চাক্তাই-খাতুনগঞ্জের যানজট চিরকাল!
অপ্রশস্ত সড়ক। তাতে দিন-রাত সারি সারি ট্রাক দাঁড়িয়ে থাকে। গাড়ির জটের কারণে প্রায় সময় হাঁটারও অবকাশ থাকে না। এরই মধ্যে চলছে পণ্য ওঠা-নামা। চট্টগ্রাম নগরের ব্যবসার প্রাণকেন্দ্র চাক্তাই-খাতুনগঞ্জের নিত্যদিনের চিত্র এ রকমই।চাক্তাই-খাতুনগঞ্জে ঢোকার প্রধান সড়ক পাঁচটি—রাজাখালী সড়ক, শুঁটকিপট্টি সড়ক, আছাদগঞ্জ সড়ক, চাক্তাই নতুন সড়ক ও চাক্তাই পুরানা সড়ক। এর মধ্যে রাজাখালী ও শুঁটকিপট্টি সড়কের প্রস্থ ৩০ ফুট। বাকি সড়কগুলোর প্রস্থ ১২ থেকে ১৮ ফুট। সরু এসব সড়কে পণ্য নিয়ে দু-চারটি ট্রাক প্রবেশ করলেই লেগে যায় যানজট।১৮ ডিসেম্বর সকালে সরেজমিনে বকশির হাট ফুলের দোকান, ভাঙার পুল, চাউলপট্টি, চামড়ার গুদাম চৌমুহনী, কোরবানি গঞ্জ, আছাদগঞ্জ, শুঁটকিপট্টিতে যানজটের ওই চিত্র দেখা যায়। নতুন চাক্তাই এলাকায় বিকেল চারটায় দেখা গেছে, বিপুলসংখ্যক ট্রাকে পণ্য ওঠা-নামা চলছে। ফলে চাউলপট্টি-ভাঙার পুলসহ আশপাশের এলাকায় থমকে আছে গাড়ি চলাচল। চাউলপট্টির মনসা স্টোরের স্বত্বাধিকারী ওমর আজগর বলেন, ‘আমাদের এখানকার প্রধান সমস্যা যানজট। চাক্তাই ও রাজাখালী খালের পাড়ে সংযোগ সড়কগুলোর নির্মাণকাজ শেষ করে যানবাহন চলাচলের জন্য খুলে দিলে যানজট কমবে। তা না হলে এ সমস্যা থেকে মুক্তির উপায় নেই।’খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ ছগীর আহমদসহ চাক্তাই-খাতুনগঞ্জের ব্যবসায়ী সংগঠনের নেতারা জানান, প্রতিদিন গড়ে ৩৫০ থেকে ৪০০টি ট্রাক প্রবেশ করছে এখানে। এত গাড়ি চলাচলের জন্য সড়ক যতটা প্রশস্ত হওয়া দরকার, এখানে তা নেই। পণ্যবাহী ট্রাক ছাড়াও অন্য যানবাহনও প্রবেশ করছে প্রতিদিন। ফলে যানজট লেগেই থাকে। তাঁরা যানজট নিরসনে গুরুত্বপূর্ণ মোড়ে আন্ডারপাস ও ওভারপাস নির্মাণের দাবি জানিয়েছেন। বকশির হাট, আছাদগঞ্জ, চামড়ার গুদাম, চাউলপট্টি, ভাঙার পুল, কোরবানি গঞ্জ, পাথরঘাটার ব্রিকফিল্ড, ঘাট ফরহাদবেগ ও বান্ডেল সড়কসহ অভ্যন্তরীণ ২২টি সড়ক-উপসড়কের সম্প্রসারণ এবং মিয়াখান নগর থেকে কালামিয়া বাজার পর্যন্ত সড়ক নির্মাণের কথাও বলেছেন। সিটি করপোরেশনের নগর পরিকল্পনাবিদ রেজাউল করিম বলেন, ‘চাক্তাই-খাতুনগঞ্জকে যানজটমুক্ত করতে হলে এটির মিশ্র ব্যবহার কমিয়ে আনতে হবে। দিনের বেলায় পণ্যবাহী ট্রাক প্রবেশ বন্ধ করতে হবে। রাজাখালী-তুলাতলী-নয়া মসজিদসহ আশপাশের এলাকা থেকে বসতি ও গুদাম সরিয়ে নিতে হবে।’সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ার হোসেন বলেন, ‘তিন কোটি টাকা ব্যয়ে চাক্তাই ও রাজাখালী খাল পারের সংযোগ সড়কের নির্মাণকাজ প্রায় শেষ হয়েছে। ২০ কোটি টাকা ব্যয়ে আড়াই কিলোমিটার দৈর্ঘ্যের ফিরিঙ্গিবাজার থেকে কর্ণফুলী পর্যন্ত মেরিন ড্রাইভ সড়কটির নির্মাণকাজ শেষ হবে ২০১৩ সালের মধ্যে। এসব কাজ সম্পন্ন হলে চাক্তাই-খাতুনগঞ্জের যানজট সমস্যা থাকবে না।’ বকশীরহাট ওয়ার্ড কাউন্সিলর নুরুল হক বলেন, ‘সিটি করপোরেশন ও সিডিএর সমন্বয়ে একটি মহাপরিকল্পনা গ্রহণ করে সেটি বাস্তবায়ন করলে মানুষের দুর্ভোগ কমবে।’যানজট প্রসঙ্গে সহকারী পুলিশ কমিশনার (যানবাহন) মোহাম্মদ শহীদুল্লাহ গতকাল প্রথম আলোকে বলেন, ‘চাক্তাই-খাতুনগঞ্জে প্রধান এবং অভ্যন্তরীণ সড়কগুলো অপ্রশস্ত। এসব সড়ক ট্রাক ঢোকার উপযোগী নয়। পার্কিং স্পেস না থাকায় সড়কে দাঁড়িয়ে ট্রাক থেকে পণ্য ওঠানো-নামানো করতে হয়। এর ফলে সৃষ্টি হয় যানজট।’