চাচা-ভাতিজার লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুজন একই পরিবারের সদস্য। সম্পর্কে চাচা-ভাতিজা তাঁরা। তবে এখন নির্বাচনের মাঠে পরস্পরের প্রতিদ্বন্দ্বী। ফেনী পৌরসভার মেয়র পদে উপনির্বাচনে তাঁরা লড়ছেন দেশের দুই রাজনৈতিক জোটের হয়ে।
এই দুজন হলেন আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোটের প্রার্থী ও জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আলাউদ্দিন এবং ১৯-দলীয় জোটের প্রার্থী ফেনী পৌর বিএনপির সভাপতি আলাল উদ্দিন। তাঁরা দুজনেই শহরের রামপুর এলাকার পাটোয়ারী বাড়ির বাসিন্দা। তবে তাঁরা কেউ নামের সঙ্গে পাটোয়ারী লেখেন না।
৫ এপ্রিল নির্বাচন সামনে রেখে ভোর থেকে দুই প্রার্থী ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ করছেন। পাশাপাশি বেলা দুইটা থেকে রাত আটটা পর্যন্ত চলছে মাইকে প্রচারণা।
জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, ২৩ মার্চ প্রতীক বরাদ্দের পর প্রচারণায় নামেন প্রার্থীরা। মহাজোটের প্রার্থী আলাউদ্দিন আনারস ও ১৯ দলের প্রার্থী আলাল উদ্দিন দোয়াত-কলম প্রতীক নিয়ে নির্বাচন করছেন। ২৭ বর্গকিলোমিটার আয়তনের ফেনী পৌরসভার ১৮টি ওয়ার্ডে ভোটার সংখ্যা ৭৭ হাজার ৫০৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪০ হাজার ২১ জন এবং নারী ভোটার ৩৭ হাজার ৪৮৭ জন। ভোটকেন্দ্র আছে ৩০টি। এর মধ্যে সবগুলো কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন।
দলীয় সূত্র জানায়, মহাজোটের প্রার্থী আলাউদ্দিনের পক্ষে গণসংযোগে জাতীয় পার্টির নেতা-কর্মী ছাড়াও জেলা ও পৌর আওয়ামী লীগের নেতা-কর্মীরা মাঠে নেমেছেন।
১৯-দলীয় জোট প্রার্থী আলাল উদ্দিনের পক্ষে জেলা ও পৌর বিএনপির নেতা-কর্মী ছাড়াও জামায়াতের কর্মীরাও প্রচারণা চালাচ্ছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভোটার বলেন, বিএনপির ভোটব্যাংক হিসেবে পরিচিত রামপুর এলাকা থেকে একই বাড়ির দুজন সদস্য প্রার্থী হওয়ার কারণে এবার সেখানে বিএনপির ভোট ভাগ হয়ে যেতে পারে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী মহাজোটের পক্ষে জাতীয় পার্টির নেতা আলাউদ্দিনকে দলীয়ভাবে সমর্থন করার কথা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ফেনী পৌরসভার ভোটাররা যোগ্য প্রার্থী বেছে নিতে ভুল করবে না।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন-সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরপেক্ষতা কামনা করেন। তিনি বলেন, ভোটাররা যাতে নিজ নিজ কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক বলেন, নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।
গত ৫ জানুয়ারির নির্বাচনে ফেনী পৌরসভার মেয়র নিজাম উদ্দিন হাজারী বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদ নির্বাচিত হন। পরে তিনি মেয়র পদ থেকে ইস্তফা দেওয়ার পর নির্বাচন কমিশন উপনির্বাচনের তফসিল ঘোষণা করে।