হৈমন্তী, রন্টি, নিশীতা ও বিউটি—সংগীতের চার তারকা। চট্টগ্রামে থেকেও জায়গা করে নিয়েছেন জাতীয় পর্যায়ে। তাঁরা এসেছিলেন আলোকিত চট্টগ্রামের আড্ডায়। সেখানে ছিল গানের বাইরেও ম্যালা কথা। লিখেছেন নাসির উদ্দিন হায়দার রন্টি দাশের দুই চোখে আজ ‘দুই নদী’ নেই, কণ্ঠে তাঁর কথার ঢেউ। সেই ঢেউয়ে কূলহারা তিন গানের পাখি—হৈমন্তী রক্ষিত মান, নিশীতা বড়ুয়া ও বিউটি দাশ। অনুকরণীয় বাচনভঙ্গিতে একেকটি কথা বলেন রন্টি, আর হেসে লুটোপুটি খান অন্য তিনজন। কখনো পাল্টা দিচ্ছেন তাঁরাও। তখন কিন্তু মনোযোগী শ্রোতা রন্টি। চলুন তাহলে চার গানের পাখির কথার রাজ্যে। রন্টি, নিশীতা দুজনই পড়ছেন ইন্ডিপেনডেন্ট ইউনির্ভাসিটিতে (আইইউবি)। নিশীতা চট্টগ্রাম ক্যাম্পাসে আর রন্টি ঢাকায়। নতুন ক্যাম্পাসে নিশ্চয় খুব মজা হচ্ছে? প্রশ্ন করতেই রন্টির উত্তর, ‘ক্যাম্পাসে যাই বোকার মতো, গিয়ে বসি, কিছু বুঝি না। তবে ফিরে আসি চালাকের মতো।’ তারকা হিসেবে অভিজ্ঞতা কেমন? টক-ঝাল-মিষ্টি, রন্টির উত্তর। বললেন, ‘আইইউবির চট্টগ্রাম ক্যাম্পাসে যখন প্রথম ভর্তি হই তখন অনেক কথা শুনেছি, কেউ কেউ বলেছে—এই দেখ রন্টি এসেছে। অন্যজন আমার মুখের ওপরই বললেন, ‘রন্টি এসেছে তো কী হয়েছে? গান করে ক্লোজআপ ওয়ানে, এসব কোনো ব্যাপার নাকি?’ মধুর অভিজ্ঞতাও নিশ্চয় আছে? কথা কেড়ে নিলেন এতক্ষণ চুপচাপ বসে থাকা নিশীতা। বললেন, ‘‘তারকা হিসেবে কিন্তু আমরা অনেক সুবিধা পাই। চট্টগ্রাম কলেজে দ্বিতীয় বর্ষে প্রাক নির্বাচনী পরীক্ষা দেওয়া সম্ভব ছিল না আমার আর রন্টির। কারণ তখন ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতা চলছিল। শিক্ষককে এ কথা বলার পর তিনি বললেন, ‘সরস্বতী পূজায় গান গাইতে পারবি?’ গান গেয়ে সেবার পার পেয়ে যাই আমরা।’’ এবার যোগ দিলেন হৈমন্তী। হাসির ফোয়ারা ছড়িয়ে বললেন, ‘‘বিষয়টা একটু স্বজনপ্রীতি টাইপের। অনার্সে ভাইভাতে শিক্ষকেরা বলতেন ‘এই হৈমন্তী এসেছে, ঠিক আছে তোমাকে নাম্বার বাড়িয়ে দেব, একটা গান শোনাও।’’ এবার বিউটির পালা। ‘আমি তো সবখানেই জাতীয় সংগীত গেয়েছি। বিনিময়ে পেয়েছি শিক্ষকদের ভালোবাসা।’ আবার নিশীতা। ‘আমি আর রন্টি ক্লাসে একসঙ্গে বসতাম। তখন স্যার বলতেন—এই দুই গানের পাখি, কথা বলা যাবে না কিন্তু।’রন্টি-নিশীতার পরিচয়টা কীভাবে? একসঙ্গে কথা বলে উঠলেন দুজনই—রন্টির গলাটাই বড় হয়ে শোনা গেল, ‘ছোট ছোট ঝুঁটিওয়ালা কার্লি কার্লি চুল! পিচ্ছি মেয়েটা’ বলেই আড়চোখে তাকালেন নিশীতার দিকে। বললেন, ‘ওর সঙ্গে আমার পরিচয় অনেক দিনের, আমরা একসঙ্গে কোচিং করতাম তো!’ হৈমন্তীর সঙ্গে পরিচয়টা কীভাবে? রন্টি, নিশীতা আর বিউটি যা বললেন তার গলিতার্থ এই—তাঁরা হৈমন্তীর গানের ভক্ত ছিলেন। গান গেয়ে নয়-গান শুনেই পরিচয়। আর হৈমন্তী বললেন, ‘বিউটি আমার সমবয়সী। কিন্তু রন্টি-নিশীতা আমার ছোট বোনের মতো, বন্ধুর মতো। গানের মাধ্যমেই পরিচয় তাঁদের সঙ্গে।’ প্রশ্নটা চারজনের উদ্দেশে—এখন তো সবকিছু রাজধানীকেন্দ্রিক, চট্টগ্রামে থেকে জাতীয় পর্যায়ে জায়গা করে নিতে কী সংগ্রাম করতে হয়েছে আপনাদের? রন্টি-নিশীতা ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতার অবদান স্মরণ করলেন। বিউটি ‘সুরদরিয়া এপার ওপার’ এর। এ-ও বললেন, তাঁদের অবস্থান কিন্তু এখনো পাকা হয়নি। এখনো সংগ্রাম চলছে। কিন্তু হৈমন্তী তো কোনো প্ল্যাটফরম পাননি ‘অনুষ্ঠানে গান করেই আমার এ অবস্থানে আসা। ঢাকা থেকে আসতেন জ্যেষ্ঠ শিল্পীরা। আমি ওখানে সবার ছোট, তাঁদের সঙ্গে গাওয়াটা আমার জন্য বড় পাওয়া ছিল।’ এখানে যোগ করেন রন্টি। বলেন, ‘ঢাকায় অনেকে বলেন, চট্টগ্রামে একজন শিল্পী আছে, নাম তাঁর হৈমন্তী। কেন সে ঢাকায় আসেন না? প্রশ্নটা আমারও। এ নিয়ে আমার খুব কষ্ট হয়, কারণ হৈমন্তীদি যে মানের শিল্পী তাতে তাঁর অবস্থান আরও অনেক ওপরে থাকার কথা ছিল।’হৈমন্তীর কথা—‘‘পরিবার থেকে বিশেষ করে আমার স্বামীর এখন যে সহযোগিতা আমি পাচ্ছি ১০ বছর আগে সেটা সম্ভব ছিল না। তবে এটাও ঠিক, আমার সবকিছু শেষ হয়ে যায়নি। চট্টগ্রামে একটা কথা চালু আছে—ঢাকার শিল্পী এসেছে, কিন্তু ঢাকা বা দেশের অন্য কোথাও আমি গেলে বলা হয় ‘চট্টগ্রামের হৈমন্তী’ এসেছে। এই যে চট্টগ্রামকে দেশ-বিদেশে তুলে ধরতে পারছি—এটাই আমার বড় পাওয়া।’’রন্টি আর বিউটি আপন বোন, একই পরিবারে দুই শিল্পী বেড়ে উঠেছেন, কে কাকে অনুপ্রাণিত করেছেন? রন্টি বলেন, ‘দিদি আমাকে অনুপ্রাণিত করেছে।’ আর বিউটি বলেন, ‘রন্টির কাছে আমার অনেক ঋণ।’ শিল্পী হিসেবে দুজনের মধ্যে কোনো প্রতিদ্বন্দ্বিতা আছে?কথা কেড়ে নেন রন্টি। বলেন ‘হ্যাঁ, আমি ওর আগে মঞ্চে উঠলে সব গান করে দিই।’ রন্টির সরল স্বীকারোক্তি শুনে হাসিতে খুন হৈমন্তী, নিশীতা ও বিউটি। রন্টির কথা থামে না, ‘এখন অনুষ্ঠানে যাওয়ার আগে মা আমাকে বলেন, রন্টি সব গান কোরো না, দিদির জন্য কয়েকটা রেখো।’হৈমন্তীর কাছে বিউটির প্রশ্ন, ‘আপনার প্রথম অ্যালবাম ডাকপিয়ন। দিদি বলবেন, ডাকপিয়ন কার বার্তা নিয়ে এসেছিল?’