চাঙা জনসংহতি সমিতি, হতাশ আওয়ামী লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপজেলা পরিষদ নির্বাচনে রাঙামাটি সদরসহ পাঁচ উপজেলায় চেয়ারম্যান পদে জয় পেয়ে চাঙা সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি। অন্যদিকে, মাত্র দুটিতে চেয়ারম্যান পদ পাওয়ায় হতাশ ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। আর দুটি উপজেলায় জয় পেয়ে সন্তুষ্ট বিএনপি।
নির্বাচনের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ২০০৮ সালের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থীরা ছয়টিতে জয়লাভ করেছিলেন। এবার মাত্র কাউখালী উপজেলা ধরে রাখতে পেরেছে দলটি। অবশ্য নতুন করে পেয়েছেন রাজস্থলী উপজেলা। হারিয়েছে রাঙামাটি সদর, বরকল, বিলাইছড়ি, জুরাছড়ি ও কাপ্তাই। অন্যদিকে, ২০০৮ সালে বিএনপি প্রার্থী একমাত্র লংগদু উপজেলায় জয়লাভ করেছিলেন। এবার ওই উপজেলা ধরে রাখার পাশাপাশি কাপ্তাই উপজেলায় জিতেছে বিএনপি। সন্তু লারমার নেতৃত্বা- ধীন জনসংহতি সমিতি গত উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়নি। এবার ছয়টিতে অংশ নিয়ে পাঁচটিতে জয় পেয়েছে তারা। উপজেলাগুলো হলো রাঙামাটি সদর, বাঘাইছড়ি, বিলাইছড়ি, বরকল ও জুরাছড়ি। জনসংহতি সমিতি (এএন লারমা) বাঘাইছড়ি হারিয়ে এবার পেয়েছে নানিয়ারচর উপজেলা। অপর আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) বিগত নির্বাচনে নানিয়ারচর উপজেলায় চেয়ারম্যান পদে জয়লাভ করলেও এবার তা হাতছাড়া হয়েছে। এই একটি মাত্র উপজেলায় ইউপিডিএফ নির্বাচনে অংশগ্রহণ করেছে।
নারী ও পুরুষ উভয় ভাইস চেয়ারম্যান পদে একমাত্র জনসংহতি সমিতি চারটি উপজেলায় জয়লাভ করেছে। উপজেলাগুলো হলো: রাঙামাটি সদর, বরকল, জুরাছড়ি ও বিলাইছড়ি। এ ছাড়া রাজস্থলী উপজেলায় নারী ভাইস চেয়ারম্যান পদে জয়লাভ করেছে জনসংহতি সমিতির প্রার্থী।
পুরুষ ভাইস চেয়ারমান পদে আওয়ামী লীগ রাজস্থলী, বিএনপি নানিয়ারচর, ইউপিডিএফ কাউখালী, জামায়াতে ইসলামী লংগদু এবং কাপ্তাই ও বাঘাইছড়ি উপজেলায় স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছেন। নারী ভাইস চেয়ারম্যান পদে কাপ্তাই বিএনপি, লংগদু আওয়ামী লীগ এবং বাঘাইছড়ি, নানিয়ারচর ও কাউখালী স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করেছেন।
উপজেলা নির্বাচন সম্পর্কে মতামত জানতে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ করা হলে কেউ প্রকাশ্যে কিছু বলতে চাননি। তবে নাম প্রকাশ না করার শর্তে অধিকাংশই হতাশা প্রকাশ করেছেন। তাঁদের মতে, নিজেদের দল ক্ষমতায় থাকলেও ২০০৮ সালে নির্বাচিত চেয়ারম্যানরা এলাকায় সুযোগ সুবিধা বাড়াতে পারেননি। তৃণমূলের নেতা-কর্মীদের সঙ্গেও দূরত্ব তৈরি হয়েছে। ফলে গত পাঁচ বছর উপজেলা চেয়ারম্যানদের জনগণের সঙ্গে সম্পৃক্ততা না থাকা এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারসহ জেলা পর্যায়ের নেতারা উপজেলার দিকে দৃষ্টি না দেওয়ায় দলীয় প্রার্থী হেরেছে।
রাঙমাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুছা মাতব্বর বলেন, ‘আঞ্চলিক রাজনৈতিক দলের আধিপত্য, হুমকি, এজেন্টদের ওপর চাপের কারণে দলীয় প্রার্থীদের পরাজয় হয়েছে। এ ছাড়া পরাজয়ের তেমন কারণ নেই।’
অবশ্য দলীয়ভাবে এখনো মূল্যায়ন সভা হয়নি বলে তিনি জানান।
জনসংহতি সমিতির স্টাফ সদস্য উদয়ন ত্রিপুরা বলেন, ‘পার্বত্যচুক্তি বাস্তবায়িত না হওয়ায় পার্বত্য এলাকার জনগণ আওয়ামী লীগের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে। সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে আদিবাসীদের যেভাবে হেয়- প্রতিপন্ন করা হয়েছে তার জবাব বিগত জাতীয় সংসদ নির্বাচন ও উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল।’ এ ছাড়া চাকরির ক্ষেত্রে দলীয়করণে আওয়ামী লীগের ওপর পাহাড়ি-বাঙালি সবাই ক্ষুব্ধ বলে উল্লেখ করেন তিনি।
রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহ আলম বলেন, ‘আওয়ামী লীগের দুঃশাসন আর জনসংহতির আধিপত্য না হলে আমাদের আরও উপজেলায় জয়লাভ করা সম্ভব ছিল। কিছু উপজেলায় আমাদের নেতারা নির্বাচন করার সাহস পাননি। তার পরও আমাদের সাংগঠনিক শক্তির উন্নতি হয়েছে।’