চান রাতে জ্যাকসন হাইটস
এমন প্রাণের স্পন্দন আর কোথায় মিলবে? প্রতিটি শিরায়-উপশিরায়, স্নায়ুতে স্নায়ুতে অনুভব করার মতো! আসল ঈদের দিনের চেয়ে চান রাতের আনন্দ-উত্তেজনা যেন বেশি। ঈদ আসছে...মনের গহিনে ক্ষণে ক্ষণে কে যেন ডেকে বলছে বারবার। আর বাঁধভাঙা সেই খুশিতে মাতোয়ারা হয়ে সবাই ছুটে আসে জ্যাকসন হাইটসে। নিউইয়র্কের বাংলাদেশিদের প্রাণকেন্দ্রে।
‘মন মোর কি হাওয়ায় মাতালোওওওওওও...দোলে মন দোলে অকারণ হরষে।’ না এই আনন্দের কারণ অকারণ নয়। কারণ তো আছেই। কাল যে কোরবানির ঈদ। আর ঈদ মানেই সীমাহীন আনন্দ। মুসলমানদের দ্বিতীয় বৃহত্ মিলনোত্সব। যে সময়টার কথা বলছি, সেটা হলো চান রাত। এই রাতে নিউইয়র্কে বসবাসকারী মুসলমানদের যে উত্সাহ-উদ্দীপনা দেখলাম, তাকে অভাবনীয় বললেও কমিয়ে বলা হয়। বিশেষ করে, পুরো জ্যাকসন হাইটস এলাকা যেন পরিণত হয়েছিল মিলনমেলায়।
৩৭ নম্বর অ্যাভিনিউর ৭২, ৭৩ ও ৭৪ স্ট্রিটে মানুষের উপচে পড়া ভিড়। ঘণ্টার পর ঘণ্টা পথে পথে ঘুরেও গাড়ি পার্কিং করতে পারছেন না অনেকে। মধ্যরাত পর্যন্ত দোকানগুলো ক্রেতা-বিক্রেতার দর-কষাকষিতে মুখর। শুধু বাংলাদেশি, পাকিস্তানি কিংবা ভারতীয়রা নয়, স্প্যানিশভাষী হিস্পানিকরাও ফুটপাতেও সওদা সাজিয়ে বসেছে। নারীরা মেহেদির আলপনায় রাঙিয়ে নিচ্ছে দুই হাত। ৫ বা ১০ ডলার করে নেওয়া হচ্ছে আলপনা আঁঁকার জন্য। বাড়তি আয় হচ্ছে অনেকের। ভিড় ঠেলে মেহেদি হাতে সতর্কভাবে চলছে কিশোরী-তরুণীরা। যাতে হাতের মেহেদি আলপনা যেন মুছে না যায়! জ্যাকসন হাইটসে গভীর রাত পর্যন্ত ছিল এই দৃশ্য।
বাংলাদেশে ঈদে ঢাকা ছেড়ে মফস্বলমুখী হয় মানুষ। আর এখানে আমেরিকার বিভিন্ন শহর থেকে নিউইয়র্কে আসে সবাই ঈদ করতে। নিউইয়র্কে এলে জ্যাকসন হাইটসে কি পা না রেখে যায় কেউ! কুইন্সের আরও দুটি বড় এলাকা জ্যামাইকা ও এস্টোরিয়াতেও বাঙালির বসবাস এখন বাড়ছে। সেখানেও সরগরম ছিল ঈদ উপলক্ষে। জ্যামাইকার মুসলিম সেন্টারে এ বছর রোজার ঈদের জামাতে ২০ হাজারের বেশি নারী-পুরুষ আর শিশু অংশ নেয়। ব্রুকলিন, ব্রংকস, স্ট্যাটান আইল্যান্ড, ম্যানহাটান সর্বত্র ছড়িয়ে পড়েছিল উত্সবের রং।
চান রাতে কেনাকাটা, মেহেদির আলপনা আঁঁকার পাশাপাশি বাড়িতে বাড়িতে চলে রান্নাবান্না। সেই রান্নার এমনই সুবাস যে প্রতিবেশী মেক্সিকান-কলম্বিয়ানরাও ছুটে আসে অতিথি হতে। সেই সঙ্গে ফোনে আত্মীয়-বন্ধুদের বাড়িতে নিমন্ত্রণ আর তাদের ঈদের শুভেচ্ছা জানানোও চলে রান্নার পাশাপাশি। সব কাজ শেষে দেশের আপনজনের সঙ্গে কথা বলা। নিউইয়র্কে যখন গভীর রাত, বাংলাদেশে তখন সবে সকাল হলো। বিশেষ দিনগুলোতে অন্য সময়ের চেয়ে আপনজনদের সঙ্গে কথা বলার সময় দীর্ঘ হয়। কেউ ল্যাপটপে স্কাইপি খুলে বসে। ভালোবাসায় আর উষ্ণতায় যেন ছুঁয়ে দিতে চায় হাজার মাইল দূরের মানুষকে।
রাত জাগার ক্লান্তির বেলা করে ঘুমিয়ে কাটিয়ে দেওয়ার সুযোগ নেই। কারণ, সকাল আটটা থেকে এখানে শুরু হয় ঈদের জামাত। নিউইয়র্কের বিভিন্ন মসজিদের সামনে রাস্তার ওপর হাজার হাজার মানুষ শরিক হয়েছে ঈদের জামাতে। এক পরিসংখ্যানে জানা গেছে, নিউইয়র্ক শহরে এখন তিন লাখেরও বেশি বাংলাদেশি থাকে। এর মধ্যে প্রায় আড়াই লাখ মুসলমান। গত ১০ বছরে এখানে বাংলাদেশিদের বৃদ্ধির হার ১৫ থেকে ১৭ শতাংশ। সংখ্যাটা বাড়ার সঙ্গে সঙ্গে ঈদসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক উত্সব উদ্যাপনের মাত্রাও বেড়েছে। ভালো আয়, নিশ্চিন্ত জীবনযাত্রা, উত্সবপ্রিয় মানুষকে করেছে আরও উন্মাতাল-মাতোয়ারা।