হৈমন্তী হাসেন, বলেন, ‘আসলে তখন বার্তা আসার সময় হয়নি। আমি ছোট ছিলাম, ওই বয়সে কী বার্তা নিয়ে আসাটা সাজে?’ পাশেই ছিলেন হৈমন্তীর স্বামী অসীম দাশ। অভিযোগের আঙুল কি তাঁর দিকেই!বন্ধুত্ব-ভালোবাসা নিয়ে কী ভাবেন?প্রথমেই রন্টি, ‘এগুলো আমার জন্য কঠিন শব্দ। আগে দিদি, মানে হৈমন্তী বলুক।’ হৈমন্তীর অভিভাবকসুলভ উত্তর। ‘হ্যাঁ, আমি তো এ ব্যাপারেও সিনিয়র। আমাকেই বলতে হবে আগে। বন্ধুত্ব না হলে ভালোবাসা হয় না।’ অল্প কথায় বললেন হৈমন্তী। বিউটি—বন্ধু আমার সে যে আমাকে জীবনের শেষপ্রান্তে গিয়ে বুঝবে।নিশীতা—মায়া-দরদ-ভালোবাসা এ তিনটি জিনিস যার থাকবে সেই ভালো বন্ধু। আমার কাছে সবচেয়ে বড় বন্ধু আমার মা-বাবা।’ অভিজ্ঞ হৈমন্তী বিষয়টা বিশ্লেষণ দাঁড় করালেন—আসলে জীবনের একটা পর্যায়ে সবারই মনে হয় মা-বাবাই সবচেয়ে ভালো বন্ধু। কিন্তু বিয়ের পর সেটা বদলে যায়। সব মনোযোগ চলে যায় স্বামীর দিকে। কারণ মেয়েরা একটু স্বার্থপর। সন্তান হলে ভালোবাসাটা আবার সেদিকে চলে যায়। হৈমন্তী-বিউটি তো পছন্দ করে ফেলেছেন, আপনাদের কেমন মানুষ পছন্দ? প্রশ্নটা রন্টি নিশীতার প্রতি।রন্টি নিশীতাকে বললেন, ‘তুই আগে বল। তোরটা শুনে আমি বলব।’ নিশীতা শুরু করলেন—সুন্দর কাউকে দেখলে কিন্তু আমার পছন্দ হয়! রন্টির টিপ্পনি, ‘ও আমার দোস্তর তাহলে ফর্সা মানুষই পছন্দ!’ রন্টিকে বললেন নিশীতা, ‘গাধা, আগে তো চেহারাই দেখবি। চামড়ার ভেতরে তো আর দেখা যায় না।’ এরপর বিজ্ঞের মতো বললেন, ‘ছেলেকে প্রতিষ্ঠিত হতে হবে। আর আমাকে বুঝতে হবে।’ নিশীতার উদ্দেশে বললাম, সাগরে না নামলে কী সাগরের গভীরতা বোঝা যায়?প্রশ্নটা বুঝতে পালে না নিশীতা! খোলাসা করলেন হৈমন্তী, ‘মানে প্রেমে পড়েছ কি না সেটাই জানতে চাইছে।’নিশীতার ত্বরিত জবাব ‘এখন এসব চিন্তা করা মানে পড়ালেখা আর গান দুটোই বরবাদ করা। আমি এ থেকে ১০০ হাত দূরে।’ যোগ দিলেন রন্টি, ‘ধরুন আমরা স্বপ্নের মানুষকে চিন্তা করে হয়তো ভালোবাসার গান করি, বাস্তবের মানুষটা যদি স্বপ্নের মানুষটার মতো না হয় তাহলে সর্বনাশ।’এবার সিরিয়াস রন্টি, ‘আমি এমন মানুষ চাই যাকে আমি বুঝব। এমন কেউ থাকলে বিয়ে করব নইলে নয়।’ হায় হায় করে উঠলেন হৈমন্তী, বললেন, ‘রন্টি বিয়েই করবে না?’ রন্টি দুষ্টুমি ভরা চোখ নিয়ে তাকালেন দুলাভাই অসীমের দিকেই। বললেন, ‘দাদার মতো কাউকে পেলে...।’কপট রাগ দেখিয়ে হৈমন্তী বললেন—আমার স্বপ্নের মানুষটারে নিয়ে টানাটানি! এমন এক কিল দেব!