গানে গানে চাটগাঁর রূপের বয়ান। তাতে বুঁদ হাজারো দর্শক। কেউবা সুরের তালে উন্মাতাল। পাশাপাশি অনেকে স্বাদ নিচ্ছেন ঐতিহ্যবাহী মেজবানের। কারও ভেতর উৎকণ্ঠা র্যাফেল ড্রয়ে ভাগ্যের শিকা ছেঁড়া নিয়ে! গত রোববার সন্ধ্যায় চট্টগ্রাম থেকে পত্রিকার প্রকাশনা উপলক্ষে কিং অব চিটাগাংয়ে অন্য রকম এ আয়োজন করে দ্য ডেইলি স্টার। ‘স্বাধীনতার ৪০ বছর, স্বাধীন সাংবাদিকতায় ২০ বছর’ স্লোগানে বর্ণাঢ্য এ অনুষ্ঠানের উদ্বোধন পর্বটা ছিল আকর্ষণীয়। একুশে পদক পাওয়া, উপমহাদেশের খ্যাতিমান ঢোলবাদক বিনয় বাঁশী জলদাসের ছেলে বাবুল জলদাস ও তাঁর দলের সুরতরঙ্গ দিয়ে শুরু হয় অনুষ্ঠান। ‘টাকডুম, টাকডুম’ ঢোলের বোলে বাবুলের নাচ, অঙ্গভঙ্গি বলে দিচ্ছিল বিনয়বাঁশীর যোগ্য উত্তরসূরি তিনি। সংগীতানুষ্ঠানে প্রথম মঞ্চে ডাক পড়ে চ্যানেল আই সেরাকণ্ঠের পরিচিত মুখ চৈতী মুৎসুদ্দীর। ‘সব কটা জানালা খুলে দাও না’ দেশের গানটি দিয়ে শুরু করেন চৈতী। এরপর তিনি ‘আমি তোমার মনের ভেতর একবার ঘুরে আসতে চাই’, ‘কইলজার ভিতর গাঁথি রাইখ্যুম তোঁয়ারে’, বাংলা ছায়াছবির জনপ্রিয় গান ‘ও আমার রসিয়া বন্ধুরে তুমি কেন’, ‘আমায় উদাসী বানাইয়া গেল মরার কোকিলে’ এবং ‘বন্ধু তুমি কই কই’ গেয়ে শ্রোতাদের মন জয় করেন। চৈতীর গান শেষে মঞ্চে আসেন দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম। সঙ্গে ছিলেন কবি-সাংবাদিক আবুল মোমেন, দ্য ডেইলি স্টার-এর চট্টগ্রামের ব্যুরো প্রধান আ ক ম রইসুল হক প্রমুখ।মাহফুজ আনাম বলেন, ‘পাঠকের কাছে আমরা দায়বদ্ধ। দায়বদ্ধ দেশের প্রতিও।’ তিনি পত্রিকার হকারদের উদ্দেশে বলেন, ‘আপনাদের ভালোবাসায় দ্য ডেইলি স্টার ২০ বছর পথ চলেছে। আগামী দিনের অগ্রযাত্রায়ও আপনাদের সার্বিক সহযোগিতা চাই আমরা।’ তিনি হকারদের সুন্দর জীবন কামনা করেন এবং অনুষ্ঠানে আসার জন্য কৃতজ্ঞতা জানান।সংক্ষিপ্ত আলোচনা পর্ব শেষে মঞ্চে আসেন আঞ্চলিক গানের জনপ্রিয় শিল্পী সঞ্জিত আচার্য। নিজের লেখা ও সুরের গান ‘ওরে বার আউলিয়ার পুণ্যভূমি পাহাড় নদী সাগর ঘেরা চাইলে যাইব চোখ জুড়াই/দাওয়াত দিলাম চাটগাঁ আইবারলাই’ দিয়ে শুরু করেন তিনি। গানে গানে তিনি চট্টগ্রামের দর্শনীয় স্থান ও ঐতিহ্যবাহী খাবারের পদগুলো তুলে ধরেন। এরপর ধরেন সাম্পানওয়ালা ছবির বিখ্যাত গান ‘বাঁশখালী-মইশখালী/ওরে পাল উড়াইয়া দিলে সাম্পান গুরগুরাই টানে/আয় তোরা কন কন যাবি আঁর সাম্পানে।’ এ সময় দর্শকের চোখে ভেসে ওঠে আলমগীর-শাবানা জুটির রোমান্টিক অভিনয়ের দৃশ্য। এবার একটু দম নিয়ে বললেন, ‘‘এবার আমি যে গানটি করব তার সুরে করা হয়েছে মিলার একটি গানের সুর। বলছিলাম ‘রূপবানে নাচে কোমর দুলাইয়া’ গানের কথা। আপনারা মিলাইয়া নেন, অবশ্য আমার গানটি আধ্যাত্মিক।” তিনি গাইলেন ‘একটি গন্ধমের লাগিয়া/আল্লা বানাইল এই দুনিয়া/আদম খাইল আর হাওয়া খাইল/ইবলিশ শয়তান তার আশা পুরাইল।’ এ গানের সঙ্গে শ্রোতারা নাচলেন, নাচালেন শিল্পীকেও। সঞ্জিত আচার্যের পর মঞ্চে এলেন আরেক খ্যাতিমান শিল্পী কান্তা নন্দী। তিনি দরদি কণ্ঠে পরিবেশন করেন চট্টগ্রামের জনপ্রিয় তিনটি আঞ্চলিক গান —‘ওরে কর্ণফুলীরে সাক্ষী রাখিলাম তোরে’, ‘...কর্ণফুলীর সাম্পানওয়ালা আঁরে পাগল বানাইল’ ও ‘যদি সুন্দর একখান মুখ পাইতাম।’ শ্রোতাদের আনন্দ-সাগরে ভাসিয়ে দিলেন কান্তা। কিন্তু দর্শকেরা আরও একটা বিশেষ কিছু চাইছিলেন যেন, অবশেষে উপস্থাপক আদনান মান্নানের ঘোষণায় আশ্বস্ত হলেন তাঁরা। আবার ডাক পড়ল সঞ্জিত আচার্যের। কান্তার সঙ্গে একটা দ্বৈত সংগীত গাইতে হবে। দুজনে গাইলেন আবদুল গফুর হালীর লেখা, শ্যামসুন্দর বৈষ্ণব ও শেফালী ঘোষের গাওয়া জনপ্রিয় সেই গানটি—‘বানুরে অবানু/ জ্বি জ্বি জ্বি/আঁই যাইয়ুম রেঙ্গুন শঅরত/তোঁয়ার লাই আইন্নুম কী?’ যেমন গান, তেমনি দুজনের অভিনয়—দুটোই ছিল দেখার মতো। শেষ পর্বে ছিল র্যাফেল ড্র। এতে ৪০ জন সৌভাগ্যবান পান পুরস্কার। এর মধ্যে ৩০ জন পেয়েছেন সাইকেল এবং ১০ জন মুঠোফোন। পুরস্কার তুলে দেন পত্রিকার সম্পাদক মাহফুজ আনমসহ অতিথিরা।