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়েছিল, বাড়তে থাকে তাদের চাপ। আশুতোষ বিভিন্ন ব্যবসায়ীকে চেক দিয়েছেন প্রায় ৫৮ কোটি টাকার। ব্যাংক হিসাবে পর্যাপ্ত টাকা না থাকায় ক্রেতাদের দেওয়া চেক প্রত্যাখ্যাত হতে শুরু করে। আর তখনই ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক শুরু হয়। কারণ খাতুনগঞ্জের একজনের বেচাকেনার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অনেকজনের সম্পৃক্ততা থাকে। গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এ আতঙ্ক ছড়িয়ে পড়ে চাক্তাই-খাতুনগঞ্জের ব্যবসাকেন্দ্রে। ব্যবসায়ীরা জানান, আশুতোষ মহাজনের ঘটনার প্রভাবে বুধবার থেকে চাক্তাই-খাতুনগঞ্জে লেনদেন অস্বাভাবিক কমতে থাকে। সন্দেহ-অবিশ্বাসের কারণে বাকিতে লেনদেন কমে যায়। এ ব্যবসাকেন্দ্রের অন্তত ছয় হাজার ব্যবসায়ী ভোগান্তির মুখে পড়েন। জানা যায়, পণ্যের দরপতনের কারণে শুধু একজন আশুতোষ সাহাকে নিয়ে ঘটনা ঘটেনি। এ ধরনের ঘটনা প্রতিমাসে দু-একটি ঘটে। তবে ওই ব্যবসায়ীর আটকে পড়া টাকার অঙ্ক বেশি হলে বাজারে হইচই শুরু হয়। এ ধরনের লোকসানের কারণ ছাড়াও অনেক ব্যবসায়ী প্রতারণা করে টাকা মেরে দেওয়ার ঘটনা ঘটেছে চাক্তাই-খাতুনগঞ্জে। গত বুধবার প্রতারণার ঘটনায় নুর আলম চৌধুরী নামে এক ব্যবসায়ীর ছেলে সজীবকে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ব্যবসায়ীদের টাকা মেরে দুবাই পালাচ্ছিলেন বলে অভিযোগ আছে। খবর পেয়ে পাওনাদারেরা পুলিশ নিয়ে তাঁকে বিমানবন্দর থেকে আটক করেন। চাক্তাই-খাতুনগঞ্জে এ পর্যন্ত এ ধরনের কতটি ঘটনা ঘটেছে তার হিসাব পাওয়া যায়নি। তবে ব্যবসায়ীরা ধারণা করছেন, এ সংখ্যা শতাধিকের কম হবে না। এর মধ্যে অন্তত ১৬ জন ব্যবসায়ী ভারতে পাড়ি জমিয়েছেন। এঁদের কেউ কেউ পুলিশের হাতে ধরা খেয়ে জেলও খেটেছেন। কেউ পাওনা টাকার কিছু অংশ পরিশোধ করেই ব্যবসা গুটিয়ে ফেলেছেন।খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে, আশুতোষ মহাজনের কাছে ব্যবসায়ীদের পাওনা রয়েছে প্রায় ৫৮ কোটি টাকা। এ টাকার বেশির ভাগের পাওনা আমদানিকারকেরা। সমিতি হিসাব করে দেখেছে, ব্যবসায়ী আশুতোষের কাছে থাকা পণ্যের দাম, অন্য ব্যবসায়ীদের কাছে থাকা পাওনাসহ প্রায় ৫০ কোটি টাকা রয়েছে। এখন সময় বাড়িয়ে ওই পাওনা টাকা ফিরিয়ে দেওয়ার মধ্যস্থতা হয়েছে। খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব আলম ও সাধারণ সম্পাদক সৈয়দ ছগীর আহমদ প্রথম আলোকে বলেন, ব্যবসায়ী আশুতোষ মহাজন ও পাওনাদারদের সঙ্গে সমিতি বৈঠক করেছে। পাওনাদারেরা পর্যায়ক্রমে পাওনা টাকা ফেরত পাবেন বলে তাঁরা মন্তব্য করেন।ব্যবসায়ীদের সঙ্গে আলাপে জানা গেছে, ১৯৮৭ সালে চাক্তাই-খাতুনগঞ্জে প্রথম এ ধরনের ঘটনা ঘটে। সে বছর ব্যবসায়ী বিভূতিভূষণ সাত কোটি টাকা দেনা রেখে গা-ঢাকা দেন। পরে বিষয়টি নিয়ে মামলা হয়। এরপর ১৯৯৪ সালের দিকে কোরবানিগঞ্জের ব্যবসায়ী সুশীল রাজগরিয়া সপরিবারে ভারতে পালিয়ে গেলে দেশজুড়ে আলোড়ন হয়। সুশীল কী পরিমাণ টাকা খেলাপি রেখে পালান তার সঠিক হিসাব এখনো পাওয়া যায়নি। অনেকে মনে করেন, তাঁর অপরিশোধিত টাকার পরিমাণ এক হাজার কোটি টাকারও বেশি হবে। সুশীল পালিয়ে যাওয়ার পর এ দেশে থাকা কয়েক কোটি টাকার তাঁর স্থাবর-অস্থাবর সম্পত্তি নিলামে তুলে পাওনাদারদের দাবি মেটানোর চেষ্টা হয়েছিল।