চট্টগ্রাম মহানগর মহিলা দলের কমিটি নিয়ে স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে আলোচনা-সমালোচনা এখন তুঙ্গে। নতুন কমিটির দুই শীর্ষ নেত্রীর বাড়ি চাটগাঁর বাইরে হওয়ায় নেতা-কর্মীদের একটি অংশ ক্ষুব্ধ। গত বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম মহানগর মহিলা দলের এই কমিটি ঘোষণা করা হয়। দলীয় সূত্র জানায়, সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর মনোয়ারা বেগম ওরফে মনিকে সভানেত্রী এবং জেলি চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয় কেন্দ্র থেকে। যোগ্যতা ও ত্যাগের বিষয়টি বিবেচনা করে তাঁদের নেতৃত্বে আনা হয় বলে জানা গেছে। চট্টগ্রামে বিএনপির রাজনীতিতে বিভক্তি থাকলেও এই দুজনের ব্যাপারে কেউ দ্বিমত করেননি বলে দলীয় নেতারা জানান। তবে মহিলা দলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত একটি অংশ কমিটি ঘোষণার পর আঞ্চলিকতার বিষয়টি সামনে নিয়ে আসে।জানা গেছে, মনোয়ারা বেগম পরপর দুবার ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত হন। তাঁর গ্রামের বাড়ি নোয়াখালীর চাটখিল এলাকায়। জেলি চৌধুরীর বাবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় এবং তাঁর শ্বশুরবাড়ি সিলেটে। নগর মহিলা দলের বিদায়ী সভানেত্রী ও সাবেক সাংসদ রোজী কবির প্রথম আলোকে বলেন, ‘অনেক দিন ধরে দায়িত্ব পালন করেছি। নতুনদের জায়গা করে দিতে হবে। এ কারণে আমি ম্যাডামের (খালেদা জিয়া) কাছে নতুন কমিটি গঠনের সুপারিশ করি। সেই আলোকে নতুন কমিটি হয়েছে। তবে কমিটির সভানেত্রী বা সাধারণ সম্পাদকের যেকোনো একজন চাটগাঁর বাসিন্দা হলে আরও সুন্দর হতো।’প্রসঙ্গত, ২০০৫ সালের ১ জুন সর্বশেষ নগর মহিলা দলের কমিটি ঘোষণা হয়। ওই সময় রোজী কবির সভানেত্রী ও নিলুফার মোমেন সাধারণ সম্পাদক হন। প্রায় সোয়া ছয় বছর তাঁরা নগরের দায়িত্ব পালন করেন। আঞ্চলিকতার অভিযোগ প্রসঙ্গে নতুন সভানেত্রী মনোয়ারা বেগম প্রথম আলোকে বলেন, ‘যোগ্যতা ও ত্যাগ বিবেচনা করে কমিটি গঠন করা হয়েছে। আসলে বাজেট ঘোষণার সময় সবাই বলে এই বাজেট মানি না। একইভাবে কমিটি ঘোষণার পরও অনুরূপ অভিযোগ উত্থাপন করা হয়। এটা দুঃখজনক। আমরা সবাই জিয়ার সৈনিক। সরকারবিরোধী আন্দোলন জোরদার করতে ঐক্যবদ্ধ হতে হবে। অহেতুক অভিযোগ তুললে ঐক্য নষ্ট হওয়ার আশঙ্কা থাকে।’ নগর কমিটির নতুন সাধারণ সম্পাদক জেলি চৌধুরী বলেন, ‘আমি ৩০ বছর ধরে রাজনীতি করে এই পর্যায়ে এসেছি। আমার বাবা ও স্বামীর বাড়ি অন্য জেলায় হলেও চট্টগ্রামে আমার জন্ম। শৈশব, কৈশর কেটেছে চট্টগ্রামেই। আঞ্চলিকতার প্রশ্ন তুলে সংগঠনকে দুর্বল করার চেষ্টা করা হচ্ছে। রাজপথে সক্রিয় নেতা-কর্মীদের নিয়ে তো পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।’