চানেল আইয়ের যুগপূর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আইয়ের এক যুগ পূর্তি এবং আগামী ১ অক্টোবর ১৩ বছরে পদার্পণ উপলক্ষে চ্যানেল আই দর্শক ফোরাম চট্টগ্রাম এবং চ্যানেল আই চট্টগ্রাম কার্যালয় ১৩ দিনের কর্মসূচি গ্রহণ করেছে। শুক্রবার বিকেল তিনটায় নগরের সেন্ট প্লাসিডস হাই স্কুল মাঠে উন্মুক্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে চট্টগ্রামের কর্মসূচি শুরু হয়। ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এই কর্মসূচি উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ আনোয়ারুল আজিম। সেন্ট প্লাসিডস হাই স্কুলের প্রিন্সিপাল ব্রাদার প্রদীপ প্লাসিড গোমেজের সভাপতিত্বে আয়োজিত এক আনন্দ সমাবেশে বক্তব্য দেন চ্যানেল আইয়ের চট্টগ্রাম ব্যুরো প্রধান চৌধুরী ফরিদ, এমইবি গ্রুপের এমডি মোহাম্মদ শামসুল আলম, স্থানীয় কাউন্সিলর মো. ইসমাইল, দোকান মালিক ফেডারেশনের জ্যেষ্ঠ সহসভাপতি মোহাম্মদ শাহাবউদ্দিন, চিত্রশিল্পী মোহাম্মদ শওকত জাহান, সিস্টার ম্যারী পালমা, চট্টগ্রাম জেলা ও দায়রা জজের বেঞ্চ সহকারী মোহাম্মদ ইসমাইলসহ অন্যরা। প্রতিযোগিতায় নগরের বিভিন্ন বিদ্যালয়ের প্রায় তিন হাজার শিক্ষার্থী অংশ নেয়। তাদের মেরিডিয়ানের পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ করা হয়। এই প্রতিযোগিতায় অংশ নেওয়া তিন বিভাগের ২০ জন করে মোট ৬০ জনকে চ্যানেল আইয়ের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে। আগামী ১ অক্টোবর বিকেল তিনটায় নগরের ডিসি হিল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের মধ্রে পুরস্কার বিতরণ করা হবে। আজ রোববার ২৫ সেপ্টেম্বর বিকেল তিনটায় কালামিয়া বাজার চত্বরে আনন্দ সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত হবে। এ ছাড়া রাতে চট্টগ্রাম একাডেমি হলে চ্যানেল আইয়ের চট্টগ্রামের সব কলাকুশলী ও দর্শক ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।