সামান্য বৃষ্টিতেই পানিতে সয়লাব হয়ে যায় আনোয়ারা উপজেলার চাতরি চৌমুহনী বাজার ও সংলগ্ন সড়কটি। এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে বাজারের ক্রেতা সাধারণসহ যাত্রীদের। সড়কে জমে ওঠা পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। উপজেলার অন্যতম ব্যস্ত বাজার চাতরি চৌমুহনী বাজার। আনোয়ারা, বাঁশখালী ও চন্দনাইশের অধিকাংশ মানুষ এ বাজারের ওপর দিয়ে যাওয়া পিএবি (পটিয়া-আনোয়ারা-বাঁশখালী) সড়ক হয়ে চট্টগ্রাম শহরে যাতায়াত করেন। বাজারের আশপাশের এলাকার মানুষ নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনেন এ বাজার থেকে। অন্যতম বড় শ্রমবাজারও এটি। কিন্তু এক পশলা বৃষ্টি হলেই বাজারসহ সড়কে পানি জমে যায়। ফলে কাদা পানি মাড়িয়ে গাড়িতে ওঠা-নামা ও বাজার করতে দুর্ভোগের শিকার হচ্ছেন সংশ্লিষ্ট সবাই। সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সূত্র জানায়, বাজারের কারণে সড়কে সৃষ্ট যানজট নিরসনের লক্ষ্যে সড়কের পাশের ভাসমান দোকান উচ্ছেদ ও সড়ক সম্প্রসারণ করা হয়। কিন্তু সম্প্রসারিত অংশে কার্পেটিং না করা এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় পানি জমে থাকে। তবে সওজের কার্য সহকারী বলদেব চাকমা জানান, বাজারের পানি নিষ্কাশনের লক্ষ্যে স্থায়ীভাবে নালা বসানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক হোসেন বলেন, ‘আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাজারের ভেতরের পানি নিষ্কাশনের জন্য প্রায় নয় লাখ টাকা বরাদ্দ দিয়েছি।’