ব্যবসায়ীরা জানান, ১০ বছর আগেও দেশের ভোগ্যপণ্য আমদানি নিয়ন্ত্রণ হতো চাক্তাই, খাতুনগঞ্জ, আসাদগঞ্জ ও কোরবানিগঞ্জের মাধ্যমে। এ চারটি বাজারে বিশ্বাসের ওপরে লেনদেন হওয়ার কারণে এখানে প্রতারণার ঘটনাও বেশি ঘটছে। ফলে এ চারটি বাজারের যেকোনো একটিতে প্রতারণার ঘটনা প্রভাব পড়ে এখানকার ব্যবসা-বাণিজ্যেও। এখন দেশের মোট ভোগ্যপণ্যের বাজারের ৪০ শতাংশ নিয়ন্ত্রণ হয় চাক্তাই-খাতুনগঞ্জ থেকে।কেন ঘটছেচাক্তাই-খাতুনগঞ্জে ব্যবসায়িক লেনদেনের পুরোটাই চলে মৌখিক বিশ্বাস ও আস্থার ওপর। এ বিশ্বাস কাজে লাগিয়ে ব্যবসায়ীরা অতি মুনাফার দিকে ঝুঁকে পড়েন। কিন্তু বাজারে দর পড়ে গেলে তখন লোকসানের মুখে পড়েন তাঁরা। জানা গেছে, প্রতিদিন এ বাজারে আনুমানিক ৩০০ কোটি টাকা লেনদেন হয়, যার ৯০ শতাংশই চলে বাকিতে। অর্থাৎ মাস কিংবা সপ্তাহ শেষে পণ্যমূল্য পরিশোধের সুযোগ কাজে লাগিয়ে প্রতারণার আশ্রয় নেন অনেক ব্যবসায়ী।খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের উপদেষ্টা তৈয়বুর রহমান প্রথম আলোকে বলেন, ক্রেতার অবস্থা পর্যালোচনা করে বাকিতে পণ্য বেচাকেনা করলে এ ধরনের ঘটনা কমে আসবে। কারণ ভোগ্যপণ্য বেশিদিন মজুদ করে রাখা যায়। একটা নির্দিষ্ট সময়েই বিক্রি করতে হয়। ওই সময়ে পণ্য বিক্রি করতে না পারলে লোকসানের মুখে পড়েন ব্যবসায়ীরা। প্রতারণার রেশ চলছেপ্রতারণার শিকার একাধিক ব্যবসায়ী মনে করেন, এসব ঘটনায় অসংখ্য মামলা হয়েছে। এসব মামলায় গ্রেপ্তার হলেও জামিনে বেরিয়ে যাচ্ছেন প্রতারক ব্যবসায়ীরা। শাস্তির দৃষ্টান্ত না থাকায় বারবার ঘটছে এ ধরনের ঘটনা। চাক্তাই ধান-চাল ব্যবসায়ী সমিতি সূত্রে জানা গেছে, প্রায় দুবছর আগে অন্তত ১৮ কোটি টাকা দেনা রেখে ব্যবসায়ী নুর আলম চৌধুরী আত্মগোপনে চলে যান। একপর্যায়ে চাক্তাই ধান-চাল ব্যবসায়ী সমিতির মধ্যস্থতায় পাওনা টাকা ফিরিয়ে দেওয়ার অঙ্গীকার করেন এ ব্যবসায়ী। কিন্তু সামান্য কিছু টাকা পরিশোধ করার পরই তিনি ছেলেসহ আবুধাবিতে পালিয়ে যান। এরপর ব্যবসায়ীরা তাঁর বিরুদ্ধে চেক প্রতারণার মামলা করেন।ওই ব্যবসায়ীর ছেলে মনজুরুল আলম ওরফে সজল দেশে ফিরে এলে তাঁর পাসপোর্ট জব্দ করেন। কিন্তু নতুন পাসপোর্ট বানিয়ে আবার পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গত বুধবার পুলিশ তাঁকে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে বাকলিয়া থানায় হস্তান্তর করে। বাকলিয়া থানার উপপরিদর্শক মো. ফারুক প্রথম আলোকে বলেন, তাঁর বিরুদ্ধে এক কোটি ৬০ লাখ টাকা প্রতারণার অভিযোগে দুটি মামলা রয়েছে। তবে তাঁকে গ্রেপ্তারের খবর শুনে অনেক পাওনাদার ব্যবসায়ী থানায় এসেছেন বলে তিনি জানান।পাওনাদার ব্যবসায়ী ও চাক্তাই ধান-চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ওমর আজম প্রথম আলোকে বলেন, ‘দুই দফায় তাঁর কাছ থেকে ৬৪ লাখ টাকা পাব। কিন্তু দুই বছরেও আমার টাকা পাইনি।’