চাণক্যের চিন্তারাজ্যে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কূটনীতি’র আক্ষরিক অর্থ নেতিবাচক হলেও বর্তমান বিশ্বে এটি একটি দেশের পররাষ্ট্র নীতির নিয়ামকে পরিণত হয়েছে। ভালো-মন্দ নয়, রাষ্ট্রের পক্ষে যা কল্যাণকর তাকেই সর্বাগ্রে স্থান দেয় কূটনীতি। যুগে যুগে বিভিন্ন চিন্তাবিদ তাঁদের অবদানে কূটনীতিকে সমৃদ্ধ করেছেন। যোগ্যতায় তাঁদের সবাইকে ছাড়িয়ে গেছেন চাণক্য। কৌটিল্য নামে অধিক পরিচিত এই মনীষী রাষ্ট্র, রাজনীতি, অর্থনীতি, প্রশাসন ও কূটনীতি সম্পর্কে যা বলে গেছেন হাজার হাজার বছর আগে, বর্তমান যুগেও তার প্রাসঙ্গিকতা দেখে বিস্মিত হতে হয়। ‘অর্থশাস্ত্র’ চাণক্যের অমর কীর্তি। চাণক্য শুধু দিগ্বিজয়ী চিন্তার উদ্বোধক ছিলেন না, চন্দ্রগুপ্ত মৌর্যের মতো একজন সফল শাসকেরও নেপথ্য নির্মাতা তিনি। প্রাচীন ভারতের এই অনন্য চিন্তানায়কের বক্তব্যের অন্তঃসারকে তুলে ধরেছেন বিশ্বমিত্র শর্মা তাঁর ‘Complete Chanakya Neeti’ বইয়ে। চন্দ্রগুপ্তের মতো প্রজ্ঞাদীপ্ত শাসক যেমন তৈরি হয়েছেন তাঁর নির্দেশনা আনুসরণ করে, তেমনি সাধারণ মানুষের জন্যও অফুরন্ত প্রেরণার উৎস রয়েছে চাণক্যের চিন্তারাজ্য।মোট ১৭টি অধ্যায়ে বিন্যস্ত এই বই। প্রতিটি অধ্যায়ে লেখক কৌটিল্যের উপদেশ ধরে ধরে ব্যাখ্যা করেছেন এবং অধ্যায়ের শেষে তাঁর বক্তব্যের সারসংক্ষেপ তুলে ধরেছেন। তাঁর সময়ের তুলনায় অনেক অগ্রসর চিন্তার অধিকারী ছিলেন চাণক্য। প্রাচীন ভারতীয় জীবনযাত্রায় বর্ণপ্রথা ছিল এক ভয়ংকর অভিশাপ। এখনো এই অভিশাপ থেকে সম্পূর্ণ মুক্ত হতে পারেনি মানুষ। চাণক্য এই ব্যাধি সম্পর্কে সাবধান করে দিয়েছেন। তিনি দৃঢ়তার সঙ্গে বলেছেন, জন্মের কারণে নয়, মানুষের মূল্যায়ন করতে হবে তাঁর কাজ দিয়ে। যেকোনো মানুষ যথার্থ শিক্ষা ও প্রশিক্ষণ পেলে সবার শ্রদ্ধা অর্জন করতে পারেন। সভ্যতার সূচনালগ্ন থেকে যুদ্ধ-বিগ্রহের সঙ্গে মানুষ পরিচিত। চাণক্য যুদ্ধের সবচেয়ে বড় অনুঘটক হিসেবে চিহ্নিত করেছেন জিহ্বাকে। বাকসংযমের অভাবই অশান্তি ও যুদ্ধের কারণ। আমাদের চারপাশে তাকালে এ সত্যটি আরও স্পষ্ট হয়ে ওঠে। ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে বিভিন্ন ঘটনাপ্রবাহে নিয়ামক ভূমিকা পালন করছে জিহ্বা। চাণক্য বলছেন, যদি মাত্র একটি কাজ দিয়ে পৃথিবীকে জয় করতে হয়, তা হচ্ছে কারও নিন্দা না করা। চাণক্য কৌতুকের ছলেও জীবনের গূঢ় সত্য নির্দেশ করেছেন। ক্ষমতা ও সুন্দরী নারীর সঙ্গে সম্পর্ক রচনার ক্ষেত্রে সতর্ক হতে বলেছেন। তাঁদের খুব কাছাকাছি থাকার মানে এক দিন নিজের ক্ষতি ডেকে আনা। তাঁদের থেকে খুব দূরে থাকাও উচিত নয়, কারণ তাঁরা উপকারী। ক্ষতিকর মানুষকে পরাজিত করার দুটি উপায় বাতলেছেন তিনি—তাঁদের ধ্বংস করা বা তাঁদের থেকে দূরে থাকা। সূক্ষ্মদর্শী কৌটিল্যের চিন্তার অনন্য দিক হচ্ছে খুব সহজ উদাহরণ দিয়ে তত্ত্বকে প্রতিষ্ঠা করা। ভালোবাসার অসীম শক্তি বোঝাতে গিয়ে তিনি মৌমাছির দৃষ্টান্ত দিয়েছেন। কাঠের গায়ে গর্ত করার মতো শক্তিশালী প্রাণী মৌমাছি; অথচ সেই মৌমাছি ফুলের পাপড়িতে আটকে থাকে। কারণ ফুলের সঙ্গে সে ভালোবাসার বন্ধনে আবদ্ধ। ভালোবাসা, বিনয়, জ্ঞান—এই তিন গুণকে আয়ত্ত করার জন্য পরামর্শ দিয়েছেন তিনি। ‘কী করতে হবে’, ‘কী করা যাবে না’ সংক্রান্ত চাণক্যের সব মতামত বিতর্কের ঊর্ধ্বে নয়। নারী সম্পর্কে তিনি এমন মন্তব্য করেছেন, যা আধুনিক মানুষের পক্ষে মেনে নেওয়া কঠিন। তবে বিস্মিত হতে হয়, তাঁর সর্বকালোপযোগী প্রজ্ঞা ও মেধা দেখে। তাঁর কূটনৈতিক দক্ষতা ও রাজনৈতিক প্রজ্ঞার কারণে তিনি অভিহিত হয়েছিলেন ‘ভারতের ম্যাকিয়াভেলি’ হিসেবে। কিন্তু জওহরলাল নেহরু এই তুলনাকে অসংগত দাবি করে বলেছিলেন, চাণক্য আরও শাণিত ও অগ্রসর চিন্তাবিদ। এই বইয়ের লেখক মূল সংস্কৃতের পাশাপাশি সাবলীল ইংরেজি অনুবাদের মাধ্যমে চাণক্যের অনন্য চিন্তাধারার সঙ্গে পরিচিত করেছেন পাঠককে। স্থান, কাল, পাত্র নির্বিশেষে চাণক্যনীতি সমান প্রাসঙ্গিক—এটিই এই চিন্তানায়কের সবচেয়ে বড় সার্থকতা।