আনোয়ারা পিএবি সড়কের চাতরী চৌমুহনী বাজারের অংশে শুধুই খানাখন্দ। যানবাহন চলতে পারে না। সংস্কার নেই দীর্ঘদিন। যানজটসহ নানা সমস্যা লেগেই আছে নিত্যদিন। আনোয়ারা ও বাঁশখালীর মধ্যে যোগাযোগের জন্য একমাত্র মাধ্যম এ সড়কটি। পাশের চন্দনাইশ উপজেলার সঙ্গেও এই সড়কের সংযোগ আছে। সড়কটির চাতরী চৌমুহনী বাজার এলাকায় বর্তমানে অন্তত ২০০ মিটারের বেশি অংশে অসংখ্য ছোট-বড় গর্ত ও খানাখন্দ। সামান্য বৃষ্টি হলেই পানি জমছে। সরেজমিনে দেখা গেছে, চাতরী চৌমুহনী বাজারের মাঝখান থেকে মাছের বাজার পর্যন্ত অংশে সড়কের উভয় পাশে কার্পেটিং উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। আর এগুলো পার হতে গিয়ে অনেক সময় বিকল হয়ে যায় যানবাহন। এ কারণেই সৃষ্টি হয় যানজটের। বিশেষত আনোয়ারার চারটি রুট, বাঁশখালী ও চন্দনাইশের যানবাহনগুলো খানাখন্দে ভরা চৌমুহনী পার হতে গিয়ে প্রতিদিন তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। আনোয়ারা হাসপাতাল এলাকার অটোচালক আবদুল মান্নান জানান, ‘ভাঙা সড়ক পার হতে গিয়ে ভয় লাগে, গাড়ির কোনো কিছু নষ্ট হচ্ছে কি না।’ আনোয়ারার বরুমচড়ার ব্যাংকার নুরুল আনোয়ার বলেন, ‘প্রতিদিন চট্টগ্রাম শহরে যাতায়াতকালে চাতরী এসে মনে হয় নরকে পড়লাম, অসহ্য ভোগান্তি।’পিএবি যানবাহন মালিক সমিতির সভাপতি জাফর উদ্দিন চৌধুরী জানান, চাতরী চৌমুহনীর অংশটি যেন মা-বাপহীন সড়ক। প্রতিদিন কোনো না কোনো গাড়ির অংশ নষ্ট হচ্ছে এটি পার হতে গিয়ে। সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ কামরুল ইসলাম মুঠোফোনে প্রথম আলোকে জানান, গত শুক্রবার থেকে চাতরীতে সড়ক সংস্কারের কথা ছিল, তবে বৃষ্টির কারণে তা করা হলো না। শিগগিরই এ সড়কের সংস্কারকাজ সম্পন্ন করা হবে।