চাঙা আওয়ামী লীগের নেতা-কর্মীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফটিকছড়ি আসছেন ২৯ আগস্ট। ওই দিন ফটিকছড়ি ডিগ্রি কলেজ মাঠে জনসভায় ভাষণ দেওয়া এবং মাইজভান্ডার দরবার শরিফ জেয়ারতের কথা রয়েছে তাঁর। প্রধানমন্ত্রীর সফর সফল করার জন্য ব্যাপক প্রস্তুতি নিতে শুরু করেছে উপজেলা আওয়ামী লীগ। এ উপলক্ষে দলের পক্ষ থেকে স্থানীয় নেতা-কর্মীদের চাঙা করার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে ঝিমিয়ে থাকা তৃণমূল নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। দলীয় সূত্র জানায়, গত ১১ এপ্রিল উপজেলার ভূজপুরে আওয়ামী লীগের মিছিলে জামায়াত-বিএনপি ও হেফাজতের ভয়াবহ তাণ্ডব চালানোর পর দলের তৃণমূল পর্যায়ে সাংগঠনিক তৎপরতা অনেকটা ঝিমিয়ে পড়ে। বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীদের মধ্যে দেখা দেয় হতাশা। এই হতাশা কাটিয়ে নেতা-কর্মীদের চাঙা করার জন্য জুন মাস থেকে ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে সম্মেলনের আয়োজন করা হয়। প্রস্তুতি নেওয়া হয় উপজেলা সম্মেলনেরও। ইতিমধ্যে তৃণমূল নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে ওয়ার্ড পর্যায়ের সম্মেলন ও কমিটি গঠন শেষ হয়েছে। ১৮ ইউনিয়নের মধ্যে ১৩ আগস্ট পর্যন্ত শেষ হয়েছে দৌলতপুর ও লেলাং ইউনিয়নের সম্মেলন ও কমিটি। বাকি ইউনিয়নগুলোর সম্মেলন অনুষ্ঠানের প্রস্তুতিও চলছে। দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মোর্শেদুল আমিন জানান, দীর্ঘদিন ধরে বিশেষ করে ভূজপুরের ঘটনার পর থেকে স্থানীয় কর্মীদের মধ্যে হতাশা ও নিষ্ক্রিয়তা দেখা দিয়েছিল। বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নে সম্মেলন শুরু হওয়ার পর থেকে সবার মধ্যে নতুন করে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। লেলাং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. এমরান চৌধুরী জানান, ভূজপুরের ঘটনার পর থেকেই দলের মধ্যে একধরনের হতাশা ছিল। প্রধানমন্ত্রীর ফটিকছড়ি আসার খবর শোনার পর নেতা-কর্মীরা দ্বিগুণ উৎসাহে দলীয় কর্মকাণ্ডে নেমে পড়ছেন। এদিকে ফটিকছড়িতে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সংশ্লিষ্ট নেতা-কর্মীরা প্রস্তুতিমূলক তৎপরতায় ব্যস্ত হয়ে পড়ায় বাকি ইউনিয়নগুলোর সম্মেলন পিছিয়ে পড়ছে। চলতি মাসের মধ্যে সব কটি ইউনিয়ন সম্মেলন শেষ করে আগামী মাসে উপজেলা সম্মেলন অনুষ্ঠানের কথা থাকলেও তা আর সম্ভব হবে না বলে নেতা-কর্মীরা জানান।জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম সোলাইমান বলেন, ‘ইতিমধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যে সব কটি ইউনিয়নের ওয়ার্ড কমিটির সম্মেলন শেষ হয়েছে। প্রধানমন্ত্রীর ফটিকছড়ি সফরের আগেই সব কটি ইউনিয়নের সম্মেলন শেষ করার মাধ্যমে দলকে চাঙা করে তোলাই আমাদের লক্ষ্য। সে রকম প্রস্তুতি আমাদের রয়েছে।’তবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী বলেন, আগামী মাসে উপজেলা সম্মেলন করার প্রস্তুতি ছিল। এ ব্যাপারে নতুন নেতৃত্ব উন্মুখ হয়ে আছে। তবে প্রধানমন্ত্রীর সফরের কারণে দিনক্ষণ হয়তো এদিক-ওদিক হবে। তিনি দাবি করেন, দল এখন আগের চেয়ে শক্তিশালী, তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরাও স্বতঃস্ফূর্তভাবে দলের কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন।এদিকে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে প্রয়োজনীয় নিরাপত্তামূলক প্রস্তুতি নিচ্ছে প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলো প্রধানমন্ত্রীর সমাবেশস্থলসহ মাইজভান্ডার দরবারের আশপাশের অবস্থান পর্যবেক্ষণ করছে এবং নিরাপত্তার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।