চাতরী বাজারে শ্রমিকের হাট জমজমাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এলাকায় কাজ নেই, ধান কাটাও শুরু হয়নি, অভাবে বউ-বাচ্চা নিয়ে কষ্ট পাচ্ছি, তাই এখানে চলে এসেছি কাজের খোঁজে।’ আনোয়ারায় আসার কারণ জানতে চাইলে এ কথা বলেন কক্সবাজার জেলার কুতুবদিয়ার বাসিন্দা আবদুল খালেক (৩৭)।মাঠে আউশ ধান পেকেছে, ধান কাটা ও মাড়াইয়ের পর শুরু হবে আমন রোপণের কাজ। তাই আবদুল খালেকের মতো দূরদূরান্ত থেকে দিনমজুরেরা কাজের সন্ধানে ভিড় করেছেন আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী বাজারে। দৈনিক চার থেকে সাড়ে ৪০০ টাকা মজুরিও মিলছে।জানা গেছে, কক্সবাজার, টেকনাফ, বাঁশখালী, কুতুবদিয়াসহ বিভিন্ন এলাকা থেকে শ্রম বিক্রি করতে আনোয়ারায় আসছেন ভূমিহীন বেকার লোকজন। দূরদূরান্ত থেকে কৃষকেরাও আসছেন পছন্দসই শ্রমিককে খুঁজে নিতে।চাতরী চৌমুহনী বাজারে গিয়ে দেখা গেছে, সেখানে শতাধিক লোক শ্রম বেচার জন্য জড়ো হয়েছেন। বিভিন্ন বয়সের দিনমজুর থেকে পছন্দের লোক বেছে নিয়ে যাচ্ছেন চাষিরা। বরুমচড়ার চাষি নজরুল ইসলাম বলেন, ‘আমি ৮০ শতক জমি চাষ করেছি। জমিতে ধান কাটা ও মাড়াইয়ের কাজ চলছে। কদিন পর একই জমিতে ধান রোপণও করতে হবে। এ জন্য চাতরী বাজার থেকে সাড়ে চার শ টাকা দৈনিক মজুরিতে তিনজন লোক নিয়োগ দিয়েছি। আমার মতো অনেকেরই ভরসা এখন চাতরী বাজার।’ জানা গেছে, চাতরী বাজার থেকে অভিজ্ঞ লোক নিতে চন্দনাইশ ও পটিয়া থেকেও হাজির হন অনেক কৃষক।আনোয়ারা উপজেলা কৃষি কর্মকর্তা একরাম উদ্দিন প্রথম আলোকে বলেন, আউশ ধান কাটার কাজ শুরু হয়েছে। পাশাপাশি আমন রোপণ করছেন চাষিরা। তাই চাষিদের অতিরিক্ত লোকের প্রয়োজন। এই চাহিদার কারণে দূরদূরান্ত থেকে দিনমজুরেরা ভিড় করছেন আনোয়ারায়।