এই যে রাস্তার ওপর চেয়ার টেবিল সাজিয়ে, কেউ আবার ফলের পরিত্যক্ত বাক্সে বসে আলপনা আঁঁকছে, ঢাকার কোনো রাস্তায় কি এমন দৃশ্য দেখা যায়! অনেক রাত পর্যন্ত নিশ্চিন্তে সবাই ঘুরেফিরে বেড়াচ্ছে। শুক্রবার চান রাতে দেখলাম, গাড়িতে বসা কয়েকজন পাকিস্তানি যুবক হইহল্লা করছে। গাড়ি থামিয়ে অযথা রাস্তায় যানজটের সৃষ্টি করছে! ১০ মিনিটও যায়নি। কালো পোশাক পরা নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের একাধিক অফিসার ছুটে এলেন গাড়ির কাছে। আর হুজুগে বাঙালি এখানেও ভিড় করে দেখতে লাগল সেই দৃশ্য।
পথ চলতে দেখা হয়ে গেল ফারাহ জেবিন সুমী নামের এক আপার সঙ্গে। বাজার করতে এসেছেন জ্যাকসন হাইটসে। পেশায় তিনি একজন ইন্টেরিয়র ডিজাইনার ও ফ্যাশন ডিজাইনার। ১৭ ও ১২ বছর বয়সী দুই ছেলে আছে তাঁর। ছেলেরা কোথায় জানতে চাইলে তিনি মৃদু হাসলেন। বললেন, ‘এই দেশে ছেলেমেয়েরা কি মা-বাবার সঙ্গে ঘোরে? আর ঈদ এসব নিয়ে ওদের কোনো মাথাব্যথা নেই। আমরা যেমন ঈদের নতুন পোশাকের জন্য উদগ্রীব থাকতাম, ওদের মধ্যে সেটা নেই। স্কুলে নানা দেশের, নানা ধর্মের ছেলেমেয়েরা পড়ে। বাংলাদেশের মতো তো সেখানে ঈদ নিয়ে কোনো অধীরতা নেই। ওরা বরং এই মাসের শেষে হ্যালোইনে কী করবে, তা নিয়ে উদগ্রীব।’ তবে নিউইয়র্কে ঈদের একটা ইতিবাচক দিক তার মনে হয়েছে যে এখানে পুরুষদের পাশাপাশি নারীরাও অনেক বেশি সংখ্যায় ঈদের জামাতে অংশ নেয়। যে সংখ্যাটা বাংলাদেশে কম।
ফোনে কথা হলো প্রতিবেশী নুসরাত জাহান রুমি নামে এক ভাবির সঙ্গে। কণ্ঠে কেমন বেদনার সুর। সকালে ঈদের জামাত শেষে স্বামীর বন্ধুরা আসবেন, তাই চান রাতে রান্নাবান্নায় মহা ব্যস্ত। কিন্তু মনের মধ্যে একটু পর পর উঠে আসছে দীর্ঘশ্বাস। জীবনে প্রথম একটা ঈদ করতে চলেছেন, যখন বাবা জীবিত নেই। মাস খানেক আগে দুরারোগ্য ক্যানসারে ভুগে চলে গেছেন পরপারে। প্রচণ্ড ইচ্ছা থাকা সত্ত্বেও নানা সীমাবদ্ধতার কারণে শেষবারের মতো বাবার মুখটা দেখতে যাওয়া হয়নি। হাঁড়িতে খুন্তি নাড়তে নাড়তে চোখের পানি মুছছেন আর ভাবছেন বরিশাল শহরে শৈশবের ঈদের দিনকে। যখন বাবা ছিল। নতুন জামা কিনে দিত। সালামি দিত না চাইতেই। কান্নাভেজা কণ্ঠে জানালেন, মা-বোনদের সঙ্গে কথা হলো। সবারই খুব মন খারাপ। জানেন বিদেশের মাটিতে প্রিয় মানুষের মৃত্যুর খবর শোনার মতো কষ্টকর আর কিছু হতে পারে না।
এরকম অনেক কষ্ট নিয়ে কেউ কেউ চান রাতে ঘুরে বেড়িয়েছেন জ্যাকসন হাইটসের রাস্তায় রাস্তায়। দেখা হলো সালাউদ্দিন নামে চল্লিশোর্ধ্ব এক ব্যক্তির সঙ্গে। হতাশাভরা কণ্ঠে বললেন অনেক কথাই। বহু বছর হয়ে গেল দেশে ফিরতে পারছেন না। অবৈধভাবে আছেন এ দেশে। কাগজপত্র নেই। যে কারণে ভালো কাজও পান না। দেশে গিয়ে কী করবেন, সেই অনিশ্চয়তায় ফিরতে পারেন না স্বভূমে। কত কাল মায়ের হাতের সেমাই খাওয়া হয় না। হাটে গিয়ে গরু কিনে বাড়ি ফেরেন না। দুপুরের পরে বন্ধু-বান্ধবদের নিয়ে রিকশায় কর ঘোরা হয় না।
এভাবে অনেকগুলো না নিয়ে এই চান রাতে সুখী মানুষের ভিড়ে লুকিয়ে থাকে অনেক দুঃখী মানুষও।