চানাচুর বেচেন গান গেয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাচ্চু লাল সরকার
বাচ্চু লাল সরকার

‘জীবন মানেই তো যন্ত্রণা, চানাচুর বেচে বোধ হয় শেষ হবে না’! প্লাস্টিকের বয়াম ঝাঁকাতে ঝাঁকাতে সুর তোলেন বাচ্চু লাল সরকার। বয়স ৩৮। জীবিকার তাগিদে চানাচুর বিক্রি করলেও তাঁর মন পড়ে থাকে গানের ভুবনে। ছোটবেলায় স্কুলের সহপাঠীদের তো বটেই শিক্ষকদের সুনজর ছিল বাচ্চু লাল সরকারের ওপর। বিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানে গান করে সবার হৃদয় ছুঁতেন। তবে তাঁর পড়াশোনা বেশি দূর এগোয়নি। আর্থিক সংকটের কারণে অষ্টম শ্রেণিতেই স্কুলের সঙ্গে সম্পর্কটা চুকে যায়। শুরু করেন চানাচুর বিক্রির কাজ।
বাচ্চু লালের জন্ম বগুড়া জেলার শেরপুর উপজেলার চৌবাড়িয়া গ্রামে। বর্তমানে পরিবার নিয়ে থাকেন ধুনট পৌর এলাকার সদরপাড়ায়। তাঁর বাবা দীনেশ চন্দ্র গান ভালোবাসতেন। নিজে হারমোনিয়াম বাজিয়ে গাইতেন ভারতীয় আধুনিক বাংলা গান।
বাবার রেখে যাওয়া হারমোনিয়াম ধরে গাইবেন ছেলে—এমন প্রত্যাশা থেকেই ছোটবেলায় বাচ্চু লালকে হারমোনিয়াম ধরতে শিখিয়েছিলেন দীনেশ চন্দ্র সরকার।
বাচ্চু লাল সরকারের বাবা গত হয়েছেন চার বছর আগে। রেখে গেছেন নিজের হারমোনিয়ামটি। সেই হারমোনিয়ামে নিয়মিত রেওয়াজ করেন তিনি। গান করেন জাতীয় দিবস, বর্ষবরণের উৎসবসহ স্থানীয় বিভিন্ন অনুষ্ঠানের মঞ্চে। নিজেকে পথের মানুষ ভাবতে ভালোবাসেন বাচ্চু। পথে পথে ঘুরেফিরেই বিক্রি করেন চানাচুর। স্থানীয় লোকজনের প্রিয় ‘বাচ্চু ভাই’। বাচ্চু লাল বলেন, কেউ যদি সুযোগ দিত, তাহলে গানের জগতেই থাকতাম।

এ জন্যই চানাচুর মাখানোর সময় প্লাস্টিকের বয়াম ঝাঁকিয়ে তৈরি করেন তাল। গলায় সুরের মূর্ছনা, ‘আমার ভালো নয় কপাল, বেচি সকাল-বিকাল, এভাবে বেচব কতকাল...’।