
চট্টগ্রামের আনোয়ারার চাতরী চৌমুহনী বাজারে বিকেল হলেই যানজটের সৃষ্টি হয়। এতে প্রতিদিনই দুর্ভোগে পড়তে হচ্ছে যাত্রী ও পথচারীদের। এমন যানজটের জন্য দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনাকে দায়ী করছেন এই এলাকার বাসিন্দা ও যানবাহন চালকেরা।
আনোয়ারা উপজেলার পটিয়া-আনোয়ারা-বাঁশখালী (পিএবি) সড়কের চাতরী চৌমুহনী বাজার দক্ষিণ চট্টগ্রামের গুরুত্বপূর্ণ ব্যবসাকেন্দ্র। প্রতিদিন এই বাজারের ওপর দিয়ে বাঁশখালী, চন্দনাইশ, সাতকানিয়া ও পেকুয়ার মানুষ চট্টগ্রাম শহরে যাতায়াত করে। কিন্তু যানজটের কবলে পড়ায় বাজারের ওপর দিয়ে যাতায়াতকারীরা সীমাহীন কষ্ট পোহাচ্ছে। বিশেষ করে বিকেল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত যানজট লাগামহীন হয়ে পড়ে।
যানবাহন চালকেরা অভিযোগ করেন, ট্রাফিক পুলিশের সদস্যরা বিভিন্ন চালকের কাছ থেকে অনৈতিক সুবিধা নিয়ে চাতরী বাজারের বিভিন্ন অংশে যানবাহন দাঁড়ানোর সুযোগ করে দেন। এর ফলে সৃষ্টি হচ্ছে যানজট। তবে, ট্রাফিক পুলিশ সূত্র জানায়, প্রতিদিন বিকেলে কোরীয় রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (কেইপিজেড) কারখানা ছুটি হলে চাতরী বাজারে যানজটের সৃষ্টি হয়। ওই সময় যানজটের কারণে বাজারের তিন পাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। ফলে বিকেল চারটা থেকে সন্ধ্যা পর্যন্ত সময়ে যাতায়াতকারীদের ভোগান্তিতে পড়তে হয়।
কেইপিজেডের জুতা কারখানার শ্রমিক আনিসুর রহমান (৩৪) বলেন, ‘সারা দিন কাজ করে বাসায় ফেরার পথে চাতরীতে প্রায়ই যানজটে আটকা পড়ি। এতে কষ্টের পরিমাণ বহুগুণ বেড়ে যায়।’
যানজট প্রসঙ্গে আনোয়ারার কেইপিজেডের কর্মীদের বহনকারী অটোরিকশার চালক আবদুর রশিদ বলেন, বিকেল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত যানজটের কবলে পড়তে হচ্ছে। এতে করে যাত্রী নিয়ে সীমাহীন দুর্ভোগে পড়লেও কারও নজরদারি নেই।
পেকুয়ার অটোরিকশাচালক আনোয়ার মিয়া (৩৮) বলেন, গ্যাস নেওয়ার জন্য প্রতিদিন একবার হলেও আনোয়ারার ওপর দিয়ে যেতে হয়। এ সময় ট্রাফিক পুলিশের কবলে পড়লে তারা নানাভাবে হয়রানি করে। তিনি অভিযোগ করে বলেন, অনৈতিক সুবিধা দিয়ে কিছু অটোরিকশাচালক ঘণ্টার পর ঘণ্টা সড়কে দাঁড়িয়ে থাকলেও পুলিশ তাঁদের কিছু বলে না।
জানতে চাইলে আনোয়ারায় দায়িত্বরত ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, আনোয়ারার চাতরীর জন্য আটজন সদস্য পালাক্রমে দায়িত্ব পালন করলেও সন্ধ্যার সময় জুতা কারখানার গাড়ির চাপ বেড়ে যায়। এ সময় একটু যানজট হয়।
আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গৌতম বাড়ৈ বলেন, চাতরীর যানজট নিরসনে প্রায়ই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এখন আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।